শিক্ষা সংস্কার: বাস্তব রূপান্তর নাকি স্লোগান?


গত অন্তর্বর্তী সরকারের আমলে নানা খাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও শিক্ষা খাতের জরুরি সংস্কারের প্রশ্নটি উপেক্ষিতই রয়ে গিয়েছিল। অথচ একটি দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষাব্যবস্থার উন্নয়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। এই উপলব্ধি তখন কার্যকরভাবে প্রতিফলিত তো হয়ইনি, বরং শিক্ষা ব্যবস্থাকে উল্টোভাবে দূর্বৃত্তায়নের পথে ঠেলে দিয়েছিল। পরবর্তীতে নতুন সরকারের আগমনের সঙ্গে সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে শিক্ষাব্যবস্থার গুণগত উন্নয়ন এবং একে বৈশ্বিক মানে উন্নীত করার বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। এ নিয়ে বিভিন্ন মহলে জোরালো আলোচনা শুরু হয়েছে। সংসদের ভেতরেও বিষয়টি গুরুত্ব পাচ্ছে, এবং তরুণ সাংসদরাও শিক্ষাব্যবস্থার কাঠামোগত পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলছেন ও মতামত দিচ্ছেন। সম্প্রতি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, দেশের শিক্ষা পাঠ্যক্রম পুনর্মূল্যায়ন করা হবে। একটি যুগোপযোগী, বিশ্ব মানসম্পন্ন শিক্ষা পরিকল্পনা প্রণয়ন হবে। তিনি একজন অভিজ্ঞ শিক্ষাবিদ। রাজনৈতিক ও শিক্ষা খাতে রয়েছে দীর্ঘ দিনের অভিজ্ঞতা। বিশেষ করে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ‘নকল মুক্ত পরীক্ষা’ বাস্তবায়ন এবং পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়। সে সময় তাঁর নেওয়া পদক্ষেপগুলো শুধু প্রশাসনিক সফলতা নয়, বরং সমাজে শিক্ষার প্রতি আস্থা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বর্তমান বিশ্ব-ব্যবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন, ডেটা-নির্ভর অর্থনীতি এবং বৈশ্বিক শ্রম বাজারের তীব্র প্রতিযোগিতা শিক্ষা ব্যবস্থাকে নতুন ভাবে সংজ্ঞায়িত করছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কেবল তথ্য ভিত্তিক বা পরীক্ষা নির্ভর না রেখে দক্ষতা, সৃজনশীলতা, সমস্যা সমাধান, সমালোচনামূলক চিন্তা এবং প্রযুক্তিগত সক্ষমতার ওপর ভিত্তি করে গড়ে তোলার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। শিক্ষা মন্ত্রীর এই ঘোষণা তাই নিঃসন্দেহে সময়োপযোগী এবং ভবিষ্যতমুখী একটি পদক্ষেপ।

তবে বাস্তবতা হলো, বাংলাদেশে শিক্ষাব্যবস্থা দীর্ঘদিন ধরে নানা ধরনের সংস্কার, নীতিমালা পরিবর্তন এবং পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে এগোলেও একটি সমন্বিত, টেকসই এবং কার্যকর রূপান্তর এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। পাঠ্যক্রম পরিবর্তন, মূল্যায়ন পদ্ধতির সংস্কার কিংবা ডিজিটাল শিক্ষা উদ্যোগ, এসব পদক্ষেপ আংশিক সাফল্য এনে দিলেও শিক্ষার গুণগত মান, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, অবকাঠামোগত বৈষম্য এবং শহর-গ্রামের মধ্যে শিক্ষার ব্যবধান এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। শিক্ষার্থীদের একটি বড় অংশ পরীক্ষাভিত্তিক সাফল্য অর্জনে সক্ষম হলেও তারা বৈশ্বিক প্রেক্ষাপটে প্রয়োজনীয় দক্ষতা যেমন যোগাযোগ দক্ষতা, উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা এবং বাস্তব সমস্যার সমাধান করার ক্ষমতার দিক থেকে এখনও পিছিয়ে রয়েছে। দক্ষতাভিত্তিক শিক্ষার ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে তাল মেলাতে বাংলাদেশের আরও অনেক পথ অতিক্রম করতে হবে। এমতাবস্থায়, শিক্ষা পাঠ্যক্রম পুনর্মূল্যায়ন এবং একটি বিশ্বমানের শিক্ষা পরিকল্পনা প্রণয়ন কেবল একটি নীতিগত ঘোষণা হিসেবে না দেখে, তাকে বাস্তবায়নের স্তরে পৌঁছানো অত্যন্ত জরুরি। এর জন্য প্রয়োজন দীর্ঘ মেয়াদি দৃষ্টিভঙ্গি, শিক্ষক প্রশিক্ষণের আধুনিকীকরণ, প্রযুক্তির কার্যকর সংযুক্তি, শিল্পখাতের সঙ্গে শিক্ষার সমন্বয়। সর্বোপরি একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাঠামো গড়ে তোলা। সঠিক পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে এই উদ্যোগ সফল হলে তা বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতাকে বহুগুণে শক্তিশালী করবে।

পাঠ্যক্রম পুনর্মূল্যায়নের এই ঘোষণাটি কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়। বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের জ্ঞান, দক্ষতা ও মানব সম্পদের ভিত্তি পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তবে ‘বৈশ্বিক মান’ যেন কেবল কথার কথা হয়ে না থাকে বা অন্ধভাবে বিদেশি মডেল অনুকরণের মধ্যে সীমাবদ্ধ না পড়ে। প্রকৃত অর্থে বৈশ্বিক মান অর্জন মানে হলো আন্তর্জাতিক মানের চর্চার সঙ্গে দেশের নিজস্ব বাস্তবতা, সংস্কৃতি ও প্রয়োজনের সমন্বয় ঘটানো। আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থার অন্ধ অনুকরণ নয়। যার জন্য দরকার সুসংহত পরিকল্পনা, প্রেক্ষাপট-ভিত্তিক অভিযোজন, দক্ষ শিক্ষক তৈরি, প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং কার্যকর জবাবদিহিমূলক বাস্তবায়ন। এখন মূল দায়িত্ব নীতিনির্ধারকদের। তাঁরা এই উদ্যোগকে বাস্তব পরিবর্তনের পথে নিয়ে যাবেন, নাকি এটিকে আরেকটি প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ রাখবেন, সেটিই দেখার বিষয়। কারণ বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন ও রোবটিক্সের দ্রুত প্রসারে শ্রমবাজারের কাঠামো বদলে যাচ্ছে। ভবিষ্যতের কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন হবে বিশ্লেষণাত্মক চিন্তা, সমস্যা সমাধান, সৃজনশীলতা, প্রযুক্তি ব্যবহারের দক্ষতা ও অভিযোজনক্ষমতা। এই সব অর্জনের জন্য শিক্ষা ব্যবস্থাকে এখনই কার্যকরভাবে রূপান্তর করা অপরিহার্য।

তবে বাস্তবতা হলো, আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা এখনও ব্যাপকভাবে পরীক্ষা-ভিত্তিক মূল্যায়নের ওপর নির্ভরশীল। যার ফলে শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়া অনেকাংশেই মুখস্থনির্ভর হয়ে পড়ে। তারা জটিল সমস্যা বিশ্লেষণ, সমালোচনামূলক চিন্তা বা উদ্ভাবনী ধারণা তৈরিতে পিছিয়ে থাকে। কেবল তথ্য পুনরুৎপাদনের সক্ষমতা বর্তমান যুগে যথেষ্ট নয়। বরং বাস্তব জীবনের সমস্যা সমাধান এবং আন্তঃবিষয়ক জ্ঞান প্রয়োগের দক্ষতাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একই সঙ্গে বর্তমান বৈশ্বিক চাকরির বাজারে একটি ডিগ্রি আর কর্মসংস্থানের নিশ্চয়তা দেয় না। বরং নিয়োগদাতারা এখন বহুমুখী দক্ষতা, এক সাথে কাজ করার সক্ষমতা, যোগাযোগ দক্ষতা এবং ডিজিটাল সাক্ষরতার ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন। এই প্রেক্ষাপটে নতুন শিক্ষা পরিকল্পনায় দক্ষতাভিত্তিক শিক্ষা, প্রকল্পভিত্তিক শিখন, গবেষণামুখী কার্যক্রম এবং প্রয়োগভিত্তিক মূল্যায়ন পদ্ধতিকে অগ্রাধিকার দেওয়া অপরিহার্য। প্রযুক্তিও এখন আর শিক্ষার একটি সহায়ক উপাদান নয়। বরং এটি পুরো শিক্ষা ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। কোভিড-১৯ মহামারির সময় এই বাস্তবতা বিশ্বজুড়ে স্পষ্ট হয়ে ওঠে। ইউনেস্কোর তথ্য অনুযায়ী, ১৯০টিরও বেশি দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ১৬০ কোটির বেশি শিক্ষার্থী সরাসরি শ্রেণীকক্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই সংকটে শিক্ষাব্যবস্থাকে সচল রাখার প্রধান ভরসা হয়ে ওঠে ডিজিটাল প্ল্যাটফর্ম, ভার্চুয়াল ক্লাসরুম ও অনলাইন শিক্ষাসামগ্রী। ফলে আজকের দিনে প্রযুক্তিকে বাদ দিয়ে আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিক্ষা ব্যবস্থার কথা কল্পনাই করা যায় না। বরং প্রযুক্তিকে কার্যকরভাবে একীভূত করাই ভবিষ্যৎ শিক্ষার অন্যতম প্রধান শর্ত।

তথাপি, প্রযুক্তির ব্যবহার মানেই কেবল স্মার্টবোর্ড স্থাপন বা অনলাইন ক্লাস চালু করা নয়। বরং প্রযুক্তি তখনই সত্যিকার অর্থে কার্যকর হয়, যখন তা শিক্ষণ-শিখন দর্শন, পাঠদানের পদ্ধতি এবং মূল্যায়ন কাঠামোর সঙ্গে কৌশলগতভাবে একীভূত করা যায়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রযুক্তি যেন কখনোই শিক্ষককে প্রান্তিক করে না ফেলে। কারণ শিক্ষকই শিক্ষার মূল প্রাণশক্তি। প্রযুক্তি তাঁর বিকল্প নয়, বরং তাঁর সক্ষমতাকে বহুগুণে বৃদ্ধি করার একটি শক্তিশালী মাধ্যম। তাই প্রযুক্তিকে মানবিক শিক্ষার প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, বরং একটি সহায়ক ও সক্ষমতাবর্ধক অবকাঠামো হিসেবে বিবেচনা করা প্রয়োজন। যা সঠিকভাবে প্রয়োগ করা হলে শিক্ষাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও তথ্যনির্ভর করে তুলতে পারে। এই প্রেক্ষাপটে মানবিক উপলব্ধি ও প্রযুক্তিগত সক্ষমতার মধ্যে সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করাই ভবিষ্যৎ শিক্ষা সংস্কারের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। একইসঙ্গে মনে রাখতে হবে, বৈশ্বিক মান অর্জনের প্রয়াস যেন কোনোভাবেই স্থানীয় বাস্তবতাকে উপেক্ষা না করে। বৈশ্বিক মান অনুসরণ করা মানে নিজের ইতিহাস, সংস্কৃতি, ভাষা ও সামাজিক অভিজ্ঞতাকে বিসর্জন দেওয়া নয়। বরং এগুলোর ওপর ভিত্তি করেই আন্তর্জাতিক মানের শিক্ষা গড়ে তোলা। প্রেক্ষাপটভিত্তিক শিক্ষা শিক্ষার্থীদের শেখাকে আরও গভীর ও অর্থবহ করে তোলে। সে কারণে একটি কার্যকর পাঠ্যক্রমকে অবশ্যই দেশের অর্থনৈতিক কাঠামো, সামাজিক বৈচিত্র্য, ভৌগোলিক বাস্তবতা এবং উন্নয়নের চ্যালেঞ্জগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত হতে হবে। যেমন কৃষিনির্ভর জনগোষ্ঠী, জলবায়ু পরিবর্তনের প্রভাব, নদীভাঙন, দ্রুত নগরায়ন, শিল্পায়ন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের বিকাশ, এসব বাস্তব বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হলে শিক্ষা জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত হয়ে উঠবে। একইসঙ্গে বৈশ্বিক নাগরিকত্ব, কারিগরি দক্ষতা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে প্রতিযোগিতার উপযোগী করে তুলবে। ফলে বৈশ্বিক দক্ষতা ও স্থানীয় প্রয়োজনের এই ভারসাম্যপূর্ণ সমন্বয়ই একটি সময়োপযোগী ও সফল পাঠ্যক্রম নির্মাণের মূল চাবিকাঠি।

 

পাঠ্যক্রম যতই আধুনিক, যুগোপযোগী বা বৈশ্বিক মানসম্পন্ন হোক না কেন, এর প্রকৃত সাফল্য শেষ পর্যন্ত নির্ভর করে শিক্ষকের প্রস্তুতি, দক্ষতা এবং মানসিকতার ওপর। শিক্ষা সংস্কারের মূল চালিকাশক্তি কোনো নীতিমালা বা কাঠামো নয়, বরং শিক্ষকদের গুণগত মান ও তাদের পেশাগত সক্ষমতা। যেসব দেশ ধারাবাহিকভাবে শিক্ষায় ভালো ফলাফল অর্জন করেছে, তারা শিক্ষক প্রশিক্ষণ, নির্বাচন প্রক্রিয়া এবং ধারাবাহিক পেশাগত উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। একটি নতুন শিক্ষাগত দর্শন, যোগ্যতাভিত্তিক শিক্ষণ পদ্ধতি বা ধারাবাহিক মূল্যায়ন কাঠামো প্রবর্তন করা তুলনামূলক সহজ। কিন্তু শিক্ষকরা যদি এই পরিবর্তনের অন্তর্নিহিত উদ্দেশ্য না বোঝেন এবং বাস্তব শ্রেণীকক্ষে তা প্রয়োগের দক্ষতা অর্জন না করেন, তাহলে পুরো সংস্কারই কেবল নীতিগত দলিলেই সীমাবদ্ধ থেকে যায়। উদাহরণস্বরূপ, পাঠ্যক্রমে “সমালোচনামূলক চিন্তা” অন্তর্ভুক্ত থাকলেও যদি শিক্ষক কেবল মুখস্থনির্ভর প্রশ্ন করেন, তাহলে শিক্ষার্থীদের সেই দক্ষতা বিকাশের কোনো বাস্তব সুযোগ তৈরি হয় না। এ কারণেই শিক্ষকদের জন্য ধারাবাহিক, ব্যবহারিক ও প্রাসঙ্গিক পেশাগত উন্নয়ন কর্মসূচি অপরিহার্য। শিক্ষককে শুধু পাঠ্যপুস্তকের ব্যাখ্যাকারী হিসেবে নয়, বরং একজন শিক্ষণ-সহযাত্রী, পরামর্শদাতা, নৈতিক পথপ্রদর্শক এবং উদ্ভাবনের অনুঘটক হিসেবে গড়ে তুলতে হবে। একজন দক্ষ শিক্ষক শিক্ষার্থীদের কৌতূহল জাগিয়ে তোলেন, প্রশ্ন করতে উদ্বুদ্ধ করেন এবং ভুলকে শেখার সুযোগে রূপান্তরিত করেন। বাস্তবে শিক্ষা ব্যবস্থার রূপান্তর কোনো দপ্তরের নীতিপত্রে নয়, বরং শ্রেণীকক্ষের প্রতিদিনের শিক্ষণ-শিখন প্রক্রিয়াতেই ঘটে। সুতরাং কার্যকর শিক্ষক প্রশিক্ষণই শিক্ষা সংস্কারের সবচেয়ে শক্তিশালী ও নির্ভরযোগ্য ভিত্তি।

মূল্যায়ন ব্যবস্থায় মৌলিক সংস্কার আজ সময়ের দাবি। এককালীন লিখিত পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থীর সামগ্রিক যোগ্যতা, যেমন বিশ্লেষণক্ষমতা, সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা কিংবা নৈতিক বোধ, যথাযথভাবে পরিমাপ করা বাস্তবসম্মত নয়। দীর্ঘদিন ধরে চালু থাকা পরীক্ষাকেন্দ্রিক শিক্ষা শিক্ষার্থীদের মুখস্থনির্ভর করে তোলে এবং শেখার গভীরতা ও অর্থবহতা সীমিত করে দেয়। আধুনিক শিক্ষাদর্শে তাই মূল্যায়নকে কেবল ফল নির্ধারণের উপায় হিসেবে নয়, বরং শেখার প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখা হয়। এই দৃষ্টিকোণ থেকে ধারাবাহিক মূল্যায়ন, প্রকল্পভিত্তিক কাজ, দলগত উপস্থাপনা এবং বাস্তব জীবনের সমস্যা সমাধানভিত্তিক কার্যক্রম শিক্ষার্থীর প্রকৃত দক্ষতা, সৃজনশীলতা ও প্রয়োগক্ষমতাকে আরও কার্যকরভাবে তুলে ধরে। এ ধরনের মূল্যায়ন পদ্ধতি শিক্ষার্থীদের বিশ্লেষণ, অনুসন্ধানী মনোভাব এবং উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করে, পাশাপাশি শিক্ষাকে কেবল পরীক্ষার প্রস্তুতির গণ্ডি থেকে বের করে এনে বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত করে। তাই শিক্ষাকে যদি সত্যিকার অর্থে গভীর, দক্ষতাভিত্তিক এবং জীবনমুখী করতে হয়, তবে মূল্যায়ন কাঠামোর এই রূপান্তরই হতে পারে শিক্ষা ব্যবস্থার সবচেয়ে কার্যকর এবং টেকসই পরিবর্তনের ভিত্তি।

একটি আধুনিক, কার্যকর ও সময়োপযোগী শিক্ষা পরিকল্পনা গড়ে তুলতে হলে শিল্পখাত ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দৃঢ় ও প্রাতিষ্ঠানিক সংযোগ অপরিহার্য। যেসব দেশে বিশ্ববিদ্যালয় ও শিল্পের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে, সেসব দেশে উদ্ভাবন, গবেষণা কার্যক্রম এবং কর্মসংস্থানের হার তুলনামূলকভাবে বেশি। বিপরীতে, যদি উচ্চশিক্ষা কেবল তাত্ত্বিক জ্ঞান প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং শ্রমবাজারের বাস্তব চাহিদা থেকে বিচ্ছিন্ন থাকে, তাহলে স্নাতকদের একটি বড় অংশ দক্ষতার ঘাটতিতে ভোগে এবং কর্মসংস্থানে পিছিয়ে পড়ে। এই ব্যবধান দূর করতে বিশ্ববিদ্যালয়-শিল্প যৌথ গবেষণা, বাধ্যতামূলক ইন্টার্নশিপ, লাইভ প্রজেক্ট, ইনোভেশন ল্যাব এবং স্টার্টআপ সহায়তা কাঠামো গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা শিক্ষার্থীদের ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন, সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তা মানসিকতা বিকাশে সহায়তা করতে পারে। ফলে শিক্ষা শুধু চাকরিপ্রার্থী তৈরি করবে না, বরং নতুন কর্মসংস্থান সৃষ্টিকারী উদ্যোক্তাও গড়ে তুলবে। একইসঙ্গে, পাঠ্যক্রম পর্যালোচনা ও সংস্কার প্রক্রিয়াকে অবশ্যই অংশগ্রহণমূলক, তথ্যভিত্তিক এবং প্রমাণনির্ভর হতে হবে। কারণ শিক্ষা সংস্কার যদি কেবল প্রশাসনিক পর্যায়ে সীমাবদ্ধ থাকে এবং বাস্তব শ্রেণীকক্ষের অভিজ্ঞতা ও শিক্ষকদের মতামতকে প্রতিফলিত না করে, তবে তা দীর্ঘমেয়াদী টেকসই হয় না। সর্বোপরি, শিক্ষা কোনো বিচ্ছিন্ন খাত নয়, এটি একটি জাতির ভবিষ্যৎ গঠনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত, তাই এর প্রতিটি সিদ্ধান্ত হওয়া উচিত দূরদর্শী, অন্তর্ভুক্তিমূলক এবং বাস্তবভিত্তিক।

শিক্ষা কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি হাতিয়ার নয়। এটি একটি জাতির নৈতিক শক্তি, সামাজিক সংহতি এবং বুদ্ধিবৃত্তিক স্বাধীনতার ভিত্তি নির্মাণের প্রক্রিয়া। একটি দেশের উন্নয়ন শুধু অবকাঠামো, জিডিপি বা প্রযুক্তিগত অগ্রগতির সূচকে সীমাবদ্ধ থাকে না। বরং তা নির্ধারিত হয় নাগরিকদের চিন্তার গভীরতা, মূল্যবোধের দৃঢ়তা এবং যুক্তিবোধের পরিপক্কতার মাধ্যমে। এই প্রেক্ষাপটে শিক্ষা সংস্কারের লক্ষ্য শুধু কর্মসংস্থানের উপযোগী মানবসম্পদ তৈরি নয়, বরং দায়িত্বশীল, সচেতন ও নৈতিক নাগরিক গড়ে তোলা। তাই এই ঘোষণাকে যদি কেবল নীতিগত বক্তব্যে সীমাবদ্ধ না রেখে একটি সুপরিকল্পিত কর্মপন্থা, পর্যাপ্ত ও টেকসই বিনিয়োগ, শিক্ষক-কেন্দ্রিক সক্ষমতা উন্নয়ন, তথ্যনির্ভর মূল্যায়ন এবং কার্যকর বাস্তবায়ন কৌশলের মাধ্যমে এগিয়ে নেওয়া যায়, তবে এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মোড়ে পরিণত হতে পারে। কারণ বিশ্বমানের শিক্ষা কোনো জনপ্রিয় স্লোগান নয়। এটি একটি সুসমন্বিত, ধাপে ধাপে বাস্তবায়িত, অন্তর্ভুক্তিমূলক এবং গবেষণাভিত্তিক রূপান্তরের দীর্ঘ যাত্রা। এই যাত্রার সফলতা নির্ধারণ করবে শুধু আগামী প্রজন্মের ভবিষ্যৎ নয়, বরং একটি জাতির সামগ্রিক গতিপথ, তার বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা এবং বিশ্বে তার মর্যাদার অবস্থান।

Leave your review