
আমার এক বিজ্ঞ বন্ধু, যিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করেন, সম্প্রতি সামাজিক মাধ্যমে ১৯৩৭ সালের তৃতীয় শ্রেণির একটি গণিত প্রশ্নপত্র শেয়ার করেছিলেন। হলদে হয়ে যাওয়া, সময়ের ছাপ বহন করা সেই কাগজটির দিকে তাকিয়ে আমি অন্যমনস্ক হয়ে পড়ি। এক মুহূর্তে আমি বর্তমান থেকে সরে গিয়ে দাঁড়ালাম প্রায় এক শতাব্দী আগের এক শ্রেণীকক্ষে। কেমন ছিলো সেই সময়টা? ভাবলেই যেন হালকা কুয়াশার ভেতর থেকে ভেসে ওঠে এক অন্যরকম পৃথিবী। তখন জীবনের গতি ছিলো ধীর, কিন্তু আনন্দের উচ্ছ্বাসে ছিলো প্রাণবন্ত। অবশ্যই এখনকার মতো মোবাইল, সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেটের কোনো আরাম-আয়েশ ছিলো না। ছিলো না সারাক্ষণ স্ক্রিনে ডুবে থাকার অভ্যাসও। মানুষ তখন মানুষকেই বেশি সময় দিতো। কথায়, হাসিতে, আর একসাথে কাটানো বিকেলের গল্পে। রঙিন টিভির ঝলমলে পর্দায় মাথা বিগড়ানো হিন্দি সিরিয়ালের দৌরাত্ম তখনও শুরু হয়নি। সন্ধ্যা নামলেই পাড়া-প্রতিবেশীরা একে অপরের খোঁজ নিতো, ছেলেমেয়েরা মাঠে ছুটে যেতো খেলতে। হাডুডু, দৌড়ঝাঁপ, গোল্লাছুট কতো রকমের খেলা। আর বড়রা বসতো বিকেলের আড্ডায়। বইয়ের পাতায়, চিঠির শব্দে, আর মুখোমুখি কথোপকথনে গড়ে উঠতো সম্পর্কের আসল রং। সেই সময়টায় হয়তো প্রযুক্তির অভাব ছিলো, কিন্তু ছিলো না অনুভূতির অভাব। ছোট ছোট সুখগুলোই তখন ছিলো বড়। এক কাপ চা, বৃষ্টির দিনে ভেজা মাটির গন্ধ, কিংবা কোনো প্রিয় মানুষের সাথে নির্ভেজাল কিছু মুহূর্ত। আজকের চোখে হয়তো সেটি ছিলো সাদামাটা। কিন্তু সেই সরলতার মাঝেই লুকিয়ে ছিলো এক গভীর শান্তি, যা এখনকার ব্যস্ত জীবনে প্রায় হারিয়েই গেছে। তখন শিশুদের শেখার জগতটাও ছিল সরল, নিরাভরণ। কিন্তু গভীরভাবে বাস্তবের সঙ্গে যুক্ত। সেই প্রশ্নপত্রের প্রতিটি শব্দ, প্রতিটি অঙ্ক যেন আমার ভাবনার একেকটি জানালা খুলে দিচ্ছিল। শুধু শিক্ষার নয়। সেই সময়ের সমাজ, জীবনযাত্রা ও মূল্যবোধের প্রতিও। তখন থেকেই মনে হতে থাকে, আমরা সত্যিই কত দূর এসে পৌঁছেছি। আর এই আধুনিকতার যে গর্ব আমরা করি, তার ভেতরে কতটা পরিবর্তন, কতটা অগ্রগতি, আর কতটা শুধু রূপান্তরের মোড়কে জটিলতা লুকিয়ে আছে। একটি সাধারণ প্রশ্নপত্রই যেন নীরবে মনে করিয়ে দেয়, শিক্ষা কেবল সময়ের সঙ্গে বদলায় না। বরং একটি জাতির চেতনা, অভ্যাস ও স্বপ্নের প্রতিফলন হিসেবেও নিজেকে ক্রমাগত নতুনভাবে গড়ে তোলে।
খুব ভালো করে উৎসাহের সাথে কাগজটির আদ্যোপান্ত পড়লাম। তৃতীয় শ্রেণীর ছোট ছোট শিশুদের জন্য তৈরি করা প্রশ্নগুলো ছিল অবাক করার মতো সরল। কিন্তু সেই সরলতার ভেতরেই লুকিয়ে ছিল এক গভীর বাস্তবতা। দৈনন্দিন জীবনের হিসাব-নিকাশ, বাজারের পণ্যের দাম, মাসিক খরচের যোগ-বিয়োগ। এই সব অঙ্কগুলো কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, বরং প্রতিদিনের জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। মনে হয়, তখনকার একটি শিশু যখন অঙ্ক শিখত, সে শুধু সংখ্যা নিয়ে খেলত না। বরং নিজের পরিবার, বাজার, আয়-ব্যয়ের বাস্তব চিত্রের সঙ্গে সেই সংখ্যাগুলোকে মিলিয়ে নিতে শিখত। অর্থাৎ, শিক্ষা ছিল জীবনেরই সম্প্রসারণ, আলাদা কোনো বিমূর্ত জগত নয়। এই প্রশ্নপত্রে যেন আমরা দেখতে পাই একটি সমাজের প্রতিচ্ছবি, যেখানে শেখা মানেই ছিল কাজে লাগানো, বোঝা মানেই ছিল ব্যবহার করা। আর ঠিক এই জায়গাটিতেই দাঁড়িয়ে বর্তমান সময়ের সঙ্গে তুলনা করলে এক ভিন্ন চিত্র চোখে পড়ে। আজকের প্রাথমিক শিক্ষা অনেক বেশি বিস্তৃত, বিষয়বস্তু অনেক বেশি বৈচিত্র্যময়। শিশুদের সামনে খুলে দেওয়া হয়েছে বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ সচেতনতা, নৈতিকতা, এমনকি বৈশ্বিক নাগরিকত্বের ধারণা। নিঃসন্দেহে এটি এক বিশাল অগ্রগতি। একটি শিশুকে বিশ্বমানের চিন্তায় প্রস্তুত করার প্রয়াস। কিন্তু সেই বিস্তৃতির ভেতরে কখনো কখনো যেন হারিয়ে যায় সেই সহজ, স্পর্শ যোগ্য বাস্তবতার অনুভূতি। যেখানে অঙ্ক মানে ছিল শুধু সংখ্যার হিসাব নয়, বরং জীবনের গল্প। ফলে প্রশ্ন জাগে, আমরা যতই জ্ঞানের পরিধি বাড়াচ্ছি, ততই কি আমরা সেই মৌলিক সংযোগটি ধরে রাখতে পারছি? নাকি অজান্তেই তা ক্রমে দূরে সরে যাচ্ছে?
প্রশ্নপত্রটি ছিলো একেবারে সাদামাটা কিন্তু সুসংগঠিত। উপরে বিদ্যালয়ের ও প্রধান শিক্ষকের নাম স্পষ্টভাবে উল্লেখ ছিল। এ কয়েকটি শব্দই যেন সেই সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যক্তিগত পরিচয় ও দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন খুঁজে পেলাম। পুরো প্রশ্নপত্রটি ছিল সংক্ষিপ্ত ও খুব সহজ বাংলায় লেখা। অপ্রয়োজনীয় কোনো জটিলতা বা অলংকার ছাড়া। প্রশ্নগুলো সাধারণত ছোট ছোট গাণিতিক সমস্যা। যেমন যোগ-বিয়োগ, গুণ-ভাগ বা বাস্তব জীবনের হিসাব ভিত্তিক প্রয়োগমূলক অঙ্কে সীমাবদ্ধ ছিল। উদাহরণস্বরূপ, “একজন লোক ১২ টাকায় কিছু জিনিস কিনে ১৫ টাকায় বিক্রি করলে তার লাভ কত?” অথবা “এক মাসে ২৫ টাকা খরচ হলে ৩ মাসে মোট কত খরচ হবে?” এই ধরনের প্রশ্নগুলো শুধু অঙ্ক শেখায় না, বরং দৈনন্দিন জীবনের সঙ্গে শিক্ষার সরাসরি সংযোগ তৈরি করে। প্রতিটি প্রশ্নের মানও ছিল প্রায় সমান, যা মূল্যায়নের একটি সরল ও স্বচ্ছ পদ্ধতির ইঙ্গিত দেয়। পুরো কাগজটিতে এমন এক ধরনের শৃঙ্খলা ও সংযম লক্ষ্য করে আমি সত্যি অবাক হলাম।
তখনকার শিক্ষাব্যবস্থায় মুখস্থ বিদ্যার প্রভাব যে ছিল, তা অস্বীকার করবো না। তবে ১৯৩৭ সালের সেই প্রশ্নপত্রের দিকে গভীরভাবে তাকালে একটি বিষয় অন্তত: পরিষ্কার যে, সেই সময়ে প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের শুধু মুখস্থ করিয়ে রাখার চেষ্টা করা হয়নি। বরং তাদেরকে বাস্তব জীবনের সাথে চিন্তা করতে এবং শেখা জ্ঞানকে প্রয়োগ করতে উৎসাহিত করা হতো। অঙ্কের প্রশ্নগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল, যাতে একটি শিশু কেবল মুখস্থ করে উত্তর না দিয়ে, বরং পরিস্থিতি বুঝে হিসাব করতে বাধ্য হয়। শেখার ভেতরে একটি স্বাভাবিক যুক্তিবোধের চর্চা ছিল। অথচ বর্তমান সময়ে আমরা দক্ষতাভিত্তিক শিক্ষার কথা বলি। বিশ্লেষণী চিন্তা, সমস্যা সমাধান, সৃজনশীলতা, শব্দগুলো এখন পাঠ্যক্রমের কেন্দ্রে স্থান পেয়েছে। নীতিগতভাবে এটি একটি অত্যন্ত ইতিবাচক পরিবর্তন। কারণ এটি শিক্ষাকে কেবল তথ্য আহরণের মধ্যে সীমাবদ্ধ না রেখে চিন্তার পরিসরকে প্রসারিত করে। কিন্তু বাস্তবতার দিকে তাকালে আসলে আমরা কি দেখতে পাই? একটি দ্বৈত চিত্র। একদিকে নতুন কারিকুলাম, নতুন পদ্ধতি। অন্যদিকে পরীক্ষার চাপ, ভালো ফলাফলের প্রতিযোগিতা। তার সাথে সামাজিক প্রত্যাশা শিক্ষার্থীদের আবারও মুখস্থ নির্ভরতার দিকে ঠেলে দেয়। সৃজন শীলতা থেকে দূরে সরিয়ে নেয়। ফলে কাঠামোগত পরিবর্তন যতই হোক, না কেন, প্রয়োগভিত্তিক শিক্ষার সংস্কৃতি এখনো তৈরি হয়নি।
সেই প্রশ্ন পত্রের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো শিক্ষকের অবস্থান ও ভূমিকা নিয়ে। প্রশ্নপত্রে প্রধান শিক্ষকের নাম ও বিদ্যালয়ের পরিচয় উল্লেখ থাকার বিষয়টি কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং একটি গভীর দায়বদ্ধতা ও সম্মানের বহিঃপ্রকাশ। শিক্ষক তখন ছিলেন জ্ঞানের উৎস, নৈতিকতার দিশারী এবং সামাজিক মর্যাদার প্রতীক। শিক্ষার্থীর জীবনে তার উপস্থিতি ছিল ব্যক্তিগত, প্রভাবশালী এবং স্থায়ী। আজকের তথ্য-প্রযুক্তি আর বিশ্বায়নের দিনে সেই ভূমিকা আরো বেশি বিস্তৃত হয়েছে। শিক্ষক এখন শুধু পাঠদান করেন না, বরং প্রযুক্তির সহায়তায় শিক্ষাকে আরও সহজলভ্য ও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেন। শিক্ষার্থীর মানসিক বিকাশ, দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গঠনে বিশেষ ভূমিকা রাখেন। কিন্তু এই বিস্তৃতির মাঝেও কোথাও যেন সেই ঘনিষ্ঠ মানবিক সম্পর্কটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্পর্কটি বেশ শিথিল হয়ে পড়েছে। নানা ধরনের পদ্ধতি শিক্ষাকে আধুনিক করেছে ঠিকই, কিন্তু সাথে সাথে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যকার মধুর সংযোগকে দূরে ঠেলে দিয়েছে। ফলে শিক্ষা ক্রমশ একটি প্রাতিষ্ঠানিক ও যান্ত্রিক প্রক্রিয়ায় রূপ নিচ্ছে। এখন ব্যক্তিগত স্পর্শ, অনুপ্রেরণা ও মূল্যবোধের সেই সূক্ষ্ম আদান-প্রদান আগের তুলনায় কম অনুভূত হয়। বরং প্রায় নাই বললেই ভালো হয়। এই পরিবর্তন আমাদের ভাবতে বাধ্য করে। অগ্রগতির এই পথে এগোতে গিয়ে আমরা কি অজান্তেই শিক্ষার মানবিক ভিত্তিটিকেই দুর্বল করে ফেলছি না?
তবে প্রযুক্তির প্রসঙ্গ এলে অতীত ও বর্তমানের পার্থক্যটি আমাদের অনেকের কাছেই আরও তীক্ষ্ণ ভাবে চোখে পড়ে। ১৯৩৭ সালের সেই শ্রেণিকক্ষটিকে নিয়ে ভাবলেই চোখের সামে ভেসে উঠে কাঠের বেঞ্চ, পুরনো ব্ল্যাকবোর্ড, হাতে স্লেট-খড়ি, আর শিক্ষকের কণ্ঠই ছিল শেখার প্রধান মাধ্যম। জ্ঞানের বিস্তার ছিল সীমিত, কিন্তু সেই সীমার ভেতরে একটি মনোযোগী, একাগ্র এবং সরাসরি শিক্ষণ-পরিবেশ গড়ে উঠত। আজকের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ডিজিটাল ক্লাসরুম, অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, স্মার্ট ডিভাইস, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তাও শিক্ষার অংশ হয়ে উঠেছে। জ্ঞান এখন আর কোনো নির্দিষ্ট ঘরের মধ্যে আবদ্ধ নয়, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এক উন্মুক্ত ভাণ্ডার। একটি শিশু চাইলে এখন পৃথিবীর যেকোনো প্রান্তের তথ্য মুহূর্তেই পেয়ে যেতে পারে, যা নিঃসন্দেহে এক বিপ্লবাত্মক পরিবর্তন। কিন্তু এই অগ্রগতির আলোর পাশেই রয়ে গেছে ঘোর অন্ধকার। আর তা হলো ডিজিটাল বিভাজন। শহরের আধুনিক স্কুল আর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে, কিংবা সচ্ছল পরিবারের শিশু আর সীমিত সামর্থ্যের পরিবারের শিশুর মধ্যে সুযোগের যে ব্যবধান, তা এখনও স্পষ্ট ও গভীর। ফলে প্রযুক্তি একদিকে সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে ঠিকই, অন্যদিকে সেই সম্ভাবনায় সবার সমান প্রবেশাধিকার নিশ্চিত করতে না পারায় নতুন ধরনের বৈষম্যের জন্ম দিচ্ছে। আর এই বৈষম্যই ভবিষ্যতের শিক্ষাব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
একইভাবে মূল্যায়ন পদ্ধতিতেও সময়ের সঙ্গে বড় পরিবর্তন এসেছে। শিক্ষার দর্শনকেই নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। তখনকার প্রশ্নপত্রের সরলতা, প্রতিটি প্রশ্নের প্রায় সমান নম্বর, স্পষ্ট ও নির্দিষ্ট উত্তর এক ধরনের স্বচ্ছতা ও ন্যায্যতার অনুভূতি তৈরি করত। শিক্ষার্থী জানত, কি শেখা দরকার এবং কীভাবে তা প্রদর্শন করতে হবে। মূল্যায়ন ছিল সীমিত, কিন্তু বোধগম্য। বর্তমান সময়ে এসে সেই সরল কাঠামো জায়গা করে দিয়েছে সৃজনশীল প্রশ্ন, ধারাবাহিক মূল্যায়ন, প্রকল্পভিত্তিক কাজ, উপস্থাপনা। এটি নিঃসন্দেহে একটি অগ্রগতি। কারণ এটি শিক্ষাকে কেবল পরীক্ষার খাতায় সীমাবদ্ধ না রেখে শেখার প্রক্রিয়াকেই গুরুত্ব দেয়। তবে এই জটিলতার মধ্যেই কখনও কখনও শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য একটি অদৃশ্য চাপ তৈরি হয়। কীভাবে প্রস্তুতি নিতে হবে, কীভাবে মূল্যায়ন হবে, তা নিয়ে অনিশ্চয়তা বাড়ে। ফলে যে পরিবর্তনটি শিক্ষাকে আরও মানবিক ও অন্তর্ভুক্তিমূলক করার উদ্দেশ্যে আনা হয়েছে, সেটিই কখনো কখনো অতিরিক্ত চাপ ও বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায়। এই দ্বৈত বাস্তবতা আমাদের আবারও মনে করিয়ে দেয়, পরিবর্তন যতই প্রয়োজনীয় হোক, তার বাস্তব প্রয়োগে ভারসাম্য রক্ষা করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এই ছোট্ট প্রশ্নপত্রটি আমাকে এক ধরনের গভীর আত্মসমালোচনার দিকে ঠেলে দেয়। আমরা কি সত্যিই আগের চেয়ে উন্নত হয়েছি, নাকি কেবল আরও জটিল এক ব্যবস্থার মধ্যে নিজেদের আবদ্ধ করেছি? উত্তরটি হয়তো সরল নয়, বরং এক জটিল বাস্তবতার মাঝামাঝি কোথাও অবস্থান করছে। নিঃসন্দেহে আমরা অনেক দূর এগিয়েছি। জ্ঞান, প্রযুক্তি, সুযোগ এবং দৃষ্টিভঙ্গির বিস্তারে আমাদের অর্জন অনস্বীকার্য। কিন্তু এই অগ্রগতির মাঝেই কোথাও যেন হারিয়ে গেছে সেই স্বতঃস্ফূর্ততা, সেই সহজাত সংযোগ, যা একসময় শিক্ষাকে জীবনের সঙ্গে অদৃশ্য সুতোর মতো বেঁধে রাখত। তাই কখনো কখনো সামনে এগোনোর পাশাপাশি পেছনে ফিরে তাকানোও জরুরি। অতীতের সেই অভিজ্ঞতার ভেতরেই লুকিয়ে আছে ভবিষ্যৎকে আরও ভারসাম্যপূর্ণ করে গড়ে তোলার দিশা। সমাজের বৃহত্তর প্রেক্ষাপটে এই উপলব্ধিটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে, শিক্ষা কখনোই কেবল তথ্যের সঞ্চয় বা প্রযুক্তির ব্যবহারে সীমাবদ্ধ নয়। এটি মূলত একটি মানসিক, নৈতিক এবং সামাজিক নির্মাণ প্রক্রিয়া, যা একটি জাতির চরিত্র গঠনে নির্ধারক ভূমিকা পালন করে। যদি আমরা সত্যিই একটি উন্নত শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, তবে আমাদের শুধু আধুনিকতার দিকে দৌড়ালেই চলবে না, বরং সেই আধুনিকতাকে মানবিকতার সঙ্গে সংযুক্ত করতে হবে। অতীতের সরলতা, বাস্তবমুখিতা এবং মূল্যবোধের সঙ্গে বর্তমানের জ্ঞান, প্রযুক্তি ও সম্ভাবনাকে একত্রে ধারণ করতে পারলেই আমরা এমন একটি প্রাথমিক শিক্ষার ভিত্তি স্থাপন করতে পারব। যা কেবল দক্ষ জনশক্তি তৈরি করবে না, বরং সৃজনশীল, সংবেদনশীল এবং দায়িত্বশীল নাগরিক গঠনে সহায়ক হবে। তা হলেই এই শিশুরা ভবিষ্যতের একটি টেকসই, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ নির্মাণে নেতৃত্ব দিতে সক্ষম হবে।
আমার কাছে এই ছোট্ট প্রশ্নপত্রটি শুধু একটি শিক্ষাগত দলিল নয়, বরং এক গভীর আত্মজিজ্ঞাসার সূত্র হয়ে দাঁড়িয়েছে। আমার সেই প্রিয় বন্ধুকে আমি মন থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। দূর অস্ট্রেলিয়া থেকে একটি পুরনো কাগজ শেয়ার করে সে যেন আমাদের ভাবনার এক নতুন দিগন্ত খুলে দিয়েছে, আমাদের নিজেদের শিকড়ের দিকে তাকানোর সুযোগ করে দিয়েছে। এই প্রসঙ্গে নিজের শৈশবের একটি দৃশ্যও বারবার মনে ভেসে ওঠে। আমার বাবা, যিনি ব্রিটিশ আমলে মাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন, তিনি অত্যন্ত আত্মবিশ্বাস ও দক্ষতার সঙ্গে আমার বড় ভাইকে পড়াতেন, যিনি তখন দশম শ্রেণির ছাত্র। সেই শিক্ষাদানের ভেতরে ছিল স্পষ্টতা, ধৈর্য, এবং এক ধরনের বাস্তব বোধ, যা আজও বিস্মিত করে। অথচ আজকের দিনে আমরা দেখি, অনেকেই মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করার পরও প্রাথমিক স্তরের একজন শিক্ষার্থীকে যথাযথভাবে পড়াতে হিমশিম খান। এই বৈপরীত্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, শিক্ষার আসল শক্তি কেবল সনদ বা ডিগ্রির মধ্যে নয়, বরং বোঝার ক্ষমতা, শেখানোর দক্ষতা এবং জীবনের সঙ্গে জ্ঞানের সংযোগ স্থাপনের মধ্যেই নিহিত। তাই বার বার মনে হয়, আমাদের এগিয়ে যাওয়ার পথটি শুধু আধুনিকতার দিকেই নয়, বরং সেই গভীরতা, মানবিকতা এবং সহজ বোধকে পুনরুদ্ধারের দিকেও হওয়া উচিত।