
প্রকৃত শিক্ষক আসলে কে? এই প্রশ্নটি আমাকে প্রায়ই গভীরভাবে ভাবিয়ে তোলে। যুগে যুগে মুনি-ঋষি, দার্শনিক ও প্রাজ্ঞজনেরা একজন আদর্শ শিক্ষকের পরিচয় নানা দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছেন। প্রাচীন গ্রীক দার্শনিকদের চিন্তাধারা থেকে শুরু করে প্রাচ্য ও পাশ্চাত্যের জ্ঞানী-গুণী ব্যক্তিদের আলোচনায় শিক্ষককে সমাজের এক মহান ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়েছে। তাঁরা শিক্ষককে কেবল জ্ঞানদাতা হিসেবেই নয়, বরং সমাজ গঠনের অন্যতম পথ প্রদর্শক হিসেবেও দেখেছেন। কিন্তু একবিংশ শতাব্দীর শিক্ষা-ব্যবস্থা ও শিক্ষকের বর্তমান বাস্তবতা পর্যালোচনা করলে অনেক সময় মনে হয়, শিক্ষকের সেই চির চেনা গুণাবলির দীপ্তি যেন অনেকাংশে ম্লান হয়ে এসেছে। পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আধুনিক যুগের শিক্ষকরা প্রযুক্তিনির্ভর ও নানাবিধ আধুনিক পদ্ধতিতে শিক্ষাদান করছেন। যা অবশ্যই সময়ের দাবি এবং অগ্রগতিরই অংশ। তবুও কখনো কখনো মনে হয়, প্রজ্ঞা ও গভীর জ্ঞানের চেয়ে যোগ্যতার প্রমাণপত্রের গুরুত্ব যেন ক্রমেই বেশি প্রাধান্য পাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায়, গভীরভাবে অধ্যয়ন ও চিন্তন করার পরিবর্তে যান্ত্রিকভাবে পাঠদান করার প্রবণতাই বেশি লক্ষণীয়। একই সঙ্গে আত্ম-সমালোচনা ও আত্ম-উন্নয়নের পরিবর্তে শিক্ষার্থীদের সমালোচনা করা কিংবা তাদের ভুল খুঁজে বের করার প্রবণতাও কখনো কখনো বেড়ে যায়। ফলে শিক্ষাদানের অন্তর্নিহিত মানবিকতা ও আত্মিক বন্ধনের জায়গাটি যেন ধীরে ধীরে সংকুচিত হয়ে আসে।
এই বাস্তবতার প্রেক্ষাপটে তাই বারবার মনে প্রশ্ন জাগে, প্রকৃত শিক্ষক কাকে বলা যায়? একজন শিক্ষক কি কেবল জ্ঞান বিতরণকারী, নাকি তিনি একজন পথপ্রদর্শক, যিনি শিক্ষার্থীদের চিন্তা করতে, প্রশ্ন করতে এবং সত্যের সন্ধান করতে অনুপ্রাণিত করেন? প্রশ্নটি শুনতে যত সহজ মনে হয়, তার উত্তর ততটাই গভীর। কারণ প্রকৃত শিক্ষক কেবল পাঠ্যপুস্তকের সীমাবদ্ধতায় আবদ্ধ নন। তিনি জ্ঞান, প্রজ্ঞা, মানবিকতা ও অনুপ্রেরণার এক জীবন্ত উৎস। তাঁর শিক্ষাদান কেবল শ্রেণীকক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বরং তা শিক্ষার্থীর চিন্তা, চরিত্র ও জীবনের পথচলাকে আলোকিত করে। প্রকৃত শিক্ষক বলতে অনেকেই মনে করেন, যিনি শিক্ষার্থীদের বেশি জ্ঞান দিয়ে, ভালো করে পড়িয়ে, তাদের পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করেন, তিনিই ভালো শিক্ষক। কিন্তু শিক্ষার প্রকৃত অর্থ যদি মানুষের সম্ভাবনাকে জাগিয়ে তোলা হয়, তবে প্রকৃত শিক্ষক সেই মানুষ যিনি শ্রেণি কক্ষের সবচেয়ে পিছিয়ে পড়া, অবহেলিত এবং “অমেধাবী” বলে পরিচিত শিক্ষার্থীটির হাত ধরে তাকে আলোর পথে নিয়ে যেতে পারেন। যে ছাত্রটি সবার চোখে ব্যর্থ, যে পড়াশোনায় মন দিতে পারে না, যে ক্লাসে বার বার ভুল করে, নানান দুশ্চিন্তার কারণে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে পারে না, এবং যার দিকে কেউ তেমন গুরুত্ব দিয়ে তাকায় না, সেই অবহেলিত ও অমনোযোগী শিক্ষার্থীর ভেতরেও সম্ভাবনার আলো খুঁজে পান যে শিক্ষক। যিনি ধৈর্য, মমতা ও আন্তরিক যত্ন দিয়ে তাকে অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে নিয়ে যান, তিনিই প্রকৃত শিক্ষক। প্রকৃতপক্ষে একজন সত্যিকারের শিক্ষক সেই ব্যক্তি, যিনি নিজে অবিরাম শিখতে থাকেন এবং শেখার আনন্দ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেন। তিনি শিক্ষার্থীদের কেবল উত্তর দেন না। বরং তাদের মনে প্রশ্ন জাগিয়ে তোলেন। তাঁর শিক্ষা কেবল পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ থাকে না, বরং তা শিক্ষার্থীর জীবনবোধ, নৈতিকতা ও মানবিকতাকে আলোকিত করে।
ছোটকালে প্রাথমিক কিংবা উচ্চ বিদ্যালয়ে পড়াকালীন সময়ে প্রতিটি শ্রেণি কক্ষে একটি অদ্ভুত বাস্তব বিভাজন প্রায়ই চোখে পড়ত। যদিও সেই সময়ে সেটা তেমন গভীরভাবে উপলদ্বি করতাম না। আজ বুজতে পরি এই বাস্তবতা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ–পূর্ব এশিয়ার অনেক শ্রেণীকক্ষে পরিলক্ষিত হয়। একই কক্ষে বসে থাকা শিক্ষার্থীদের মধ্যেই যেন অদৃশ্য দুটি জগত তৈরি হয়ে যায়। একদিকে থাকে কিছু শিক্ষার্থী, যারা সাধারণত সামনের বেঞ্চে বসে, আত্ম-বিশ্বাসের সঙ্গে শিক্ষকের প্রশ্নের উত্তর দেয়, নিয়মিত ভালো ফল করে এবং দ্রুতই শিক্ষকদের প্রশংসা ও স্বীকৃতি পায়। অনেক সময় তাদেরই “আদর্শ ছাত্র” বা “উদাহরণ” হিসেবে পুরো ক্লাসের সামনে তুলে ধরা হয়। কিন্তু অন্যদিকে থাকে আরেকটি দল। যাদের শেখার পথটি এতটা সহজ নয়। তারা হয়তো বারবার ভুল করে, পাঠ পুরোপুরি বুঝতে পারে না, নানা পারিবারিক, মানসিক বা সামাজিক চাপে মনোযোগ ধরে রাখতে পারে না। ধীরে ধীরে তাদের জায়গা হয়ে যায় পেছনের বেঞ্চে। অনেক সময় তারা শিক্ষকের ধমক, বকুনি বা শাস্তির মুখোমুখি হয়। কখনো পুরো ক্লাসের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়, কখনো সহপাঠীদের সামনে বিব্রত বা অপমানিত হতে হয়। এই অভিজ্ঞতা কেবল দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়। আফ্রিকা, লাতিন আমেরিকা কিংবা বিশ্বের অনেক উন্নয়নশীল অঞ্চলের বিদ্যালয়েও প্রায় একই দৃশ্য দেখা যায়। ফলে সময়ের সঙ্গে সঙ্গে সেই শিক্ষার্থীরা নিজেদের সম্পর্কে এক ধরনের নেতিবাচক বিশ্বাস গড়ে তোলে। তারা মনে করতে শুরু করে যে তারা হয়তো সত্যিই অযোগ্য, তাদের পক্ষে ভালো করা সম্ভব নয়। এই নীরব মানসিক আঘাত ধীরে ধীরে তাদের আত্মবিশ্বাস, শেখার আগ্রহ এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে ক্ষয় করে দেয়, যা অনেক সময় শিক্ষাব্যবস্থার অদৃশ্য কিন্তু গভীর এক সংকটকে প্রকাশ করে।
আমি গ্রাম থেকেই বিদ্যালয়ের পাঠ চুকিয়েছি। গ্রামীণ বিদ্যালয়ে প্রায়ই দেখা যায়, পড়ায় দুর্বল শিক্ষার্থীরা তাদের অক্ষমতার জন্য নিয়মিত বকুনি বা শাস্তির মুখোমুখি হয়। পাঠ ঠিকভাবে বলতে না পারলে শিক্ষক ধমক দেন, কখনো কখনো কঠোর মন্তব্যও করেন। আমার স্কুলজীবনের স্মৃতিতে এমন অনেক সহপাঠীর ছবি আজও স্পষ্ট হয়ে আছে। প্রায় প্রতিদিনই তারা শিক্ষকদের শাস্তির মুখোমুখি হতো। শিক্ষক ডেকে পাঠালেই তারা অনেক সময় আর কোনো কথা বলত না। যেন আগে থেকেই জানত কি ঘটতে যাচ্ছে। নিঃশব্দে হাত বাড়িয়ে দিত, চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকত, এবং অসহ্য যন্ত্রণা সহ্য করত। সেই মুহূর্তগুলোতে তাদের মুখে লজ্জা, ভয় আর অসহায়তার এক অদ্ভুত মিশ্র অনুভূতি দেখা যেত। মনে হতো যেন তারা ধীরে ধীরে বিশ্বাস করতে শিখছে যে ভুল করাই তাদের স্বাভাবিক ভাগ্য। দুঃখের বিষয়, কিছু শিক্ষকও এই শিক্ষার্থীদের মধ্যে সম্ভাবনার কোনো আলো দেখতে পেতেন না। তাদের চোখে তারা কেবল “দুর্বল” বা “অযোগ্য” ছাত্র। যাদের থেকে বিশেষ কিছু আশা করার নেই। অথচ সেই নীরব, ভীত মুখগুলোর ভেতরেও যে অজস্র অপ্রকাশিত স্বপ্ন, সম্ভাবনা ও প্রতিভা লুকিয়ে থাকতে পারে, তা অনেক সময় অদেখাই থেকে যেত। ফলে কিছু শিক্ষার্থী এমন পর্যায়ে পৌঁছে যায় যে তারা শিক্ষককে দেখলেই ভীত হয়ে পড়ে। তাদের মনে সবসময় একটি আতঙ্ক কাজ করে। সামান্য ভুল হলেই হয়তো আবার সবার সামনে অপমানিত হতে হবে। এই ভয় ধীরে ধীরে তাদের শেখার আগ্রহকে কমিয়ে দেয় এবং শ্রেণীকক্ষকে তাদের কাছে নিরাপদ জায়গার বদলে ভয়ের জায়গায় পরিণত করে। অষ্টম শ্রেনীতে পড়াকালীন সময়ে আরেকটি ব্যাপার লক্ষ্য করলাম। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে আলাদা করে বসানো হলো। পরীক্ষায় যারা ভালো ফল করার সৌভাগ্য লাভ করেছে তাদেরকে সামনের সারিতে বসানো হলো। আর যাদের ফল তুলনামূলক দুর্বল তারা পেছনের বেঞ্চে জায়গা পেলো। বাইরে থেকে এটি হয়তো একটি সাধারণ শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা বলে মনে হতে পারে। কিন্তু এই ছোট ছোট আচরণগুলো অজান্তেই শিক্ষার্থীদের মনে এক গভীর বার্তা পৌঁছে দেয়: “তুমি অন্যদের মতো নও, তুমি তাদের থেকে কম।” সময়ের সঙ্গে সঙ্গে এই নীরব বার্তাই একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাসকে ক্ষয় করে, তাকে নিজের সামর্থ্য নিয়ে সন্দিহান করে তোলে এবং অনেক সময় শেখার আনন্দ ও সাহসকে ধীরে ধীরে ভেঙে দেয়। কিন্তু যাকে আমরা সহজেই “অমেধাবী” বলে মনে করি, সে কি সত্যিই অমেধাবী? অনেক সময় একজন শিক্ষার্থীর পড়াশোনায় দুর্বলতার পেছনে থাকে নানা বাস্তবতা, যা আমরা বাইরে থেকে দেখতে পাই না। হয়তো তার পরিবারে দারিদ্র্য আছে, বাড়িতে পড়াশোনার পরিবেশ নেই, বাবা–মা শিক্ষিত নন, কিংবা তাকে সংসারের নানা কাজে সাহায্য করতে হয়। অনেক শিক্ষার্থীই আবার মানসিক চাপের মধ্য দিয়ে বড় হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবই কিন্তু একইভাবে শেখে না। কেউ গল্প শুনে ভালো বোঝে, কেউ ছবি দেখে দ্রুত শেখে, আবার কেউ হাতে–কলমে কাজের মাধ্যমে বিষয়টি উপলব্ধি করতে পারে। কিন্তু যখন একজন শিক্ষার্থীকে বারবার বলা হয় যে সে কিছুই পারে না, তখন ধীরে ধীরে সে নিজেই তা বিশ্বাস করতে শুরু করে। এই বিশ্বাসই তার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। এক সময় সে চেষ্টা করার আগেই ধরে নেয় যে সে পারবে না। ফলে তার সম্ভাবনার দরজাগুলো একে একে বন্ধ হয়ে যেতে থাকে। অথচ হয়তো একটু সহানুভূতি, একটু উৎসাহ এবং শেখার ভিন্ন পথ দেখাতে পারলে সেই শিশুটিও নতুনভাবে নিজের সক্ষমতাকে আবিষ্কার করতে পারত। প্রকৃত শিক্ষা তখনই অর্থবহ হয়, যখন তা কেবল মেধাবীদের সামনে এগিয়ে নেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের হাত ধরেও আলোর পথে হাঁটতে শেখায়।
এখানেই একজন প্রকৃত শিক্ষকের ভূমিকা শুরু হয়। তিনি জানেন যে প্রতিটি শিশুর শেখার গতি আলাদা, প্রতিটি মনের দরজা খোলার চাবিও আলাদা। একজন সত্যিকারের শিক্ষক বেত বা ভয় দিয়ে শেখান না। তিনি উৎসাহ, ধৈর্য এবং ভালোবাসা দিয়ে শেখান। তিনি ব্যর্থতাকে শাস্তি হিসেবে দেখেন না, বরং শেখার একটি ধাপ হিসেবে দেখেন। যে ছাত্রটি বারবার ভুল করে, তার ওপরই তিনি সবচেয়ে বেশি সময় দেন, কারণ তিনি জানেন যে একটু সহানুভূতি একটি শিশুর জীবনের দিক বদলে দিতে পারে। শিক্ষা জগতে এমন অনেক উদাহরণ আছে যেখানে একজন শিক্ষক একটি শিশুর ভবিষ্যৎ বদলে দিয়েছেন। ইতিহাসে দেখা যায়, যেসব শিশু একসময় “দুর্বল” বা “অযোগ্য” হিসেবে পরিচিত ছিল, তাদের অনেকেই পরে বড় বিজ্ঞানী, শিল্পী বা নেতা হয়েছেন। কারণ কোনো এক শিক্ষক তাদের ওপর বিশ্বাস করেছিলেন। ভারতে বা বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে এমন শিক্ষক আছেন যারা স্কুল শেষ হওয়ার পরও দুর্বল ছাত্রদের নিয়ে বসেন, নিজের টাকায় বই কিনে দেন বা তাদের বাড়িতে গিয়ে খোঁজ নেন। এই ছোট ছোট কাজগুলো সেই ছাত্রদের মনে নতুন আশা জাগায়।
ধরা যাক একটি সাধারণ শ্রেণীকক্ষের কথা। সেখানে একটি ছেলে আছে যে প্রায়ই পড়া পারে না, ক্লাসে চুপচাপ থাকে এবং সবাই তাকে “দুর্বল ছাত্র” বলে জানে। অনেক শিক্ষক তাকে বকা দেন, সহপাঠীরা তাকে নিয়ে হাসাহাসি করে। কিন্তু একদিন একজন নতুন শিক্ষক তাকে অন্য চোখে দেখলেন। তিনি তাকে বকেননি, বরং তার সঙ্গে কথা বললেন, তার আগ্রহ কি তা জানার চেষ্টা করলেন। ধীরে ধীরে সেই ছাত্রটি বুঝতে পারল যে কেউ তাকে অবহেলা করছে না, বরং বিশ্বাস করছে। কয়েক মাসের মধ্যেই তার আচরণ বদলে গেল। সে ক্লাসে আগ্রহ নিয়ে পড়তে শুরু করল। এই পরিবর্তন ঘটল কারণ একজন শিক্ষক তার মধ্যে সম্ভাবনা দেখেছিলেন। একজন প্রকৃত শিক্ষক কখনো ছাত্রদের তুলনা করে ছোট করেন না। তিনি জানেন যে একটি ফুল যেমন নিজের সময় অনুযায়ী ফোটে, তেমনি প্রতিটি শিশুর বিকাশের সময়ও আলাদা। কেউ দ্রুত শেখে, কেউ ধীরে শেখে, কিন্তু সবার মধ্যেই সম্ভাবনা থাকে। একজন ভালো শিক্ষক সেই সম্ভাবনাকে ধৈর্য দিয়ে লালন করেন। তিনি জানেন যে শিক্ষা শুধু বইয়ের জ্ঞান নয়। শিক্ষা মানুষের আত্মবিশ্বাস গড়ে তোলে, তাকে মানুষ হিসেবে গড়ে তোলে।
সমাজের সবচেয়ে গভীর অবদানটি হয়তো সেই শিক্ষকই রেখে যান, যিনি শ্রেণীকক্ষের সবচেয়ে অবহেলিত ছাত্রটির জীবন বদলে দেন। কারণ যখন সেই নীরব, পিছিয়ে পড়া ছাত্রটি আবার নিজের ওপর বিশ্বাস করতে শেখে, তখন বদলে যায় শুধু তার ভবিষ্যৎ নয়, বদলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় পুরো সমাজের। একজন শিক্ষক যখন একটি ভেঙে পড়া ছাত্রকে আবার দাঁড়াতে শেখান, তখন তিনি শুধু একজন শিক্ষার্থীকে সাহায্য করেন না; তিনি একটি সম্ভাবনাময় ভবিষ্যৎকে বাঁচিয়ে তোলেন। শ্রেণীকক্ষের পেছনের বেঞ্চে বসে থাকা নীরব ছাত্রটির মধ্যেও লুকিয়ে থাকতে পারে অসীম শক্তি, অজানা প্রতিভা এবং অদেখা স্বপ্ন। সবাই সেই সম্ভাবনাকে দেখতে পায় না। কিন্তু একজন প্রকৃত শিক্ষক তা দেখতে পান এবং সেই সম্ভাবনাকে জাগিয়ে তোলার সাহসও রাখেন। কারণ তিনি জানেন, ইতিহাস বারবার আমাদের শিখিয়েছে অনেক সময় সবচেয়ে উজ্জ্বল আলো জন্ম নেয় ঠিক সেই জায়গা থেকেই, যাকে সবাই অন্ধকার বলে এড়িয়ে যায়। আর সেই আলো জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা একজন প্রকৃত শিক্ষকের হাতেই থাকে।