মনের ভেতর ভণ্ডামি সব, লিখছো তুমি কাব্য
এক ফোঁটা রোদ গায়ে মেখে, ভাবছো তুমি সভ্য?
আর্য-দ্রাবিড় চর্যাপদে হর হামেশা নতুন করে
শব্দ ঢালো স্বর্গ সুখে, মনটা তবু অন্ধকারে।
বৃষ্টি এলে লম্ফ মারো, ভোর সকালে শিশির ধরো
হাত বাড়িয়ে আকাশ ছুঁয়ে তিড়িং বিড়িং নৃত্য করো
ভাবছে সবাই, বাপরে বাপ, কত্তো বড়ো মানুষ
কেউ জানেনা আসল খবর, আস্ত মাতাল বেহুশ!
সত্য বাবু মুচকি হেসে, হঠাৎ একদিন তোমার দ্বারে
তখন তুমি মিথ্যে সাজাও রঙিন কথার ভারে।
ধর্ম নিয়ে ঢাক পিটিয়ে, জ্ঞানের বড়াই করো,
নিজের ছায়ার মুখোমুখি, পড়লেই শুধু সরো।
আয়না যখন সত্যি বলে, চোখ দুটো যায় ভিজে,
বুকের ভেতর পচন রেখেই, সাজো কতো সাঁজে
সময় শেষে মুখোশ খসে, ধরা পড়বে ফাঁদে,
সত্য তখন চুপটি বসে, হাসবে তোমার কাঁদে।
লন্ডন, ১৪ই জুন ২০২৬