
একসময় যে ইউরোপ ছিল সমৃদ্ধি, গণতন্ত্র, সামাজিক নিরাপত্তা ও মানবিক উন্নয়নের প্রতীক, সেই ইউরোপ আজ এক গভীর অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ফ্রান্সের রাজপথে প্রতিবাদ, ইতালিতে জীবনযাত্রার ব্যয় নিয়ে অসন্তোষ, পর্তুগালে আবাসন সংকট এবং বিভিন্ন দেশে সরকারি নীতির বিরুদ্ধে জন-বিক্ষোভ ইউরোপীয় সমাজের অন্তর্নিহিত অস্থিরতাকে দৃশ্যমান করে তুলেছে। যে মহাদেশ বিশ্বকে কল্যাণ রাষ্ট্রের ধারণা বাস্তবে প্রতিষ্ঠা করে দেখিয়েছিল, সেই মহাদেশেরই বহু নাগরিক আজ নিজেদের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। ক্রমবর্ধমান বাড়ি ভাড়া, খাদ্য ও জ্বালানির মূল্য, কর্মসংস্থানের অনিশ্চয়তা, শিক্ষা ও স্বাস্থ্য সেবার ওপর চাপ এবং সরকারি ঋণের বোঝা সাধারণ মানুষের জীবনকে ক্রমেই কঠিন করে তুলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দীর্ঘস্থায়ী প্রভাব, প্রতিরক্ষা ব্যয়ের সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিযোগিতার নতুন বাস্তবতা। এই পরিস্থিতি ইউরোপের সামনে একটি মৌলিক প্রশ্ন উত্থাপন করেছে: যে নিরাপত্তা নীতি নাগরিকদের অর্থনৈতিক নিরাপত্তাকে ক্রমাগত দুর্বল করে, সেই নীতি শেষ পর্যন্ত কতটা টেকসই?
ইউরোপের বিভিন্ন দেশে সংঘটিত প্রতিবাদকে অবশ্য একই রাজনৈতিক আন্দোলনের অংশ হিসেবে দেখা ঠিক হবে না। দেশ ভেদে অসন্তোষের কারণ, দাবি ও সামাজিক প্রেক্ষাপট ভিন্ন। কিন্তু এসব ঘটনার অন্তরালে একটি অভিন্ন উদ্বেগ রয়েছে। রাষ্ট্রের অর্থনৈতিক অগ্রাধিকার এবং সাধারণ মানুষের প্রত্যাশার মধ্যে ক্রমবর্ধমান দূরত্ব। এই দূরত্ব দীর্ঘস্থায়ী হলে শুধু সরকারের জনপ্রিয়তাই ক্ষতিগ্রস্ত হয় না। গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতৃত্বের প্রতি জনগণের আস্থাও দুর্বল হতে পারে। শান্তিপূর্ণ প্রতিবাদ গণতান্ত্রিক অধিকার। কিন্তু সহিংসতা, অগ্নিসংযোগ কিংবা সরকারি-বেসরকারি সম্পদ ধ্বংস কোনো সমস্যার সমাধান নয়। একইভাবে নাগরিক অসন্তোষকে নিছক আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে বিবেচনা করাও দূরদর্শী রাষ্ট্রনীতির পরিচয় হতে পারে না। ইউরোপের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বুঝতে হলে সরকারি ঋণের প্রশ্নটি বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। ইউরোস্ট্যাটের প্রকাশিত ২০২৬ সালের প্রথম প্রান্তিকের তথ্য অনুযায়ী, ইউরো অঞ্চলে জিডিপির অনুপাতে সরকারি ঋণের হার ছিল ৮৮.৯ শতাংশ এবং সমগ্র ইউরোপীয় ইউনিয়নে ৮২.৯ শতাংশ। গ্রিস, ইতালি, ফ্রান্স, বেলজিয়াম ও স্পেনের মতো কয়েকটি দেশে ঋণের অনুপাত আরও বেশি। অবশ্য সরকারি ঋণের পরিমাণ বেশি হলেই কোনো রাষ্ট্র অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে, এমন সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। উন্নত অর্থনীতির রাষ্ট্রগুলো দীর্ঘমেয়াদী ঋণ ব্যবস্থাপনার সক্ষমতা রাখে। কিন্তু দুর্বল প্রবৃদ্ধি, ঋণের সুদ পরিশোধের চাপ, জনসংখ্যার বার্ধক্য এবং ক্রমবর্ধমান সরকারি ব্যয় একসঙ্গে অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
প্রাচীন ভারতের প্রখ্যাত রাষ্ট্র-চিন্তাবিদ কৌটিল্য তাঁর অর্থশাস্ত্রে রাষ্ট্রের রাজস্ব, অর্থনৈতিক সক্ষমতা ও সম্পদ ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তাঁর রাষ্ট্র চিন্তার একটি মৌলিক শিক্ষা হলো, অর্থনৈতিক ভিত্তি দুর্বল হলে রাষ্ট্রের সামগ্রিক শক্তিও দীর্ঘস্থায়ী হতে পারে না। আধুনিক ইউরোপের জন্য এই শিক্ষা আজও প্রাসঙ্গিক। ঋণ গ্রহণ কোনো সংকট নয়। সংকট সৃষ্টি হয় তখন, যখন ঋণের অর্থ উৎপাদনশীল বিনিয়োগ, অর্থনৈতিক সক্ষমতা ও নাগরিক কল্যাণ বৃদ্ধির পরিবর্তে এমন ব্যয়ে ব্যবহৃত হয়, যার দীর্ঘমেয়াদি সুফল অনিশ্চিত। এখানেই ইউরোপের অর্থনৈতিক অগ্রাধিকার ও যুদ্ধের রাজনীতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক সামনে আসে। ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন ইউক্রেনের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন এবং ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থার জন্য গুরুতর সংকট সৃষ্টি করেছে। ইউক্রেনের জনগণের স্বাধীনতা, ভূখণ্ডগত অখণ্ডতা ও নিরাপত্তার আকাঙ্ক্ষা নিঃসন্দেহে সম্মানের দাবি রাখে। ইউক্রেনকে ইউরোপীয় দেশগুলোর সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তার পেছনেও গুরুত্বপূর্ণ নিরাপত্তাগত ও নৈতিক যুক্তি রয়েছে। কিন্তু এই বাস্তবতা স্বীকার করার অর্থ এই নয় যে অনির্দিষ্টকাল যুদ্ধ অব্যাহত রাখাই একমাত্র গ্রহণযোগ্য কৌশল। বরং প্রশ্ন হলো, সামরিক প্রতিরোধের পাশাপাশি যুদ্ধের রাজনৈতিক সমাধান অনুসন্ধানে কতটা কার্যকর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে? যুদ্ধ দীর্ঘায়িত হলে তার অর্থনৈতিক, মানবিক ও সামাজিক মূল্য কে বহন করবে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সংঘাতের অবসান ঘটানোর জন্য কি ধরনের নিরাপত্তা কাঠামো প্রয়োজন?
যুদ্ধক্ষেত্রে প্রতিরোধ এবং আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা পরস্পর বিরোধী হওয়ার প্রয়োজন নেই। তবে শান্তি অবশ্যই এমন হতে হবে, যা ইউক্রেন ও রাশিয়ার নিরাপত্তাকে সম্মান করে। অন্যথায় সাময়িক যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী শান্তির পরিবর্তে নতুন সংঘাতের প্রস্তুতিকাল হয়ে উঠতে পারে। ইউরোপের সংকটকে আরও গভীর করেছে জ্বালানি অর্থনীতির পরিবর্তন। দীর্ঘদিন ইউরোপের, বিশেষত জার্মানির শিল্প অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সুবিধা ছিল তুলনামূলক সাশ্রয়ী রুশ প্রাকৃতিক গ্যাস। রাসায়নিক শিল্প, ইস্পাত উৎপাদন, সার কারখানা এবং অন্যান্য জ্বালানি নির্ভর শিল্প এই সরবরাহ ব্যবস্থা থেকে উল্লেখযোগ্য সুবিধা পেয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর ইউরোপের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন ঘটে। রুশ গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎস থেকে সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির গুরুত্ব বৃদ্ধি পায়। এই পরিবর্তনের দুটি দিক রয়েছে। একদিকে, একটি নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত জ্বালানি নির্ভরতা কমানো ইউরোপের কৌশলগত নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ছিল। অন্যদিকে, নতুন অবকাঠামো নির্মাণ, সরবরাহ ব্যবস্থার পুনর্গঠন এবং আন্তর্জাতিক বাজারের মূল্য-অস্থিরতা ইউরোপীয় অর্থনীতির জন্য নতুন ব্যয় ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
২০২২ সালের জ্বালানি সংকটের সময় ইউরোপে প্রাকৃতিক গ্যাসের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছিল। পরবর্তী সময়ে বাজার পরিস্থিতির পরিবর্তন ঘটলেও জ্বালানির মূল্য, সরবরাহের নিশ্চয়তা এবং শিল্পের প্রতিযোগিতা মূলক সক্ষমতা ইউরোপের অর্থনৈতিক নীতি নির্ধারণে গুরুত্ব পূর্ণ প্রশ্ন হিসেবে রয়ে গেছে। একটি শিল্পোন্নত অর্থনীতির জন্য জ্বালানি শুধু একটি আমদানিকৃত পণ্য নয়। এটি উৎপাদন, কৃষি, পরিবহন, প্রযুক্তি, বিনিয়োগ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার অন্যতম ভিত্তি। জ্বালানির উচ্চমূল্য দীর্ঘস্থায়ী হলে শিল্পের উৎপাদন ব্যয় বাড়ে, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা দুর্বল হয় এবং কর্মসংস্থানের ওপর চাপ সৃষ্টি হতে পারে। সুতরাং ইউরোপের জ্বালানি নীতি এমন হওয়া প্রয়োজন, যেখানে নিরাপত্তা, সরবরাহের বহুমুখীকরণ, অর্থনৈতিক প্রতিযোগিতা এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্বের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। কিন্তু জ্বালানির প্রশ্নের বাইরেও ইউরোপের সামনে আরও গভীর একটি ভূরাজনৈতিক বাস্তবতা রয়েছে।
রাশিয়াকে স্থায়ীভাবে বিচ্ছিন্ন রেখে ইউরোপে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এই বাস্তবতাকে মেনে নেওয়া উচিত। রাশিয়া ইউরোপের ভূগোল, ইতিহাস ও নিরাপত্তার বাস্তবতার একটি অবিচ্ছেদ্য অংশ। দেশটির সামরিক সক্ষমতা, পারমাণবিক অস্ত্র ভান্ডার এবং ভৌগোলিক অবস্থানকে উপেক্ষা করে ইউরোপের স্থায়ী নিরাপত্তা কাঠামো নির্মাণ অত্যন্ত কঠিন। আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে স্থায়ী শত্রুতার পরিবর্তে কার্যকর কূটনীতি বহু ক্ষেত্রেই সংঘাত প্রশমনের সুযোগ সৃষ্টি করেছে। কিন্তু সেই কূটনীতি সফল হওয়ার জন্য শুধু আলোচনার ইচ্ছা যথেষ্ট নয়। প্রয়োজন পারস্পরিক প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা, নিরাপত্তার নিশ্চয়তা এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান। ইউরোপের দীর্ঘ মেয়াদি নিরাপত্তার জন্য এমন একটি কাঠামো প্রয়োজন, যেখানে ইউক্রেনের স্বাধীনতা ও ভূখণ্ডগত অখণ্ডতা নিশ্চিত করার পাশাপাশি রাশিয়া এবং অন্যান্য ইউরোপীয় রাষ্ট্রের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ আলোচনার মাধ্যমে মোকাবিলা করা সম্ভব হবে। অস্ত্র নিয়ন্ত্রণ, সামরিক স্বচ্ছতা, সীমান্ত নিরাপত্তা, আস্থা পুনর্গঠন এবং বিরোধ নিষ্পত্তির কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ছাড়া এই লক্ষ্য অর্জন কঠিন। এখানে ইউরোপীয় ইউনিয়নের বর্তমান রাশিয়া নীতির কার্যকারিতা নিয়েও গভীর পর্যালোচনা প্রয়োজন।
অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং সামরিক প্রতিরোধের কৌশল কতটা কার্যকর হয়েছে, তার মূল্যায়ন হওয়া উচিত সুস্পষ্ট লক্ষ্য ও বাস্তব ফলাফলের ভিত্তিতে। নিষেধাজ্ঞা কিংবা সামরিক সহায়তা কোনো নীতির চূড়ান্ত উদ্দেশ্য হতে পারে না। এগুলো বৃহত্তর নিরাপত্তা ও রাজনৈতিক লক্ষ্য অর্জনের উপায়। রাশিয়াকে সামরিক আগ্রাসনের জন্য জবাবদিহির আওতায় আনা এবং তাকে স্থায়ীভাবে দুর্বল বা বিচ্ছিন্ন রাখাকে ইউরোপের একমাত্র কৌশলগত লক্ষ্য হিসেবে গ্রহণ করা এক বিষয় নয়।
ইউরোপের স্বার্থ রাশিয়ার অর্থনৈতিক বিপর্যয়ে নয়। বরং এমন একটি আন্তর্জাতিক ব্যবস্থায়, যেখানে আগ্রাসন প্রতিরোধ করা যায়, নিরাপত্তার নিশ্চয়তা প্রতিষ্ঠিত হয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতার সুযোগ বজায় থাকে। ভূগোল পরিবর্তন করা যায় না। রাশিয়া ইউরোপের প্রতিবেশী ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তাই দীর্ঘমেয়াদি নিরাপত্তা নীতিতে প্রতিরোধের সক্ষমতার পাশাপাশি সংলাপের সম্ভাবনাও সংরক্ষণ করতে হবে। কিন্তু এই আলোচনার আরেকটি অপরিহার্য মাত্রা রয়েছে, যা প্রায়ই ভূরাজনৈতিক বিতর্কের আড়ালে চলে যায়, ইউরোপের সাধারণ নাগরিকের জীবন। ইউরোপীয় কল্যাণ রাষ্ট্রের ঐতিহাসিক সাফল্য ছিল নাগরিকদের জীবনে ন্যূনতম অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। সরকারি শিক্ষা, স্বাস্থ্যসেবা, পেনশন, বেকারত্ব কালীন সহায়তা এবং সামাজিক আবাসন ইউরোপীয় সমাজের স্থিতিশীলতা ও সামাজিক সংহতির ভিত্তি নির্মাণ করেছে। এই প্রতিষ্ঠানগুলো দুর্বল হলে শুধু নিম্ন আয়ের মানুষ নয়, মধ্যবিত্ত শ্রেণিও গভীর অর্থনৈতিক অনিশ্চয়তার মুখোমুখি হতে পারে। আর মধ্যবিত্তের নিরাপত্তা হীনতা দীর্ঘস্থায়ী হলে তার প্রভাব শুধু অর্থনীতিতে সীমাবদ্ধ থাকে না। তা গণতান্ত্রিক রাজনীতি ও সামাজিক স্থিতিশীলতাকেও প্রভাবিত করে।
রাষ্ট্রের নিরাপত্তা বলতে তাই শুধু সীমান্ত রক্ষা, সামরিক সক্ষমতা কিংবা প্রতিরক্ষা প্রযুক্তিকে বোঝানো যায় না। খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক সংহতিও জাতীয় নিরাপত্তার অপরিহার্য উপাদান। একটি রাষ্ট্র সামরিকভাবে শক্তিশালী হতে পারে, কিন্তু তার জনগণ যদি দীর্ঘস্থায়ী অর্থনৈতিক অনিশ্চয়তা, সামাজিক বৈষম্য ও ভবিষ্যৎ সম্পর্কে গভীর উদ্বেগের মধ্যে বসবাস করে, তাহলে সেই রাষ্ট্রের প্রকৃত নিরাপত্তা কতটা সুদৃঢ়? ইউরোপীয় নেতৃত্বের সামনে তাই মূল চ্যালেঞ্জ সামরিক নিরাপত্তা ও সামাজিক কল্যাণের মধ্যে একটিকে বেছে নেওয়া নয়; বরং উভয়ের মধ্যে একটি বাস্তবসম্মত, টেকসই ও জবাবদিহিমূলক ভারসাম্য প্রতিষ্ঠা করা। ইউক্রেনকে সহায়তা দেওয়ার নিরাপত্তাগত যুক্তি থাকতে পারে। কিন্তু প্রতিটি বড় সরকারি ব্যয়ের মতো এই সহায়তারও লক্ষ্য, সময়সীমা, প্রত্যাশিত ফলাফল এবং অর্থনৈতিক প্রভাব নিয়ে স্বচ্ছ মূল্যায়ন প্রয়োজন। একই সঙ্গে আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, জ্বালানি অবকাঠামো, গবেষণা এবং উৎপাদনশীল বিনিয়োগে পর্যাপ্ত সম্পদ নিশ্চিত করতে হবে। বিশেষত এমন এক সময়ে, যখন ইউরোপকে জনসংখ্যার বার্ধক্য, প্রযুক্তিগত প্রতিযোগিতা, শিল্পের উৎপাদনশীলতা এবং সরকারি অর্থব্যবস্থার দীর্ঘমেয়াদি স্থায়িত্বের মতো জটিল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে, তখন অর্থনৈতিক অগ্রাধিকারের প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
ইউরোপ আজ শুধু একটি যুদ্ধের পরিণতি মোকাবিলা করছে না। সে নিজের রাজনৈতিক প্রজ্ঞা, অর্থনৈতিক অগ্রাধিকার এবং সভ্যতাগত আদর্শেরও এক কঠিন পরীক্ষার মুখোমুখি। ইতিহাস সাক্ষ্য দেয়, যুদ্ধের মাধ্যমে সাময়িক সামরিক সাফল্য অর্জন করা সম্ভব হলেও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন রাজনৈতিক দূরদর্শিতা, পারস্পরিক আস্থা এবং ন্যায়সঙ্গত সমঝোতা। প্রতিরক্ষা সক্ষমতা একটি রাষ্ট্রকে আক্রমণ থেকে রক্ষা করতে পারে, কিন্তু সেই রাষ্ট্রের মানুষের জীবনে সমৃদ্ধি, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরও অনেক কিছু প্রয়োজন। ইউরোপকে তাই সিদ্ধান্ত নিতে হবে, তার ভবিষ্যৎ কি ক্রমবর্ধমান সামরিক প্রতিযোগিতা, দীর্ঘস্থায়ী বৈরিতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি প্রয়োজনীয় প্রতিরক্ষা সক্ষমতা বজায় রেখেই সে একটি নতুন কূটনৈতিক ও অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠার উদ্যোগ নেবে। শান্তি কখনো আত্মসমর্পণের সমার্থক নয়। আবার শক্তি প্রদর্শনও সব সময় নিরাপত্তার নিশ্চয়তা নয়। প্রকৃত রাষ্ট্র-নায়কোচিত প্রজ্ঞা হলো, কখন প্রতিরোধ প্রয়োজন, কখন সংলাপ অপরিহার্য এবং কীভাবে উভয়কে একটি স্থায়ী রাজনৈতিক সমাধানের পথে পরিচালিত করা যায়, তা উপলব্ধি করা।
ইউরোপের ভবিষ্যৎ শুধু মস্কো, কিয়েভ, ব্রাসেলস কিংবা ওয়াশিংটনের কূটনৈতিক সিদ্ধান্তে নির্ধারিত হবে না। তা নির্ধারিত হবে ইউরোপের সাধারণ মানুষের জীবনেও। তাঁদের কর্মসংস্থানে, ঘরের উষ্ণতায়, সন্তানের শিক্ষায়, চিকিৎসার নিশ্চয়তায় এবং ভবিষ্যৎ সম্পর্কে আস্থায়। যে মহাদেশ দুটি বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে শান্তি, সহযোগিতা ও কল্যাণ রাষ্ট্রের এক অনন্য দৃষ্টান্ত নির্মাণ করেছিল, তার সামনে আজ সবচেয়ে বড় দায়িত্ব সেই ঐতিহাসিক অর্জনকে রক্ষা করা। ইউরোপের প্রকৃত শক্তি শুধু তার অস্ত্রভান্ডারে নয়, তার অর্থনীতির উৎপাদনশীলতায়, সমাজের সংহতিতে, গণতন্ত্রের প্রতি জনগণের আস্থায় এবং সংঘাতকে শান্তিতে রূপান্তর করার রাজনৈতিক প্রজ্ঞায়। শেষ পর্যন্ত ইতিহাস ইউরোপীয় নেতৃত্বকে শুধু এই প্রশ্ন করবে না যে তারা যুদ্ধের জন্য কত অর্থ ব্যয় করেছিল কিংবা কত অস্ত্র সংগ্রহ করেছিল। ইতিহাস আরও কঠিন একটি প্রশ্ন তুলবে:তারা কি এমন একটি ইউরোপ নির্মাণ করতে পেরেছিল, যেখানে মানুষ যুদ্ধের আশঙ্কা নয়, শান্তির নিশ্চয়তা নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারে? কারণ একটি মহাদেশের শ্রেষ্ঠত্বের চূড়ান্ত পরিচয় সে কত বড় যুদ্ধের প্রস্তুতি নিতে পারে, তাতে নয়। বরং কত বড় সংঘাতকে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তিতে রূপান্তর করতে পারে, তাতেই।