বাংলাদেশ প্রথম: শিক্ষা ও মানবসম্পদই হোক প্রথম অঙ্গীকার


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাম্প্রতিক নির্বাচনে নিরঙ্কুশ জয় অর্জন করে প্রায় দুই দশক পর আবার রাষ্ট্র ক্ষমতায় ফিরেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। নির্বাচনী প্রচারণায় ঘোষিত তাদের অঙ্গীকার “বাংলাদেশ প্রথম” শুধু একটি রাজনৈতিক ও জনগণের মন কাড়া আকর্ষণীয় কোন স্লোগান নয়। অন্তত: আমি তাই মনে করি।  এটি একটি নতুন রাষ্ট্র দর্শন হওয়ার দাবি রাখে। একটি জাতীয় পুনর্গঠনের প্রতিশ্রুতি। কিন্তু প্রশ্ন হলো: এই প্রতিশ্রুতি কীভাবে বাস্তবে রূপ নেবে? “বাংলাদেশ প্রথম” যদি কেবল আবেগের আহ্বান না হয়ে দীর্ঘমেয়াদি রাষ্ট্রনীতি হতে চায়, তবে তার সূচনা হতে হবে মানুষের মধ্য দিয়েই। অর্থনৈতিক শক্তি, প্রযুক্তিগত স্বনির্ভরতা, জলবায়ু সহনশীলতা কিংবা কূটনৈতিক আত্মবিশ্বাস, সব কিছুর ভিত্তি একটিই: মানবিক সক্ষমতা। আর সেই সক্ষমতার প্রধান নির্মাতা শিক্ষা। উন্নত দেশগুলোর অভিজ্ঞতা থেকে অন্তত এইটা স্পষ্ট, যে জাতি শিক্ষাকে অগ্রাধিকার দেয়, সেই জাতিই টেকসই অগ্রগতির পথ নির্মাণ করে। বাংলাদেশেও তাই শিক্ষাকে শুধু একটি খাত হিসেবে দেখা উচিত হবে না বরং এটি হওয়া উচিত জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক কৌশল এবং সামাজিক ন্যায়ের কেন্দ্রবিন্দু। “বাংলাদেশ প্রথম” মতাদর্শের বাস্তব রূপ দিতে হলে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শেখার দারিদ্র্য দূরীকরণে একটি সমন্বিত জাতীয় উদ্যোগ এখন সময়ের দাবি। শিক্ষাকে দিতে হবে অগ্রাধিকার। আনতে হবে আমূল পরিবর্তন। বিনিয়োগে হতে হবে আন্তরিক। ইউনেস্কো পরিসংখ্যান ইন্সটিটিউট–এর তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫১ শতাংশ শিশু ন্যূনতম পাঠ দক্ষতা অর্জন করতে অক্ষম। এইটা সত্যিই উদ্বেগজনক। যদিও সংখ্যাটা দক্ষিণ এশিয়ার গড়ের তুলনায় কিছুটা বেশী তবে উচ্চ আয়ের অর্থনীতির মানদণ্ডে আমরা এখনো অনেক পিছিয়ে আছি। এই বাস্তবতায়  “বাংলাদেশ প্রথম” কেবল রাজনৈতিক অঙ্গীকারে সীমাবদ্ধ থাকলে চলবে না। বরং এই সামাজিক ও রাজনৈতিক দর্শনটিকে শিক্ষা কেন্দ্রিক মানব পুঁজি বিপ্লবের সূচনায় রূপান্তর করতে হবে। এক নতুন শিক্ষা বিপ্লবের মাধ্যমে শুরু হোক নতুন বাংলাদেশ গড়ার এক নতুন প্রয়াস।

শিক্ষা কোনো দান নয়, কোনো সুযোগ নয়। এটি আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত এক অবিচ্ছেদ্য অধিকার। ১৯৭২ সালের সংবিধান যখন শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়, তখন কেবল একটি নীতিগত ঘোষণা করা হয়নি, বরং একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার করা হয়েছিল। কারণ শিক্ষা মানে শুধু পাঠ্যবই নয়, এটি চিন্তার স্বাধীনতা, প্রশ্ন করার সাহস এবং সম্ভাবনার দুয়ার উন্মোচনের শক্তি। যদি প্রতিটি শিশুর জীবনে শিক্ষা প্রথম অগ্রাধিকার হয়, তবে রাষ্ট্র ও সমাজের নীতিতেও তা সর্বোচ্চ স্থানে থাকা উচিত। রাজনৈতিক মতাদর্শ, ক্ষমতার পালাবদল কিংবা সাময়িক স্বার্থের ঊর্ধ্বে উঠে শিক্ষাকে দীর্ঘমেয়াদি জাতীয় বিনিয়োগ হিসেবে দেখতে হবে। সরকার যদি সত্যিকার অর্থে টেকসই উন্নয়ন চায়, তবে শিক্ষাকে কৌশলগত কেন্দ্রবিন্দুতে স্থাপন করা ছাড়া বিকল্প নেই। কারণ শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। এটি অর্থনীতিকে দক্ষ করে, কর্মশক্তিকে সক্ষম করে, উদ্ভাবনকে ত্বরান্বিত করে এবং জনস্বাস্থ্য ও সামাজিক স্থিতিশীলতাকে সুদৃঢ় করে। শিক্ষিত সমাজ অপরাধ কমায়, প্রতিযোগিতায় এগিয়ে যায়, নাগরিক অংশগ্রহণ বাড়ায় এবং সামগ্রিক সুখ ও মানবিকতা উন্নত করে। শক্তিশালী মানব পুঁজি ছাড়া কোনো জাতি বৈশ্বিক অঙ্গনে স্থায়ী অগ্রগতি অর্জন করতে পারে না। অতএব, একটি উন্নত, উৎপাদনশীল ও স্থিতিস্থাপক সমাজ গড়ার মূল চাবিকাঠি হলো একটি সুসংহত, অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা। শিক্ষা যখন সত্যিকার অর্থে সবার জন্য নিশ্চিত হয়, তখনই জাতীয় অগ্রগতি কেবল একটি লক্ষ্য নয় বরং এক অনিবার্য বাস্তবতা হয়ে ওঠে।

বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই শিক্ষা খাতকে পুনর্গঠনের প্রয়াস অব্যাহত রয়েছে। জাতি গঠনের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে শিক্ষাকে স্বীকৃতি দিয়ে বিভিন্ন সময়ে সরকার একাধিক শিক্ষা সংস্কার কমিশন গঠন করেছে। স্বাধীনতা-উত্তর প্রথম দিকেই প্রণীত হয় কুদরত-এ-খুদা শিক্ষা কমিশন (১৯৭2), যা একটি বৈজ্ঞানিক, ধর্মনিরপেক্ষ ও মানবিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি নির্মাণের রূপরেখা দেয়। পরবর্তীতে কাজী জাফর আহমেদ শিক্ষা কমিশন (১৯৭৭), মজিদ খান শিক্ষা কমিশন (১৯৮৫), মফিজউদ্দিন আহমেদ শিক্ষা কমিশন (১৯৮৮), এবং শামসুল হক শিক্ষা কমিশন (১৯৯৭) শিক্ষাব্যবস্থার কাঠামোগত ও নীতিগত উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ সুপারিশ প্রদান করে। সর্বশেষ, ২০০৯ সালে অধ্যাপক কবির চৌধুরী–এর নেতৃত্বে প্রণীত জাতীয় শিক্ষা নীতি শিক্ষা খাতকে যুগোপযোগী ও অন্তর্ভুক্তিমূলক করার একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। তবুও প্রশ্ন রয়ে যায়, এত উদ্যোগ, এত নীতি-প্রণয়ন, এত সুপারিশের পরও আমরা কি একটি দৃঢ়, মানসম্মত ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পেরেছি? কাঠামোগত সংস্কার এবং কাগুজে পরিকল্পনার বাইরে বাস্তবায়নের ঘাটতি আজও আমাদের প্রধান চ্যালেঞ্জ। শিক্ষার পরিধি বেড়েছে, কিন্তু গুণগত মানের নিশ্চয়তা এখনো অনিশ্চিত। পরিসংখ্যান এই বাস্তবতাকে আরও স্পষ্ট করে তোলে। ইউনিসেফ এর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে প্রাথমিক শিক্ষায় ভর্তির হার প্রায় ৯৫ শতাংশে পৌঁছেছে. যা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। কিন্তু এই সাফল্যের আড়ালে লুকিয়ে আছে গভীর সংকট। প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন প্রাথমিক শিক্ষা সম্পন্ন করতে পারে না। অর্থাৎ, বিদ্যালয়ে প্রবেশ নিশ্চিত হলেও শিক্ষাজীবন ধরে রাখা এখনো একটি বড় চ্যালেঞ্জ রয়ে গেছে।

আরও উদ্বেগজনক বিষয়টি হলো শেখার মান। দশ বছর বয়সে ৫৯ শতাংশেরও বেশি শিশু একটি সাধারণ পাঠ্য পড়ে বুঝতে পারে না। এটি কেবল একটি পরিসংখ্যান নয়। এটি আমাদের ভবিষ্যৎ মানব পুঁজির সক্ষমতা নিয়ে এক কঠিন সতর্কবার্তা। বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো যথেষ্ট নয়। শিক্ষার্থীরা কি শিখছে, কতটা দক্ষতা অর্জন করছে এবং বাস্তব জীবনে তা প্রয়োগ করতে পারছে কি না, এই প্রশ্নগুলোই এখন মুখ্য। অতএব, স্বাধীনতার পর থেকে ধারাবাহিক সংস্কার প্রচেষ্টা সত্ত্বেও আমাদের শিক্ষা ব্যবস্থায় একটি মৌলিক রূপান্তর এখনো অপূর্ণ। “বাংলাদেশ প্রথম”এর মতো একটি উচ্চাভিলাষী জাতীয় অঙ্গীকার বাস্তবায়ন করতে হলে শিক্ষাকে কেবল নীতির ভাষায় নয়, বাস্তব কর্মপরিকল্পনায় সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। কারণ, শক্তিশালী মানব পুঁজি ছাড়া কোনো উন্নয়নই টেকসই হয় না, আর মানব পুঁজির ভিত্তি গড়ে ওঠে শ্রেণি কক্ষেই।

মাধ্যমিক স্তরে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী নিয়মিতভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে না। ঝরে পড়ার হার প্রায় ৩৫–৪০ শতাংশ। যদিও গত বছরগুলোতে এসএসসি পরীক্ষায় পাসের হার প্রায়ই ৮০ শতাংশের বেশি, তবু নম্বরের অস্বাভাবিক বৃদ্ধি ও কোচিং নির্ভরতার বিষয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। উচ্চশিক্ষায় মোট ভর্তির হার ২২–২৫ শতাংশের মধ্যে সীমিত, যা অনেক উদীয়মান এশীয় দেশের তুলনায় কম। শিক্ষা খাতে ব্যয়ও তুলনামূলকভাবে খুবই কম, জিডিপির প্রায় ২ শতাংশ, যেখানে শিক্ষা খাতে ইউনেস্কো ৪–৬ শতাংশ বরাদ্দের পরামর্শ দেয়। উচ্চশিক্ষায় গবেষণামূলক সম্পৃক্ততা এখনও দুর্বল। স্কোপাসের তথ্য অনুযায়ী, বৈশ্বিক গবেষণা প্রকাশনায় বাংলাদেশের অবদান ০.২ শতাংশেরও কম। অথচ পাশের দেশগুলির দিকে একটু নজর দিলে বুঝতে অসুবিধা হবে না যে আমরা কোথায় অবস্থান করছি। একই গবেষণা প্রকাশনার পরিসংখ্যান অনুযায়ী, ইন্ডিয়া প্রায় ৬–৭ শতাংশ অবদান রেখে তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছে। অন্যদিকে মালয়েশিয়া ও থাইল্যান্ড সাধারণত ০.৫–০.৮ শতাংশের মধ্যে অবদান রাখছে। এমন কি যে পাকিস্তানও অবদান রাখছে ০.৩–০.৫ শতাংশের মধ্যে। যদিও সরকারি ও বেসরকারি উভয় খাতেই শিক্ষার বিস্তার ঘটেছে অভাবনীয় ভাবে, তবে তা গবেষণার মানোন্নয়ন বা কর্মসংস্থানের ক্ষেত্রে প্রতিফলিত হয়নি। শিল্পখাতের বিভিন্ন প্রতিবেদনে দেখা যায়, ৪০ শতাংশেরও বেশি নিয়োগকর্তা দক্ষতার ঘাটতির কথা উল্লেখ করেছেন। পাশাপাশি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার পর্যাপ্ত প্রসার না থাকায় শ্রমবাজারের সঙ্গে শিক্ষার সমন্বয় দুর্বল রয়ে গেছে। সব মিলিয়ে বোঝা যায়, সকল স্তরে ধারাবাহিকভাবে মানসম্পন্ন ও শক্তিশালী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ এখনও কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারেনি।

তরুণদের সুশিক্ষিত ও সৃজনশীল ভাবে গড়ে তুলতে পারলেই ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করা সম্ভব। একজন প্রকৃত দূরদর্শী নেতা কেবল তাৎক্ষণিক উন্নয়নের কথা ভাবেন না। তিনি মানুষ ও দেশের দীর্ঘ মেয়াদি অগ্রগতিকে বেশি গুরুত্ব দেন। শিক্ষা কোনো দলীয় বা পক্ষপাতমূলক বিষয় নয়। এটি হওয়া উচিত জাতীয় অগ্রাধিকার। তাহলে প্রশ্ন আসে, সরকার কীভাবে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন শুরু করতে পারে? প্রথমেই স্বীকার করতে হবে যে সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ বিদ্যালয়ে ভর্তির সুযোগ বাড়াতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সাক্ষরতার হার বেড়েছে এবং লিঙ্গ সমতায়ও উন্নতি হয়েছে। কিন্তু এখন মূল চ্যালেঞ্জ শুধু শিক্ষায় প্রবেশাধিকার নয়। বরং শিক্ষার মান, সময়োপযোগিতা, পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা এবং মানবসম্পদ উন্নয়ন। বিশ্ব অর্থনীতি এখন জ্ঞানভিত্তিক প্রতিযোগিতার দিকে এগিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন, ডিজিটাল রূপান্তর, মেটাভার্স ও চতুর্থ শিল্প বিপ্লব বর্তমান বিশ্বকে নতুনভাবে গড়ে তুলছে। এই বাস্তবতায় বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত “দক্ষতা আগে” নীতি গ্রহণ করা। এ লক্ষ্য সামনে রেখে জাতীয় শিক্ষা সংস্কার কাঠামোতে কিছু কৌশলগত অগ্রাধিকার অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা যেতে পারে।

প্রথমত, আমাদের শিক্ষাব্যবস্থায় বিশ্বাসযোগ্যতা থেকে দক্ষতা ভিত্তিক পরিবর্তন আনতে হবে। শিক্ষায় সাফল্যের মানদণ্ড কেবল সার্টিফিকেট বা পরীক্ষার ফল নয়। শিক্ষার্থীরা কতটা প্রাসঙ্গিক ও কার্যকর দক্ষতা অর্জন করছে, সেটিই হওয়া উচিত মূল বিবেচ্য বিষয়। আমরা কি ভেবেছি, এত উচ্চশিক্ষিত মানুষ থাকা সত্ত্বেও কেন অনেকেই চাকরি পান না? এর একটি বড় কারণ হলো নিয়োগ কর্তাদের প্রত্যাশা ও শিক্ষার বাস্তবতার মধ্যে ব্যবধান। নিয়োগ কর্তারা নিয়মিতভাবে বিশ্লেষণাত্মক চিন্তাশক্তি, যোগাযোগ দক্ষতা, ডিজিটাল সাক্ষরতা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং অন্যান্য দক্ষতার ঘাটতির কথা উল্লেখ করেন। অথচ আমাদের পাঠ্যক্রম এখনো বেশিরভাগ ক্ষেত্রে বিষয়বস্তুর পরিমাণের ওপর জোর দেয়, দক্ষতার ফলাফলের ওপর নয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উচিত পাঠ্যক্রমকে এমনভাবে পুনর্গঠন করা, যাতে জ্ঞানার্জনের পাশাপাশি দক্ষতা বিকাশও নিশ্চিত হয়। প্রথমে একজন মানুষ হিসেবে শিক্ষার্থীর বিকাশ, তারপর পেশাজীবী হিসেবে তার প্রস্তুতি। এই ধারায় অভ্যন্তরীণ শিক্ষার গুরুত্ব অপরিসীম। এ ধরনের শিক্ষা আত্মসচেতনতা, মূল্যবোধের বিকাশ, সমালোচনামূলক চিন্তা এবং সামাজিক দায়বদ্ধতার ওপর গুরুত্ব দেবে। এছাড়া শিল্প ও শিক্ষাক্ষেত্রের ঘনিষ্ঠ সহযোগিতা অত্যন্ত জরুরি। বিশেষ করে উচ্চশিক্ষায় প্রকল্প-ভিত্তিক শিক্ষা, কাঠামোবদ্ধ ইন্টার্নশিপ এবং প্রয়োগমূলক গবেষণায় অংশীদারিত্ব শ্রেণীকক্ষের তাত্ত্বিক জ্ঞান ও কর্মক্ষেত্রের বাস্তবতার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারে। আমাদের মনে রাখতে হবে, একটি আত্মবিশ্বাসী জাতি শুধু স্নাতক তৈরি করে না; তারা এমন দক্ষ, সচেতন ও সক্ষম মানুষ গড়ে তোলে, যারা নিজ নিজ শিল্পক্ষেত্রে নেতৃত্ব দিতে প্রস্তুত।

দ্বিতীয়ত, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে নতুনভাবে গুরুত্ব দেওয়ার সময় এসেছে। বহু বছর ধরে এই ধারাকে প্রথাগত শিক্ষার তুলনায় গৌণ হিসেবে দেখা হয়েছে। অথচ বিশ্বের উন্নত অর্থনীতিগুলো বার বর প্রমাণ করেছে উচ্চমানের কারিগরি শিক্ষা জাতীয় প্রতিযোগিতার শক্ত ভিত্তি গড়ে তোলে। অর্থনৈতিক বৈচিত্র্যকরণের লক্ষ্যে আমাদের আরও বেশি দক্ষ টেকনিশিয়ান, প্রকৌশলী ও প্রশিক্ষিত কর্মীর প্রয়োজন। তাই “বাংলাদেশ প্রথম” শিক্ষা কৌশলের আওতায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে সমান মর্যাদায় উন্নীত করতে হবে। পাশাপাশি দক্ষ কাজের সামাজিক ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বাড়ানো জরুরি। অর্থনৈতিক সার্বভৌমত্ব কেবল তাত্ত্বিক জ্ঞান দিয়ে অর্জিত হয় না। এর জন্য প্রয়োজন হাতে-কলমে কাজের দক্ষতা ও প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা। তৃতীয়ত, ডিজিটাল সাক্ষরতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা এখন জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হচ্ছে। যে দেশগুলো সম্পূর্ণভাবে আমদানি করা প্রযুক্তির ওপর নির্ভরশীল, তারা কৌশলগত ঝুঁকির মুখে থাকে। তাই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আন্তঃবিষয়ক কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স গবেষণায় অগ্রাধিকার দিতে হবে, যাতে স্থানীয় সমস্যার স্থানীয় সমাধান তৈরি করা যায়। একই সঙ্গে শিক্ষক প্রশিক্ষণকে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। কেবল ডিজিটাল অবকাঠামো নির্মাণ করলেই হবে না; যদি শিক্ষণ-পদ্ধতিতে মৌলিক পরিবর্তন না আসে, তবে এর সুফল সীমিতই থাকবে। প্রকৃত রূপান্তরের জন্য প্রযুক্তি ও শিক্ষার সমন্বিত অগ্রগতি অপরিহার্য।

চতুর্থত, উচ্চশিক্ষায় গবেষণায় বিনিয়োগকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ সদস্যের উচিত নিয়মিতভাবে গবেষণামূলক কর্মকাণ্ডে যুক্ত থাকা এবং স্বীকৃত, ভালো জার্নালে প্রকাশনা নিশ্চিত করা। এতে জ্ঞানচর্চার মান যেমন উন্নত হবে, তেমনি আন্তর্জাতিক পরিসরেও দেশের অবস্থান শক্তিশালী হবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-এর উচিত প্রতিষ্ঠানগুলোকে গবেষণামুখী করে তুলতে আরও সক্রিয় ভূমিকা নেওয়া এবং মানসম্মত সূচিকৃত জার্নালের একটি তালিকা সংরক্ষণ করা। একই সঙ্গে জাতীয় উন্নয়ন কাঠামোর অগ্রাধিকারপ্রাপ্ত খাতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে গবেষণা-অংশীদারিত্বকে উৎসাহিত করতে হবে। এতে গবেষণার ফল সরাসরি নীতি ও বাস্তব প্রয়োগে অবদান রাখতে পারবে। পঞ্চমত, নাগরিক ও নীতিগত শিক্ষাকে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। নৈতিক ভিত্তি ছাড়া প্রাতিষ্ঠানিক বা অর্থনৈতিক রূপান্তর দীর্ঘস্থায়ী হয় না। বরং তা অস্থিতিশীলতার ঝুঁকি তৈরি করে। শিক্ষার মূলধারায় সমালোচনামূলক চিন্তাশক্তি, সংবিধান সম্পর্কে সুস্পষ্ট ধারণা, বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার ওপর জোর দিতে হবে।

“বাংলাদেশ প্রথম” কেবল আবেগনির্ভর দেশপ্রেমের আহ্বান নয়। এটি দেশপ্রেমকে কার্যকর ও উৎপাদনশীল শক্তিতে রূপান্তর করার এক ঐতিহাসিক সুযোগ। জাতীয় গৌরবের আসল মাপকাঠি বাগ্মিতা নয়, প্রস্তুতি। বিশ্ববাজারে প্রতিযোগিতার প্রস্তুতি, প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতা এবং টেকসই উদ্ভাবনের মানসিকতা। এই প্রস্তুতির কেন্দ্রে রয়েছে মানব পুঁজি। প্রাকৃতিক সম্পদ সীমিত হতে পারে, ভৌগোলিক সুবিধা বদলে যেতে পারে। কিন্তু দক্ষ, সৃজনশীল ও নৈতিকভাবে দৃঢ় নাগরিকই একটি জাতির সবচেয়ে বড় কৌশলগত সম্পদ। মানব পুঁজি নিজে নিজে তৈরি হয় না। এটি গড়ে ওঠে পরিকল্পিত বিনিয়োগ, নীতির ধারাবাহিকতা এবং দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির মাধ্যমে। যদি নীতিনির্ধারকেরা সময়োপযোগী পাঠ্যক্রম সংস্কার করেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে নতুনভাবে শক্তিশালী করেন, শিক্ষায় ডিজিটাল রূপান্তরকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেন এবং গবেষণা ও উদ্ভাবনে টেকসই অর্থায়ন নিশ্চিত করেন, তবে বাংলাদেশ শ্রমনির্ভর প্রবৃদ্ধির সীমা ছাড়িয়ে জ্ঞাননির্ভর নেতৃত্বের পথে এগোতে পারবে। তখন তরুণরা কেবল চাকরিপ্রার্থী থাকবে না, তারা হবে উদ্ভাবক, উদ্যোক্তা এবং বৈশ্বিক নাগরিক। এই অবস্থায় “বাংলাদেশ প্রথম” যেন কোনো বিচ্ছিন্নতাবাদী স্লোগানে পরিনত না হয়। এটি হবে প্রস্তুতির প্রতীক। একটি আত্মবিশ্বাসী জাতির পরিচয়। যে নিজের সামর্থ্যে বিশ্বাস করে এবং শিক্ষার শক্তিতে নিজের ভবিষ্যৎ গড়তে চায়। সত্যিকার অর্থে এই দর্শন বাস্তবায়িত হবে তখনই, যখন প্রতিটি শ্রেণীকক্ষ হয়ে উঠবে জাতীয় অগ্রগতির কর্মশালা, আর প্রতিটি শিক্ষার্থী হবে আগামীর বাংলাদেশের নির্মাতা।

 

Leave your review