
বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন দায়িত্ব গ্রহণ করেই সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন যে দেশের শিক্ষা কারিকুলাম পুনর্মূল্যায়ন করে একটি বৈশ্বিক মানসম্পন্ন শিক্ষা পরিকল্পনা প্রণয়ন করা হবে। দীর্ঘ রাজনৈতিক ও শিক্ষা খাতে কাজের অভিজ্ঞতাসম্পন্ন একজন রাজনীতিবিদ তিনি। অতীতে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি এবং তখন “নকল মুক্ত পরীক্ষা” ও শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে ব্যাপক উদ্যোগ নেন, যা জনসাধারণের মধ্যে সেই সময় ব্যাপক আলোচিত হয়। দ্রুত পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থা, চতুর্থ শিল্প বিপ্লবের অভিঘাত, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার, বৈশ্বিক শ্রমবাজারের প্রতিযোগিতা এবং জ্ঞানভিত্তিক অর্থনীতির বিস্তারের প্রেক্ষাপটে এই ঘোষণা নিঃসন্দেহে সময়োপযোগী এবং প্রত্যাশিত। আমাদের শিক্ষা ব্যবস্থা দীর্ঘদিন ধরে নানা সংস্কার ও পরীক্ষামূলক প্রয়াসের ভেতর দিয়ে এগিয়েছে, কিন্তু বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে টেকসই ও সুসংহত রূপান্তর এখনো সম্পূর্ণভাবে ঘটেনি। ফলে শিক্ষার্থীদের একটি বড় অংশ পরীক্ষা ভিত্তিক সাফল্য অর্জন করলেও বৈশ্বিক পরিসরে প্রয়োজনীয় দক্ষতা ও অভিযোজন ক্ষমতায় পিছিয়ে থাকছে। এই প্রেক্ষাপটে কারিকুলাম পুনর্মূল্যায়নের উদ্যোগ কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়। এটি ভবিষ্যৎ প্রজন্মের জ্ঞান, দক্ষতা ও মানবিকতার ভিত্তি পুনর্গঠনের এক গুরুত্বপূর্ণ সুযোগ। তবে “গ্লোবাল স্ট্যান্ডার্ড” শব্দটি যেন কেবল একটি আকর্ষণীয় নীতিবাক্যে সীমাবদ্ধ না থাকে, কিংবা আন্তর্জাতিক প্রবণতার অন্ধ অনুকরণে পরিণত না হয়। বৈশ্বিক মান অর্জন মানে কেবল বিদেশি কাঠামো গ্রহণ নয়, বরং গবেষণা নির্ভর পরিকল্পনা, প্রেক্ষিতভিত্তিক অভিযোজন, দক্ষ শিক্ষক প্রস্তুতি, প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং জবাবদিহিমূলক বাস্তবায়ন নিশ্চিত করা। এই ঘোষণাকে কার্যকর রূপান্তরের ভিত্তিতে রূপ দিতে হলে প্রয়োজন সুস্পষ্ট পরিকল্পনা, অংশগ্রহণমূলক নীতি-প্রণয়ন এবং দীর্ঘমেয়াদি রাজনৈতিক অঙ্গীকার। এখন দায়িত্ব নীতিনির্ধারকদের। তারা কি সত্যিই এই মুহূর্তটাকে ইতিহাসে পরিণত করবেন, নাকি এটিকে আরেকটি অঙ্গীকারেই সীমাবদ্ধ রাখবেন।
বর্তমান বিশ্বে জ্ঞানের বিস্তার অভূতপূর্ব। ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তির কারণে তথ্য এখন হাতের মুঠোয়। আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোর তথ্য বলছে, বিশ্বব্যাপী প্রতিদিন বিপুল পরিমাণ তথ্য উৎপাদিত হচ্ছে। সেই কারনে, কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন ও রোবটিক্সের বিস্তারের ফলে শ্রমবাজারের চাহিদাও দ্রুত বদলে যাচ্ছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে বারবার উল্লেখ করা হয়েছে যে ভবিষ্যৎ কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন হবে বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি, সমস্যা সমাধানের দক্ষতা, সৃজনশীলতা, প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা এবং অভিযোজন যোগ্যতা। বিশ্ব বাস্তবতায় দেখা যায়, যে সব দেশ শিক্ষার্থীদের বিশ্লেষণী ক্ষমতা ও বাস্তব জীবনভিত্তিক যুগোপযোগী দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিচ্ছে, সেই সব দেশগুলোই বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে। অথচ আমাদের প্রথাগত শিক্ষাব্যবস্থায় এখনো মুখস্থ নির্ভরতা ও পরীক্ষা কেন্দ্রিকতা প্রাধান্য পায় বলে শিক্ষার্থীরা জটিল সমস্যা বিশ্লেষণ বা নতুন ধারণা উদ্ভাবনে পিছিয়ে থাকছে। বাস্তবতা হলো, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে কেবল ডিগ্রি বা সনদ কর্ম সংস্থানের নিশ্চয়তা দেয় না। বরং প্রয়োজন বহু মাত্রিক দক্ষতা, যোগাযোগ ক্ষমতা, দলগত কাজের মানসিকতা এবং ডিজিটাল সাক্ষরতা। আমাদের কারিকুলাম যদি এখনো মূলত তথ্য ভিত্তিক ও নম্বর কেন্দ্রিক থাকে, তবে শিক্ষার্থীরা কেবল সার্টিফিকেট ধারী হয়ে উঠবে, কিন্তু দক্ষ মানবসম্পদে রূপান্তরিত হবে না। তাই নতুন শিক্ষা পরিকল্পনায় দক্ষতা ভিত্তিক শিক্ষা, প্রকল্প নির্ভর শেখা এবং প্রয়োগমুখী মূল্যায়নকে অগ্রাধিকার দেওয়া এখন সময়ের দাবি।
প্রযুক্তি এখন শিক্ষার পরিপূরক নয়, বরং তার অবিচ্ছেদ্য অংশ। কোভিড–১৯ মহামারির সময় বিষয়টি বিশ্বব্যাপী স্পষ্ট হয়ে ওঠে। প্রায় ১৯০টিরও বেশি দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে ইউনেস্কোর তথ্য অনুযায়ী ১৬০ কোটির বেশি শিক্ষার্থী শ্রেণীকক্ষের বাইরে চলে যায়। সেই সংকটময় সময়ে ডিজিটাল প্ল্যাটফর্ম, ভার্চুয়াল ক্লাসরুম ও অনলাইন কনটেন্টই শিক্ষাকে সচল রাখার প্রধান ভরসা হয়ে দাঁড়ায়। বর্তমান বিশ্ব বাস্তবতায় প্রযুক্তি ছাড়া আধুনিক শিক্ষা কল্পনা করা কঠিন। তবে প্রযুক্তি সংযোজন মানেই কেবল স্মার্টবোর্ড বসানো বা অনলাইন ক্লাস চালু করা নয়। প্রকৃত অর্থে প্রযুক্তি কার্যকর হয় তখনই, যখন তা শিক্ষণ–শেখার দর্শন, পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন কাঠামোর সঙ্গে কৌশলগত ভাবে সংযুক্ত হয়। অর্থাৎ প্রযুক্তি হবে লক্ষ্য অর্জনের মাধ্যম, লক্ষ্য নিজে নয়। একই সঙ্গে মনে রাখতে হবে, প্রযুক্তি যেন শিক্ষককে প্রান্তিক না করে। প্রশিক্ষিত ও সচেতন শিক্ষকের দিকনির্দেশনা ছাড়া প্রযুক্তি কেবল একটি যন্ত্রমাত্র। শিক্ষকই শিক্ষার প্রাণ। প্রযুক্তি তার সক্ষমতাকে বিস্তৃত করে, বিকল্প তৈরি করে না। সুতরাং প্রযুক্তিকে মানবিক শিক্ষার প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, বরং শক্তিশালী সহায়ক অবকাঠামো হিসেবে দেখতে হবে। সঠিক প্রয়োগে এটি শেখাকে আরও অন্তর্ভুক্তিমূলক, তথ্য নির্ভর ও ইন্টার্যাক্টিভ করে তুলতে পারে। এই সূক্ষ্ম ভারসাম্য মানবিক বোধ ও প্রযুক্তিগত সক্ষমতার সমন্বয় রক্ষা করাই আগামী দিনের শিক্ষা সংস্কারের অন্যতম বড় চ্যালেঞ্জ।
তবে বৈশ্বিক মানে পৌঁছাতে গিয়ে স্থানীয় বাস্তবতাকে বিসর্জন দিলে চলবে না। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের অর্থ এই নয় যে আমরা আমাদের নিজস্ব ইতিহাস, সংস্কৃতি, ভাষা ও সামাজিক অভিজ্ঞতাকে উপেক্ষা করব। বিশ্বায়নের যুগে সফল শিক্ষা ব্যবস্থাগুলোর দিকে তাকালে দেখা যায়, তারা বৈশ্বিক দক্ষতা অর্জনের পাশাপাশি নিজেদের সাংস্কৃতিক পরিচয়কে দৃঢ়ভাবে ধারণ করেছে। শিক্ষাবিদরা দীর্ঘদিন ধরে বলে আসছেন যে প্রেক্ষিত ভিত্তিক শিক্ষা শিক্ষার্থীর শেখাকে গভীর ও অর্থবহ করে তোলে। একটি কার্যকর কারিকুলাম অবশ্যই দেশের অর্থনৈতিক কাঠামো, সামাজিক বৈচিত্র্য, ভৌগোলিক বাস্তবতা ও উন্নয়ন চ্যালেঞ্জের সঙ্গে সংযুক্ত থাকবে। আমাদের কৃষি খাত এখনো বৃহৎ জনগোষ্ঠীর জীবিকার উৎস। জলবায়ু পরিবর্তনের প্রভাব, নদী ভাঙন, নগরায়ণ, শিল্পায়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়ন, এসব বাস্তব বিষয়কে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা গেলে শিক্ষা জীবনের সঙ্গে সংযোগ স্থাপন করবে। একই সঙ্গে বৈশ্বিক নাগরিকত্ব, প্রযুক্তিগত দক্ষতা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীদের বিশ্ব পরিসরে প্রতিযোগিতায় সক্ষম করে তুলবে। বৈশ্বিক দক্ষতা ও স্থানীয় চাহিদার এই সুষম সমন্বয়ই হবে সফল কারিকুলামের চাবিকাঠি। অন্যথায় শিক্ষা কেবল তাত্ত্বিক আলোচনায় সীমাবদ্ধ থাকবে, যা পরীক্ষার খাতায় স্থান পাবে, কিন্তু বাস্তব জীবনের সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবে না।
কারিকুলাম যত আধুনিকই হোক, তার সাফল্য শেষ পর্যন্ত নির্ভর করে শিক্ষক কতটা প্রস্তুত তার ওপর। শিক্ষা সংস্কারের মূল চালিকাশক্তি আসলে শিক্ষক মান। যেসব দেশ ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করছে, তারা শিক্ষক প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। নতুন শিক্ষা দর্শন, দক্ষতা ভিত্তিক পাঠদান বা ধারাবাহিক মূল্যায়ন কাঠামো প্রবর্তন করা তুলনামূলক ভাবে সহজ। কিন্তু শিক্ষক যদি না বোঝেন কেন এই পরিবর্তন আনা হয়েছে এবং কীভাবে তা বাস্তবে প্রয়োগ করতে হবে, তাহলে সংস্কার কেবল নীতিমালার নথিতেই সীমাবদ্ধ থাকবে। উদাহরণ হিসেবে ধরা যাক, কারিকুলামে যদি “সমালোচনামূলক চিন্তা” বা “সমস্যা সমাধান দক্ষতা” অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু শিক্ষক যদি কেবল মুখস্থ ভিত্তিক প্রশ্ন করেন, তাহলে শিক্ষার্থীর দক্ষতা বিকাশের সুযোগই তৈরি হবে না। আবার ধারাবাহিক মূল্যায়ন চালু হলেও, যদি শিক্ষক তা কেবল নম্বর দেওয়ার আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখেন, তবে শিক্ষার্থীর শেখার অগ্রগতি বোঝা সম্ভব হবে না। এ কারণে এককালীন প্রশিক্ষণ যথেষ্ট নয়। প্রয়োজন ধারাবাহিক পেশাগত উন্নয়ন, যেখানে শিক্ষক নিয়মিত প্রশিক্ষণ নেবেন, সহকর্মীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করবেন এবং প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বাড়াবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, শিক্ষককে কেবল পাঠ্যবই ব্যাখ্যাকারী হিসেবে নয়, বরং শেখার সহযাত্রী হিসেবে গড়ে তোলা। তিনি হবেন মেন্টর, নৈতিক দিশারি এবং উদ্ভাবনের অনুঘটক। একজন দক্ষ শিক্ষক শিক্ষার্থীর কৌতূহল জাগিয়ে তোলেন, প্রশ্ন করতে উৎসাহ দেন এবং ভুল থেকে শেখার সুযোগ তৈরি করেন। শিক্ষা ব্যবস্থার প্রকৃত রূপান্তর কোনো দপ্তরে নয়, শুরু হয় শ্রেণীকক্ষে। আর সেই শ্রেণীকক্ষের কেন্দ্রবিন্দুতে থাকেন শিক্ষকই। তাই শিক্ষক প্রস্তুতিই শিক্ষা সংস্কারের সাফল্যের সবচেয়ে নির্ভরযোগ্য ভিত্তি।
মূল্যায়ন ব্যবস্থায় মৌলিক সংস্কার এখন সময়ের দাবি। এককালীন লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীর সামগ্রিক সক্ষমতা, বিশ্লেষণী দক্ষতা, সৃজনশীলতা কিংবা নৈতিক বোধ পরিমাপ করা বাস্তবে সম্ভব নয়। পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা শিক্ষার্থীদের মুখস্থ নির্ভরতা বাড়ায় এবং শেখার গভীরতাকে সীমিত করে। অথচ আধুনিক শিক্ষাদর্শনে মূল্যায়নকে শেখার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা হয়, যা কেবল ফল নির্ধারণ করে না, শেখার দিকনির্দেশনাও দেয়। ধারাবাহিক মূল্যায়ন, প্রকল্প ভিত্তিক কাজ, দলীয় উপস্থাপনা,কেস স্টাডি ও বাস্তব সমস্যার সমাধান ভিত্তিক কাজ শিক্ষার্থীর প্রকৃত দক্ষতা ও প্রয়োগ ক্ষমতা তুলে ধরে। এ ধরনের মূল্যায়ন শিক্ষার্থীদের বিশ্লেষণ, গবেষণা ও উদ্ভাবনে উৎসাহিত করে এবং শেখাকে পরীক্ষার প্রস্তুতির গণ্ডি থেকে বের করে আনে। মূল্যায়ন পদ্ধতি যেভাবে গড়ে তোলা হয়, শিক্ষার্থীর শেখার ধরনও সেভাবেই গড়ে ওঠে। সুতরাং যদি আমরা শেখাকে গভীর, দক্ষতা ভিত্তিক ও জীবনমুখী করতে চাই, তবে মূল্যায়ন কাঠামোর পরিবর্তনই হতে পারে শিক্ষার রূপান্তরের সবচেয়ে কার্যকর চালিকাশক্তি।
একটি আধুনিক ও কার্যকর শিক্ষা পরিকল্পনায় শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সুসংহত সেতুবন্ধন অপরিহার্য। বিশ্বজুড়ে দেখা যাচ্ছে, যেসব দেশে বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা জোরদার, সেসব দেশেই উদ্ভাবন, গবেষণা ও কর্মসংস্থানের হার তুলনামূলকভাবে বেশি। উচ্চশিক্ষা যদি কেবল তাত্ত্বিক জ্ঞান প্রদানেই সীমাবদ্ধ থাকে এবং শ্রমবাজারের বাস্তব চাহিদা থেকে বিচ্ছিন্ন থাকে, তবে স্নাতকদের একটি বড় অংশ দক্ষতার ঘাটতিতে ভুগবে। বিশ্ববিদ্যালয়-শিল্প যৌথ গবেষণা, বাধ্যতামূলক ইন্টার্নশিপ, লাইভ প্রজেক্ট, উদ্ভাবন ল্যাব এবং স্টার্টআপ সহায়ক কাঠামো শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও উদ্যোক্তা মানসিকতা গড়ে তুলতে সহায়তা করতে পারে। এতে শিক্ষা কেবল চাকরি প্রার্থী তৈরি করবে না, বরং কর্মসংস্থান সৃষ্টিকারীও তৈরি করবে। শিক্ষা ও শ্রমবাজারের মধ্যে একটি চলমান সংলাপ, তথ্য আদান-প্রদান এবং ভবিষ্যৎ দক্ষতার পূর্বাভাস ভিত্তিক পরিকল্পনা গড়ে তোলাই হবে সময়োপযোগী পদক্ষেপ। এর পাশাপাশি কারিকুলাম রিভিউ প্রক্রিয়াটি অবশ্যই অংশগ্রহণমূলক হতে হবে। শিক্ষা সংস্কার যদি কেবল প্রশাসনিক স্তরে সীমাবদ্ধ থাকে এবং শ্রেণীকক্ষের বাস্তব অভিজ্ঞতা প্রতিফলিত না করে, তবে তা টেকসই হয় না। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গবেষক এবং শিল্পখাতের প্রতিনিধিদের মতামত ও গবেষণালব্ধ তথ্য অন্তর্ভুক্ত না করলে নীতিনির্ধারণ এক পাক্ষিক হয়ে পড়ার ঝুঁকি থাকে। একটি কার্যকর শিক্ষা সংস্কার সবসময় পরামর্শ ভিত্তিক, তথ্য সমর্থিত এবং প্রমাণ নির্ভর হয়। বিস্তৃত সংলাপ, মূল্যায়ন ও ধারাবাহিক পর্যালোচনার মাধ্যমে কারিকুলাম উন্নয়ন করা গেলে তা বাস্তবসম্মত ও দীর্ঘস্থায়ী হবে। শিক্ষা একটি জাতির সামগ্রিক ভবিষ্যতের সঙ্গে জড়িত; তাই এর সংস্কারও হতে হবে সমন্বিত, গবেষণানির্ভর এবং সকল অংশীজনের সক্রিয় অংশগ্রহণে নির্মিত।
শিক্ষা কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধির উপকরণ নয়। এটি একটি জাতির নৈতিক শক্তি, সামাজিক সংহতি এবং বৌদ্ধিক স্বাধীনতার ভিত্তি নির্মাণের প্রক্রিয়া। একটি দেশের উন্নয়ন কেবল অবকাঠামো, জিডিপি বা প্রযুক্তিগত অগ্রগতির ওপর নির্ভর করে না। তা নির্ভর করে নাগরিকদের চিন্তার গভীরতা, মূল্যবোধের দৃঢ়তা এবং যুক্তিবোধের পরিপক্বতার ওপর। সুতরাং শিক্ষা সংস্কার মানে কেবল কর্মসংস্থানের প্রস্তুতি নয়, বরং দায়িত্বশীল, মানবিক ও সচেতন নাগরিক গড়ে তোলার অঙ্গীকার। নবনিযুক্ত শিক্ষা মন্ত্রীর ঘোষণাটি যদি সুপরিকল্পিত রোডম্যাপ, পর্যাপ্ত ও টেকসই বিনিয়োগ, শিক্ষক-কেন্দ্রিক সক্ষমতা উন্নয়ন, তথ্যনির্ভর মূল্যায়ন এবং দক্ষ বাস্তবায়ন কৌশলের মাধ্যমে এগিয়ে নেওয়া যায়, তবে এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মোড় হয়ে উঠতে পারে। তবে নীতির ধারাবাহিকতা ও রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো দীর্ঘমেয়াদি শিক্ষা সংস্কার সফল হয় না; পরিবর্তনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সময়, ধৈর্য ও অবিচল প্রতিশ্রুতি প্রয়োজন। এখন প্রয়োজন দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব, সাহসী ও প্রমাণনির্ভর সিদ্ধান্ত, এবং এমন এক দীর্ঘমেয়াদি অঙ্গীকার যা সরকার পরিবর্তনের সঙ্গে বদলে যাবে না। বৈশ্বিক মানের শিক্ষা অর্জন কোনো তাৎক্ষণিক স্লোগান বা জনপ্রিয় ঘোষণা নয়। এটি একটি সমন্বিত, ধীর স্থির, অন্তর্ভুক্তিমূলক এবং গবেষণাভিত্তিক রূপান্তরের যাত্রা, যার সুফল ভোগ করবে আগামী প্রজন্ম এবং যার প্রভাব নির্ধারণ করবে জাতির ভবিষ্যৎ পথ রেখা।Top of Form