আসন ছিল, মানুষ ছিল, শুধু মানবতা ছিল না


আধুনিক মেট্রোরেল কি আমাদের মননকেও আধুনিক করে তুলতে পেরেছে? প্রশ্নটি বারবার আমার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। প্রযুক্তির উৎকর্ষে আমরা যতটা এগিয়েছি, মানবিকতার বিচারে কি ততটাই পিছিয়ে পড়েছি? একটি মানুষের এমন মর্মান্তিক মৃত্যু চোখের সামনে ঘটতে পারে—আমাদের বিবেক কতটা অসাড়, হৃদয় কতটা পাষাণ আর সমাজ কতটা নির্মম হয়ে উঠলে এমন ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হতে হয়? ঢাকার মেট্রোরেলে একজন প্রবীণ শিক্ষকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা আমাদের সামনে এমন একটি প্রশ্ন তুলে ধরেছে, যার উত্তর শুধু পরিবহন কর্তৃপক্ষের কাছে নয়, বরং আমাদের প্রত্যেকের বিবেকের কাছে খুঁজতে হবে। আমরা কি সত্যিই একটি সভ্য, শিক্ষিত ও মানবিক সমাজ গড়ে তুলতে পেরেছি? নাকি আমাদের উন্নয়ন কেবল অবকাঠামো, প্রযুক্তি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে? একটি আসন, যা একজন প্রবীণ কিংবা অসুস্থ মানুষের জন্য সামান্য স্বস্তি ও নিরাপত্তার আশ্রয় হতে পারত, সেটিই আজ আমাদের সামাজিক মূল্যবোধের সংকটের প্রতীকে পরিণত হয়েছে।

সম্প্রতি ঢাকার মেট্রোরেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষক নজিবুর রহমান অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। প্রকাশিত সংবাদ অনুযায়ী, তাঁর পরিবারের অভিযোগ, তিনি অসুস্থ বোধ করে বসার জন্য একাধিকবার অনুরোধ করেছিলেন, কিন্তু কেউ তাঁকে আসন ছেড়ে দেননি। একপর্যায়ে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন এবং পরে হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তবে একটি বিষয় পরিষ্কার থাকা প্রয়োজন। আসন না পাওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে, এমন চিকিৎসা বৈজ্ঞানিক সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই। কিন্তু একজন অসুস্থ প্রবীণ মানুষ সাহায্য চেয়েও তা পাননি বলে যে অভিযোগ উঠেছে, সেটি আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ববোধ সম্পর্কে গভীর উদ্বেগ সৃষ্টি করে।

Times of Bangladesh-এ ৩১ অক্টোবর ২০২৬ প্রকাশিত এ আহমেদুল করিম চৌধুরীর “A Seat for the Elderly Should Be a Right, Not a Favour” শীর্ষক নিবন্ধটি এই ঘটনাকে কেন্দ্র করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক প্রশ্ন উত্থাপন করেছে। লেখাটির মূল বক্তব্য হলো, প্রবীণ, অসুস্থ কিংবা শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত মানুষের জন্য গণ পরিবহনে আসন পাওয়া কারও ব্যক্তিগত অনুগ্রহের ওপর নির্ভর করা উচিত নয়। বরং এটি একটি স্বীকৃত এবং কার্যকরভাবে সুরক্ষিত অধিকার হওয়া প্রয়োজন। এই বক্তব্যের সঙ্গে একমত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। তবে বিষয়টিকে আরও গভীরভাবে বিবেচনা করলে দেখা যায়, সমস্যাটি শুধু আসন সংরক্ষণ কিংবা পরিবহন ব্যবস্থাপনার নয়। এটি আমাদের শিক্ষা, পারিবারিক সংস্কৃতি, নাগরিক আচরণ এবং সামগ্রিক নৈতিক বিকাশের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা প্রায়ই গর্ব করে বলি, বাংলাদেশ দ্রুত উন্নতি করছে। আমাদের মেট্রোরেল হয়েছে, এক্সপ্রেসওয়ে হয়েছে, আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠছে। নিঃসন্দেহে এগুলো জাতীয় অগ্রগতির গুরুত্বপূর্ণ অর্জন। কিন্তু প্রশ্ন হলো, প্রযুক্তিগত আধুনিকতার পাশাপাশি আমাদের মনন ও আচরণ কতটা আধুনিক হয়েছে? আধুনিক ট্রেনে চরলেই কি মানুষ আধুনিক হয়ে যায়? উচ্চ শিক্ষার সনদ অর্জন করলেই কি একজন ব্যক্তি প্রকৃত অর্থে শিক্ষিত হয়ে ওঠেন? যদি একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ তাঁর সামনে দাঁড়িয়ে থাকা অসুস্থ প্রবীণ ব্যক্তির কষ্ট উপলব্ধি করতে না পারেন, তাহলে তাঁর শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আবার এটিও মনে রাখতে হবে, একটি ঘটনার ভিত্তিতে সমগ্র তরুণ প্রজন্মকে অমানবিক বলা অন্যায়। আমাদের সমাজে অসংখ্য তরুণ প্রতিদিন নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করছেন। প্রকৃত সমস্যা হলো, মানবিক আচরণকে আমরা এখনো একটি সুপ্রতিষ্ঠিত সামাজিক অভ্যাসে পরিণত করতে পারিনি।

এই প্রসঙ্গে যুক্তরাজ্যের অভিজ্ঞতা বিশেষভাবে প্রাসঙ্গিক। লন্ডনের বাস, আন্ডারগ্রাউন্ড, ওভার গ্রাউন্ড, ট্রাম এবং অন্যান্য গণ পরিবহনে প্রবীণ, প্রতিবন্ধী, গর্ভবতী ও বিশেষ প্রয়োজন সম্পন্ন যাত্রীদের জন্য নির্ধারিত অগ্রাধিকারমূলক আসন রয়েছে। এসব আসনের পাশে স্পষ্টভাবে লেখা থাকে, “Priority Seat. Please give up this seat for someone who needs it.” অর্থাৎ, যার বেশি প্রয়োজন, তাঁকে আসনটি ছেড়ে দিন। এই নির্দেশনা কেবল সৌজন্যমূলক অনুরোধ নয়। এটি গণ পরিবহনে পারস্পরিক দায়িত্ববোধের একটি প্রাতিষ্ঠানিক প্রকাশ। লন্ডনে নিয়মিত যাতায়াতের অভিজ্ঞতায় দেখা যায়, অনেক যাত্রী প্রবীণ কিংবা চলাচলে অসুবিধাগ্রস্ত কাউকে দেখলে অনুরোধের অপেক্ষা না করেই আসন ছেড়ে দেন। বিশেষ করে কোনো প্রবীণ ব্যক্তি বাসে বা আন্ডারগ্রাউন্ড ট্রেনে উঠলে বসে থাকা যাত্রী নিজ থেকেই উঠে দাঁড়ান। এমনকি কেউ কেউ নিজের নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত দাঁড়িয়ে যেতেও দ্বিধা করেন না। লন্ডনের পরিবহন কর্তৃপক্ষ Transport for London বা TfL নিয়মিত সচেতনতামূলক প্রচার চালায়। Please Offer Me a Seat ব্যাজের মতো উদ্যোগও রয়েছে, যাতে যাঁদের শারীরিক অসুবিধা বাইরে থেকে বোঝা যায় না, তাঁরাও প্রয়োজনীয় সহায়তা চাইতে পারেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। কারণ প্রবীণ হলেই যে সবাই অসুস্থ, কিংবা তরুণ হলেই যে সবাই সুস্থ, এমন ধারণা সঠিক নয়। একজন তরুণেরও হৃদ্‌রোগ, শারীরিক প্রতিবন্ধকতা কিংবা অন্য কোনো অদৃশ্য স্বাস্থ্য সমস্যা থাকতে পারে। তাই অগ্রাধিকারমূলক আসনের মূল দর্শন হওয়া উচিত বয়সের পাশাপাশি প্রকৃত প্রয়োজন, মর্যাদা ও মানবিক বিবেচনা।

ইউরোপের অন্যান্য দেশেও একই ধরনের ব্যবস্থা লক্ষ করা যায়। জার্মানির বার্লিনে বাস, ট্রাম ও রেল পরিবহনে বিশেষ প্রয়োজন সম্পন্ন যাত্রীদের জন্য চিহ্নিত আসন রয়েছে। ফ্রান্সের প্যারিসে Places Prioritaires নামে অগ্রাধিকারমূলক আসনের ব্যবস্থা প্রচলিত। এসব ব্যবস্থার উদ্দেশ্য শুধু কয়েকটি আসন আলাদা করে রাখা নয়। বরং যাত্রীদের মনে করিয়ে দেওয়া যে গণ পরিবহন একটি যৌথ নাগরিক পরিসর, যেখানে প্রত্যেকের সমান মর্যাদা থাকলেও সবার প্রয়োজন এক নয়। যে মানুষটি শারীরিকভাবে দুর্বল, তাঁর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে অন্যের কিছুটা সুবিধা ত্যাগ করা সামাজিক দায়িত্বের অংশ। ইউরোপের এই অভিজ্ঞতা থেকে বাংলাদেশের শেখার বিষয় হলো, মানবিক আচরণকে শুধু ব্যক্তিগত সদিচ্ছার ওপর ছেড়ে না দিয়ে প্রাতিষ্ঠানিক নির্দেশনা, জনসচেতনতা ও সামাজিক প্রত্যাশার মাধ্যমে শক্তিশালী করতে হবে।

এখানে একটি মৌলিক পার্থক্য বোঝা জরুরি। আইন মানুষকে একটি নির্দিষ্ট আচরণ করতে বাধ্য করতে পারে, কিন্তু নৈতিক শিক্ষা মানুষকে সেই আচরণের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে শেখায়। একজন যাত্রী যদি কেবল জরিমানার ভয়ে প্রবীণ ব্যক্তিকে আসন ছেড়ে দেন, তবে তিনি নিয়ম মানছেন। কিন্তু যদি তিনি স্বতঃস্ফূর্তভাবে অন্যের কষ্ট উপলব্ধি করে আসন ছেড়ে দেন, তাহলে সেখানে মানবিকতার প্রকাশ ঘটে। একটি সভ্য সমাজের জন্য উভয়ই প্রয়োজন। আইন মানুষের অধিকার রক্ষা করবে, আর শিক্ষা সেই অধিকারকে সম্মান করার মানসিকতা তৈরি করবে। বাংলাদেশে প্রবীণ ও বিশেষ প্রয়োজন সম্পন্ন যাত্রীদের জন্য অগ্রাধিকারমূলক আসনের ব্যবস্থা একেবারেই অনুপস্থিত নয়। মেট্রোরেলসহ বিভিন্ন পরিবহনে এ ধরনের নির্দেশনা রয়েছে। সংশ্লিষ্ট আইন ও বিধিবিধানেও যাত্রীদের অধিকার ও বিশেষ সুবিধার বিষয় গুরুত্ব পেয়েছে। কিন্তু সমস্যা হলো, অনেক ক্ষেত্রেই নির্দেশনা দৃশ্যমান থাকলেও তার যথাযথ প্রয়োগ নিশ্চিত হয় না। আমাদের দেশে আইন প্রণয়নের তুলনায় আইন মানার সংস্কৃতি গড়ে তোলার কাজটি অনেক বেশি দুর্বল। একটি আসনে অগ্রাধিকারের চিহ্ন থাকলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। যাত্রীরা সেই নির্দেশনার অর্থ বুঝছেন কি না, পরিবহন কর্মীরা তা কার্যকর করছেন কি না এবং প্রয়োজনে দ্রুত সহায়তা পাওয়া যাচ্ছে কি না, এসব বিষয়ও সমান গুরুত্বপূর্ণ।

এই সংকটের গভীরে রয়েছে আমাদের শিক্ষাব্যবস্থার একটি মৌলিক সীমাবদ্ধতা। আমরা শিক্ষাকে ক্রমশ পরীক্ষার ফলাফল, সনদ, চাকরি ও অর্থনৈতিক সাফল্যের সঙ্গে একীভূত করে ফেলেছি। কিন্তু শিক্ষা যে মানুষের চরিত্র গঠন, সামাজিক দায়িত্ববোধ সৃষ্টি এবং নৈতিক বিচারক্ষমতা বিকাশেরও একটি প্রক্রিয়া, সেটি অনেক ক্ষেত্রে উপেক্ষিত হচ্ছে। একজন শিক্ষার্থী জটিল গাণিতিক সমস্যা সমাধান করতে পারেন, আন্তর্জাতিক ব্যবসার কৌশল ব্যাখ্যা করতে পারেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারেন; কিন্তু তাঁর সামনে দাঁড়িয়ে থাকা একজন অসুস্থ মানুষের প্রয়োজন বুঝতে ব্যর্থ হলে তাঁর শিক্ষার মানবিক মাত্রাটি অসম্পূর্ণ থেকে যায়। জ্ঞান অর্জন এবং মানুষ হয়ে ওঠা একে অপরের পরিপূরক হলেও তারা অভিন্ন নয়। নৈতিক শিক্ষার সূচনা হতে হবে পরিবার থেকে। একটি শিশু যখন দেখে তার বাবা বাসে উঠে একজন প্রবীণ নারীকে নিজের আসন ছেড়ে দিচ্ছেন, তখন সে মানবিকতার এমন একটি বাস্তব পাঠ গ্রহণ করে, যা অনেক সময় পাঠ্যবইয়ের দীর্ঘ আলোচনার চেয়েও কার্যকর। আবার শিশু যখন দেখে বড়রা দুর্বল মানুষের প্রতি অবজ্ঞা প্রদর্শন করছেন, তখন সেও সেই আচরণকে স্বাভাবিক বলে মনে করতে শেখে। ফলে পরিবার, বিদ্যালয় এবং বৃহত্তর সমাজের আচরণই শিশুর নৈতিক বিকাশের ভিত্তি তৈরি করে। আমাদের পরিবারগুলোতে শুধু ভালো ফলাফল, ভালো চাকরি কিংবা অর্থনৈতিক প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করলে চলবে না; অন্যকে সম্মান করা, দুর্বলকে সাহায্য করা, জন পরিসরে শৃঙ্খলা মানা এবং নিজের সুবিধার কিছুটা ত্যাগ করে অন্যের কল্যাণ নিশ্চিত করার শিক্ষাও দিতে হবে।

বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমেও নৈতিক এবং নাগরিক শিক্ষাকে বাস্তবমুখী করতে হবে। শুধু সততা, সহমর্মিতা ও দায়িত্ববোধের সংজ্ঞা মুখস্থ করানো যথেষ্ট নয়। শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করতে শেখাতে হবে। যেমন, ভিড়ের বাসে একজন অসুস্থ ব্যক্তি দাঁড়িয়ে থাকলে আমার করণীয় কী? কোনো প্রবীণ ব্যক্তি রাস্তা পার হতে সমস্যায় পড়লে কীভাবে সাহায্য করব? কোনো প্রতিবন্ধী ব্যক্তি গণ পরিবহনে উঠতে চাইলে তাঁর মর্যাদা অক্ষুণ্ণ রেখে কীভাবে সহযোগিতা করব? এ ধরনের বিষয় নিয়ে শ্রেণিকক্ষে আলোচনা, বাস্তব অনুশীলন এবং সমাজসেবামূলক কার্যক্রম চালু করা প্রয়োজন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে নৈতিক নেতৃত্ব, সহমর্মিতা এবং নাগরিক দায়িত্ববোধকে শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করতে হবে। কারণ একটি দেশ পরিচালনার জন্য শুধু দক্ষ পেশাজীবী নয়, দায়িত্বশীল মানুষও প্রয়োজন। একই সঙ্গে রাষ্ট্র এবং পরিবহন কর্তৃপক্ষের দায়িত্বও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। দেশের সব গণ পরিবহনে অগ্রাধিকারমূলক আসনের চিহ্ন স্পষ্ট, সহজবোধ্য ও দৃশ্যমান করতে হবে। নিয়মিত বাংলা ও ইংরেজিতে ঘোষণা প্রচার করতে হবে। পরিবহন কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে, যাতে তাঁরা প্রবীণ, অসুস্থ, গর্ভবতী এবং প্রতিবন্ধী যাত্রীদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করতে পারেন। জরুরি চিকিৎসা সহায়তা, দ্রুত যোগাযোগব্যবস্থা এবং প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষিত কর্মীর উপস্থিতিও নিশ্চিত করা জরুরি। পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ-মাধ্যমে দীর্ঘমেয়াদি নাগরিক সচেতনতামূলক প্রচার চালানো প্রয়োজন। শুধু কোনো মর্মান্তিক ঘটনার পর কয়েক দিনের আলোচনা নয়; মানবিক আচরণকে দৈনন্দিন জীবনের সংস্কৃতিতে পরিণত করতে ধারাবাহিক উদ্যোগ প্রয়োজন।

এখানে আরও একটি বিষয় বিবেচনার দাবি রাখে। বাংলাদেশে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে এবং ভবিষ্যতে তাঁদের চলাচল, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের বিষয় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ফলে গণ পরিবহনে প্রবীণ বান্ধব ব্যবস্থা কোনো সাময়িক আবেগের বিষয় নয়; এটি দীর্ঘমেয়াদি সামাজিক পরিকল্পনার অংশ হওয়া উচিত। প্রবীণ মানুষের জন্য নিরাপদ যাতায়াত নিশ্চিত করা মানে তাঁদের সমাজের সক্রিয় সদস্য হিসেবে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা। যে সমাজ তার প্রবীণ নাগরিকদের অবদানকে সম্মান করে না এবং তাঁদের প্রয়োজনকে গুরুত্ব দেয় না, সে সমাজ নিজের ইতিহাস, অভিজ্ঞতা ও সামাজিক ধারাবাহিকতাকেও অবমূল্যায়ন করে।

নজিবুর রহমানের মৃত্যু আমাদের মনে করিয়ে দেয়, একটি দেশের উন্নয়নকে শুধু দৃশ্যমান অবকাঠামো দিয়ে বিচার করা যায় না। মেট্রোরেলের গতি, স্টেশনের সৌন্দর্য কিংবা প্রযুক্তিগত উৎকর্ষ অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু সেই আধুনিক পরিবহনের ভেতরে একজন অসুস্থ মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা না গেলে উন্নয়নের মানবিক উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হয়। উন্নয়ন তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন তার সুফল সমাজের দুর্বলতম মানুষটির কাছেও পৌঁছায়। সভ্যতার প্রকৃত পরিচয় শুধু শক্তিশালী মানুষের সাফল্যে নয়, বরং অপেক্ষাকৃত দুর্বল মানুষের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায়। আমাদের মনে রাখতে হবে, আজ যে তরুণ সুস্থ শরীরে মেট্রোরেলের আসনে বসে আছেন, তিনিও একদিন প্রবীণ হবেন। আজ যিনি অন্যের অসুস্থতাকে গুরুত্ব দিচ্ছেন না, ভবিষ্যতে তাঁরও অন্যের সহায়তার প্রয়োজন হতে পারে। তবে মানবিকতার ভিত্তি শুধু ভবিষ্যতে নিজের প্রয়োজনের আশঙ্কা নয়। একজন মানুষ সাহায্যের যোগ্য, কারণ তিনি মানুষ। এটাই নৈতিকতার সবচেয়ে মৌলিক শিক্ষা। একটি আসন ছেড়ে দিতে হয়তো কয়েক সেকেন্ড সময় লাগে। কিন্তু সেই কয়েক সেকেন্ডের সিদ্ধান্তের পেছনে কাজ করে দীর্ঘদিনের পারিবারিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ, ব্যক্তিগত চরিত্র এবং নাগরিক দায়িত্ববোধ। তাই প্রশ্নটি শুধু কে আসন ছাড়লেন কিংবা কে ছাড়লেন না, তা নয়। আরও বড় প্রশ্ন হলো, আমরা কেমন মানুষ তৈরি করছি? আমাদের শিক্ষাব্যবস্থা কি শুধু প্রতিযোগিতায় সফল মানুষ তৈরি করছে, নাকি সহমর্মী ও দায়িত্বশীল নাগরিকও তৈরি করছে?

নজিবুর রহমানের মৃত্যু নিয়ে কয়েক দিন শোক প্রকাশ করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ জানিয়ে কিংবা একে অপরকে দোষারোপ করে আমাদের দায়িত্ব শেষ হতে পারে না। এই ঘটনাকে সামাজিক আত্ম-সমালোচনা এবং ইতিবাচক পরিবর্তনের উপলক্ষ করতে হবে। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে একজন প্রবীণ মানুষকে আসনের জন্য অনুনয় করতে হবে না। একজন অসুস্থ মানুষকে সাহায্য পাওয়ার জন্য অসহায়ভাবে অপেক্ষা করতে হবে না। একজন তরুণকে মানবিক আচরণ শেখানোর জন্য সব সময় আইন বা শাস্তির ভয় দেখাতে হবে না। আমরা মেট্রোরেল নির্মাণ করে যাতায়াতের গতি বাড়িয়েছি। এবার প্রয়োজন মানবিক চেতনা ও বিবেকের বিকাশ ঘটানো। কারণ একটি জাতির প্রকৃত উচ্চতা তার উঁচু ভবন, দ্রুতগামী ট্রেন কিংবা অর্থনৈতিক সূচকে নয়, বরং তার মানুষের মন কতটা উদার এবং অন্যের কষ্টের প্রতি কতটা সংবেদনশীল, সেখানেই নির্ধারিত হয়। একটি আসন হয়তো একটি জীবন বাঁচানোর নিশ্চয়তা দিতে পারে না। কিন্তু সময়মতো একটি আসন ছেড়ে দেওয়া নিঃসন্দেহে একটি সমাজের মানবিক বিবেককে বাঁচিয়ে রাখতে পারে।

Leave your review