এখন আর কেউ জিজ্ঞেস করে না


এখন আর কেউ জিজ্ঞেস করে না

কেমন আছো বাবু?

মুখটা এতো শুকনো কেন?

ভাত খেয়োছো?

কাল ঘুম আসে নি,

চোখগুলো এতো ফোলা কেন?

মাথাটা একটু টিপে দেই-

ঘুমিয়ে পড়ো।

 

এখন আর কেউ জিজ্ঞেস করে না

কবে বাড়িতে আসবে বাবু?

এবার পূজোয় কি করবো-

তবুও মুখ ফুটে বলতো না,

পূজোতে টাকা পাঠিও।

 

এখন আর কেউ বলে না

সাবধানে যেও বাবু

বৃষ্টিতে ভিজো না, জ্বর আসবে

পোঁছালে একটা খবর দিও

বাড়ি ফিরতে দেরী করো না, চিন্তা হয়

এসব কথাগুলো কোথায় যেন হারিয়ে গেছে-

যেমন হারিয়ে যায়

দুপুরের রোদ

রাতের স্বপ্ন,

বাসন্তী হাওয়া।

 

এখন রাস্তায় হেঁটে চলি একা একা

কেউ খেয়াল করে না-

আমি ধীরে হাঁটছি কিনা।

তবু কেন জানি মনে হয়,

মা এখনো আছে-

আমার চুপ থাকাটাও যে বুঝতো।

 

এখন নিজের সাথে নিজেই কথা বলি।

কারণ এখন আমার খোঁজ নেওয়ার মানুষ- আমিই।

 

লন্ডন, কিংসবাড়ী

০৮ই মার্চ ২০২৬