
“এতক্ষণে অরিন্দম কহিলো বিষাদে”, এই বহু চর্চিত পঙক্তিটি রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত তাঁর যুগান্তকারী সৃষ্টি মেঘনাদবধ কাব্যে, যা প্রথম প্রকাশিত হয় ১৮৬১ সালে। ঊনবিংশ শতাব্দীর সেই সন্ধিক্ষণে, যখন বাংলা সাহিত্য ইউরোপীয় ভাবধারা, ট্র্যাজেডি ও আধুনিক আত্ম সংঘাতের ভাষা আয়ত্ত করতে শুরু করেছে। এই পঙক্তিটির মধ্যে নিহিত আছে কাব্যের এক গভীর নাটকীয় মুহূর্ত, যেখানে দীর্ঘ নীরবতা, দ্বিধা ও অন্তর্দ্বন্দ্বের পর ‘অরিন্দম’ নামক বীর চরিত্রটি অবশেষে বেদনাভরা কণ্ঠে কথা বলে ওঠে। মধুসূদনের উদ্দেশ্য ছিল বীরত্বের একমাত্রিক গৌরব নয়, বরং বীরের মানবিক দুর্বলতা, সংশয় ও আত্ম উপলব্ধিকে সামনে তুলে আনা। আর এই দর্শনটিই বাংলা সাহিত্যে এক নতুন নান্দনিক ও দার্শনিক বাঁক এনে দেয়। সে কারণেই এই একটি লাইন কেবল একটি কবিতার অংশ হয়ে থাকেনি। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পঙক্তিটি বাঙালির সাংস্কৃতিক পরিমণ্ডলে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। উচ্চ বিদ্যালয়ের পাঠ্যসূচিতে পড়ে, পরীক্ষার খাতায় ব্যাখ্যা লিখতে লিখতে, মুখস্থ করতে করতে। প্রায় সব বাঙালিই এই পঙক্তিটির সঙ্গে পরিচিত হয়েছে। ফলে আজও এই লাইনটি উচ্চারিত হলেই বহু বাঙালির মনে জেগে ওঠে সেই পরিচিত অনুভব: দীর্ঘ নীরবতার পর সত্য বলার অনিবার্য মুহূর্ত, যা সাহিত্যের সীমানা ছাড়িয়ে জীবনের গভীর সত্যে পরিণত হয়েছে। এই পঙক্তিটি মানব সভ্যতার সেই চিরন্তন মুহূর্তকে উপস্থাপিত করে, যখন শক্তি, অহংকার ও আত্মবিশ্বাসের দীর্ঘ অধ্যায়ের পর বাস্তবতা মানুষকে থামিয়ে দিয়ে বলে, এবার সত্য কথা বলা জরুরি এবং সত্য কথাটা তখন সত্যি সত্যিই বেড়িয়ে আসে। ভূ-রাজনীতিতে এই সামাজিক দর্শনটি আজ যেন নতুন ভাবে দৃশ্যমান হয়েছে।
যারা বিশ্ব রাজনীতি নিয়ে বুঝে বা না বুঝে সব সময় সরব থাকেন, তারা আজ হাড়ে হাড়ে উপলব্ধি করছেন, ভণ্ডামির মুখোশ এবার উন্মোচিত হয়েছে। আজকের ইউরোপের অবস্থান ঠিক তেমনই এক “এতক্ষণ”-এর পরের মুহূর্ত। শতাব্দীর পর শতাব্দী ধরে যে ইউরোপ নিজেকে সারা বিশ্বে উপস্থাপন করেছে সভ্যতার অগ্রদূত, নৈতিকতার মানদণ্ড এবং বৈশ্বিক নেতৃত্বের প্রতীক হিসেবে। গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতা, বাক-স্বাধীনতা এই শব্দগুলো ইউরোপের কণ্ঠেই সবচেয়ে দৃঢ়ভাবে উচ্চারিত হয়েছে। কিন্তু ইতিহাসের প্রতিটি অহংকারের পর যেমন আসে এক আত্ম জিজ্ঞাসার কাল, আজকের ইউরোপও তেমন এক সন্ধিক্ষণের মুখোমুখি। দাঁড়িয়ে আছে এক কঠিন বাস্তবতার সামনে। যুদ্ধ, শক্তির রাজনীতি, জ্বালানি সংকট, নিরাপত্তা হীনতা ও কূটনৈতিক দ্বিধার মুখে ইউরোপ আজ আর নির্বিকার বক্তা নয়। সে নিজেই আজ প্রশ্নবিদ্ধ চরিত্র। এই প্রেক্ষাপটে “অরিন্দম” আর কোনো একক বীর নন। অরিন্দম হয়ে উঠেছে পুরো ইউরোপীয় সভ্যতা, যে এতদিন নীতির ভাষায় কথা বলেছে, দূরত্ব রেখে সিদ্ধান্ত নিয়েছে, শক্ত অবস্থানকে নৈতিকতার সমার্থক ভেবেছে। কিন্তু আজ, দীর্ঘ নীরবতা ও আত্ম-প্রত্যয়ের পর, ইউরোপকে কথা বলতেই হচ্ছে “বিষাদে”, এক ধরনের স্বীকারোক্তির স্বরে। এই স্বরে নেই কোন বিজয়ের উল্লাস, আবার পরাজয়ের বিলাপও নেই। এই যেন এক পরিণত সভ্যতার কণ্ঠ। যে বুঝতে শুরু করেছে যে কেবল বিরোধিতা করে ইতিহাসকে সামলানো যায় না, কেবল শক্তি দিয়ে স্থিতিশীলতাকে রক্ষা করা যায় না। দীর্ঘ চার বছর ধরে, এমনকি তারও আগে ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখলের পর থেকে ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে যে সংঘাতের পথে পশ্চিমা বিশ্ব হেঁটেছে, তার প্রকৃত মূল্য তারা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। একদিকে রাষ্ট্রীয় কোষাগার থেকে বিপুল অঙ্কের অর্থ ব্যয়, অন্যদিকে অস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে আসা, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এছাড়াও ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থা আজ গভীর অনিশ্চয়তার মুখে। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরে মতপার্থক্য ও রাজনৈতিক বিভাজন ক্রমশ স্পষ্ট হচ্ছে, যা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণকে আরও কঠিন করে তুলছে। এক দেশের স্বার্থ আরেক দেশের উদ্বেগের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ায় ইউরোপীয় দেশগুলো কূটনৈতিক ও কৌশলগত দিক থেকে এক ধরনের বেকায়দায় পড়েছে।
মধুসূদনের পঙক্তিটি তাই আজ আক্ষরিক অর্থেই প্রাসঙ্গিক। কারণ আমরা আজ এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে যুদ্ধ, শক্তির ভারসাম্য, নিরাপত্তা ও কূটনৈতিক সংলাপ নিয়ে ইউরোপের কণ্ঠে যে পরিবর্তনের সুর শোনা যাচ্ছে, তা আরও জটিল ও অভিজ্ঞতা ভিত্তিক। এতদিন উচ্চকিত ছিল একধরনের আত্ম-বিশ্বাসী নীরবতা। এখন তা মৌলিক প্রশ্নে পরিণত হয়েছে। আজ ইউরোপের উচ্চারণ আর আগের মতো এক-রৈখিক নয়। এতে আছে দ্বিধা, আত্ম-সমালোচনা এবং ভবিষ্যৎ নিয়ে গভীর সংশয়। কীভাবে যুদ্ধ থামবে, কীভাবে নিরাপত্তা গোরা থেকে গড়ে উঠবে, এবং কীভাবে স্থায়ী সংলাপ সম্ভব? এই “কহিলো” আসলে ইউরোপের নিজের সঙ্গেই সংলাপ। সে কি ছিল, কি হতে চেয়েছিল, আর বাস্তবতায় কি হয়ে উঠছে। যখন কোনো সভ্যতা উপলব্ধি করে যে নীরব থাকা আর সম্ভব নয়, আর আগের ভাষায় কথা বলাও চলবে না, তখনই সে নিজেকে নতুন করে প্রশ্ন করে। বিশেষ করে জার্মানি ও ফ্রান্সের সাম্প্রতিক মন্তব্য এই বাস্তববোধেরই প্রতিফলন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলতে বাধ্য হয়েছেন যে, যদি বিদ্যমান শান্তি আলোচনায় স্থায়ী সমাধান না আসে তবে ইউরোপকে তার সরাসরি কাঠামো ও কৌশল নিয়ে রাশিয়ার সঙ্গে গঠনমূলক সংলাপের পথ খুঁজতে হবে। এতে দুই পক্ষের অস্তিত্ব ও নিরাপত্তা উভয়ের স্বার্থই বিবেচনায় রাখা হবে। একইভাবে জার্মান চ্যান্সেলরও বলেছেন যে, রাশিয়ার পুতিনের সাথে কথা বলার সময় এসেছে। যুদ্ধ অব্যাহত রাখা অর্থহীন। সেই প্রেক্ষাপটে কথার টেবিলে ফিরে আসার সুযোগ তৈরির জন্যই ইউরোপীয় কণ্ঠে নতুন বাস্তববোধ প্রয়োজন। এ পরিবর্তিত সুর একটি গভীর কৌশলগত পুনর্মূল্যায়ন, যেখানে ইউরোপীয় দেশগুলো প্রত্যক্ষ করেছে যে যুদ্ধের ফলাফল শুধুমাত্র সামরিক নয়, রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবেও সমগ্র মহাদেশকে প্রভাবিত করছে। তাই আজ ইউরোপ শুধু সিদ্ধান্ত ঘোষণা করছে না, বরং নিজের সীমাবদ্ধতা স্বীকার করে আবারো প্রশ্ন করছে, কীভাবে ভবিষ্যৎ নিরাপত্তা গঠিত হবে, কীভাবে স্থায়ী শান্তির বীজ বোনা যাবে, এবং কীভাবে শক্তি ও সংলাপ একসাথে কাজ করতে পারে। মধুসূদনের মতোই, এই উচ্চারণে তাই গর্জন কম, ভার বেশি। আত্মপ্রশংসা কম, উপলব্ধি বেশি।
অগ্রগণ্য এক মহাদেশ, সভ্যতার বহু শিখর উঠেও আজ যেন নিজেকেই প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করিয়েছে: শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা আসলে কীভাবে অর্জিত হবে? যুদ্ধের অভিঘাতে ইউরোপ-জুড়ে একের পর এক রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক সংকটের জন্ম হয়েছে, যা দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ধারণা ও নিরাপত্তা কাঠামোকে গভীরভাবে চ্যালেঞ্জ করছে। অথচ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের দৃঢ় নেতৃত্ব ও দূরদর্শী কৌশল রাশিয়াকে শত বাধা, কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপের বলয় ভেদ করে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে, যা বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে বিস্ময়ের জন্ম দিয়েছে। ইউরোপ ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করেছে যে রাশিয়াকে যুদ্ধের ময়দানে পরাজিত করা প্রায় অসম্ভব। বরং ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে উস্কে দিয়ে ইউরোপ নিজেই গভীর সংকটের দিকে এগিয়ে গেছে। এই উপলব্ধি ইউরোপের সামগ্রিক নিরাপত্তা দর্শনকে নতুন করে প্রশ্নবিদ্ধ করেছে: ন্যাটোর ছায়া কি সত্যিই যথেষ্ট, নাকি ইউরোপকে নিজস্ব নিরাপত্তা কাঠামো ও কৌশল নতুন করে নির্মাণ করতে হবে? ইউরোপীয় ইউনিয়ন গত এক দশক ধরে কৌশলগত স্বাতন্ত্র্য ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের নানা উদ্যোগ গ্রহণ করে আসছে। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর সেই প্রবণতা আরও তীব্র হয়েছে। এরই ধারাবাহিকতায় রাশিয়ার সঙ্গে ইইউর প্রায় সব সহযোগিতা কর্মসূচি স্থগিত করা হয়েছে, নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়েছে এবং কূটনৈতিক চাপকে একটি কেন্দ্রীয় নীতিগত হাতিয়ার হিসেবে সক্রিয়ভাবে ব্যবহার করা হচ্ছে।
তবে এই কঠোর অবস্থানের মধ্যেও ইউরোপের বাস্তবতা ক্রমেই আরও জটিল হয়ে উঠছে। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষণগুলো ইঙ্গিত দিচ্ছে যে ইউরোপ এখন আর কেবল একটি “দ্বিধাগ্রস্ত” পর্যায়ে নেই। বরং এটি বাস্তবিক অর্থে এক গভীর কৌশলগত পুনর্বিবেচনা, অর্থনৈতিক চাপ এবং রাজনৈতিক টানাপোড়েনের মুখোমুখি। বিশেষজ্ঞদের মতে, ইউরোপীয় ইউনিয়নের নেতারা বর্তমানে নিজেদের নীতিগত অবস্থান নতুন করে পর্যালোচনা করছেন এবং তথাকথিত “ঐক্যবদ্ধ বিরোধ” কৌশলটি দীর্ঘমেয়াদে কতটা টেকসই, সে বিষয়ে নতুন ভাষ্য ও কৌশলগত পথের সন্ধান করছেন। কারণ দীর্ঘস্থায়ী যুদ্ধের আর্থিক ও সামাজিক ব্যয় ইতোমধ্যেই বহু সদস্য রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ ও জনঅসন্তোষ সৃষ্টি করেছে। এই প্রেক্ষাপটে রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে ইউরোপের প্রতি “সহযোগিতার” প্রস্তাবও আলোচনায় এসেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ইউরোপের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারিত হলে উভয়ের সম্মিলিত উৎপাদন সক্ষমতা যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি হতে পারে। এই প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের ভেতরে ও বাইরে বহু-স্তরীয় কূটনৈতিক উত্তেজনা ও নীতিগত বিতর্কের জন্ম দিয়েছে। এই সম্ভাব্য সংযোগকে তাই ‘অপ্রত্যাশিত’ বলার সুযোগ নেই, বরং এটি ইউরোপের কঠিন বাস্তবতা ও সীমিত বিকল্পেরই প্রতিফলন। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন সংকট মোকাবিলায় কঠোর অবস্থানও বজায় রেখেছে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ অনির্দিষ্টকালের জন্য জব্দ করা, ইউক্রেনকে বিপুল অঙ্কের ঋণ ও সামরিক সহায়তা প্রদানের পরিকল্পনা গ্রহণ, এসব পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক দৃঢ়তা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার দৃষ্টান্ত। এসব সিদ্ধান্তের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা, ঐক্য ও সমন্বয় জোরদার করার প্রচেষ্টা স্পষ্ট হলেও, এর সঙ্গে সমান্তরালভাবে ভিন্নমত, আইনি প্রশ্ন ও নৈতিক বিতর্কও প্রবলভাবে উপস্থিত রয়েছে।
তবে এই জটিল কৌশলগত টানাপোড়েন ও দ্রুত বদলে যাওয়া ভূ-রাজনৈতিক বাস্তবতার কেন্দ্রে যে প্রশ্নটি সবচেয়ে গভীর ও মৌলিক হয়ে উঠেছে, তা হলো, স্থায়ী শান্তি ও নিরাপত্তা আসলে কীভাবে প্রতিষ্ঠিত হবে? রাশিয়ার যুদ্ধনীতি ও কূটনৈতিক ওঠানামা কেবল ইউরোপের পরিসরে সীমাবদ্ধ নয়। এটি ন্যাটো, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য প্রধান বিশ্বশক্তির কৌশলগত অবস্থানকেও সরাসরি প্রভাবিত করছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন এবং ট্রাম্প প্রশাসন-পরবর্তী সময়ে শুল্কনীতি, নিরাপত্তা দায়িত্ব ভাগাভাগি ও মিত্রদের প্রতি দৃষ্টিভঙ্গিতে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তা এই সম্পর্কগুলোর ভবিষ্যৎ গতিপথকে আরও অস্পষ্ট করে তুলেছে। এই প্রেক্ষাপটে ইউরোপের সামনে আজ একটি মৌলিক প্রশ্ন স্পষ্ট হয়ে উঠছে: রাশিয়ার বিরুদ্ধে বিরোধ ও নিষেধাজ্ঞাই কি একমাত্র বাস্তব সম্মত পথ, নাকি কূটনৈতিক পুনঃসংযোগ ও সমঝোতার জানালা খোলা সম্ভব? রাশিয়ার সাথে সম্পর্ক গড়ে তোলাই হয়তো হবে ইউরোপের জন্য সবচেয়ে উত্তম। রাষ্ট্রনেতা ও কূটনীতিকদের বক্তব্যে মাঝে মাঝে সম্পর্ক “পুনরুদ্ধার” কিংবা “নতুন পর্যায়ে” উত্তরণের ইঙ্গিত মিললেও, সেই সম্ভাবনা কি কেবল কৌশলগত ও রাজনৈতিক হিসাবের ফল, নাকি সত্যিকার অর্থে একটি টেকসই ও মানবিক শান্তির প্রতিশ্রুতি বহন করে? এই সমীকরণের অন্তরালে রয়েছে এক গভীর মানবিক বাস্তবতা। যুদ্ধের প্রত্যক্ষ ও পরোক্ষ অভিঘাতে সাধারণ মানুষের জীবন, জীবিকা, অর্থনৈতিক নিরাপত্তা এবং সামাজিক স্থিতি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে ভূরাজনৈতিক কৌশল ও শক্তির রাজনীতির বাইরে দাঁড়িয়ে শান্তি প্রশ্নটি আজ আর কেবল কূটনীতির বিষয় নয়। এটি সাধারণ মানুষের বেঁচে থাকা ও ভবিষ্যৎ নিরাপত্তার সঙ্গেও গভীরভাবে যুক্ত।
ইউরোপের এই বর্তমান বাস্তবতায় কবি মধুসূদনের সেই বিখ্যাত পঙক্তি যেন নতুন করে গভীর তাৎপর্য লাভ করে। একদিকে ইউরোপ প্রতিরোধ, সার্বভৌমত্ব ও স্বাধীনতা, রাষ্ট্রীয় অখণ্ডতা এবং নিরাপত্তার প্রশ্নে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়াকে অপরিহার্য মনে করছে। অন্যদিকে, দীর্ঘস্থায়ী সংকট ও অনিশ্চয়তার অভিজ্ঞতা থেকে বহু রাজনৈতিক নেতা এবং ইউরোপীয় জনগণের একটি বড় অংশ উপলব্ধি করছেন যে, ‘শান্তির সন্ধান’ ও কূটনৈতিক সংলাপও এড়ানো যায় না। এই দ্বৈত টানাপোড়েনই আজ ইউরোপীয় সিদ্ধান্ত গ্রহণকারীদের সামনে সবচেয়ে বড় বাস্তব প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শান্তি কি আবার কেবল একটি রাজনৈতিক প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ থাকবে, নাকি শক্তির পুনঃ প্রতিষ্ঠাই হবে চূড়ান্ত পথ? ইউরোপের বর্তমান অবস্থান শেষ পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ শিক্ষাই সামনে আনে, যে কোনো জটিলতা ও প্রতিকূলতার মুখে প্রয়োজন স্থির, দূরদর্শী ও নৈতিক নেতৃত্ব। এমন নেতৃত্ব, যা কেবল প্রতিরোধে নয়, বরং শান্তি, সংলাপ এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ওপর আস্থা রাখে। বিশ্বের সামনে ইউরোপের নতুন অধ্যায়টি গড়ে উঠছে এই দ্বৈত চ্যালেঞ্জকে কেন্দ্র করেই। যদি শান্তি অর্জনের লক্ষ্যে কৌশলগত নেতৃত্ব, সময়োপযোগী কূটনীতি ও মানবিক বিবেচনার কার্যকর সমন্বয় ঘটানো যায়, তবে ভবিষ্যৎ নির্মাণের পথ নতুনভাবে উন্মুক্ত হতে পারে।
শেষ পর্যন্ত “এতক্ষণে অরিন্দম কহিলো বিষাদে” আমাদের শিখিয়ে দেয় এক গভীর ও চিরন্তন পাঠ। ইতিহাসে কথা বলার সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্ত কখনোই আসে বিজয়ের উল্লাসে নয়; তা আসে ক্লান্তির প্রান্তে, দ্বিধার অতলে, অহংকার ভেঙে পড়ার পর। অরিন্দম বীরত্বের গর্জনে নয়, উপলব্ধির ভার বহন করেই কথা বলে, যেখানে শব্দের চেয়ে নীরবতাই বেশি অর্থবহ। আজ ইউরোপও যেন সেই একই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। শক্তির ভাষা থেকে সরে এসে ধীরে ধীরে আত্মসমালোচনার স্বরে প্রবেশ করছে। এই কথা বলা দুর্বলতার স্বীকারোক্তি নয়, বরং পরিণতির স্বাক্ষর। সভ্যতার ইতিহাস আমাদের জানায়, যে সমাজ কথা বলতে অস্বীকার করে, সে অবশ্যম্ভাবী-ভাবে ভেঙে পড়ে; আর যে সমাজ নিজের সীমা মেনে নিতে শেখে, সে-ই টিকে থাকে, নবায়িত হয়। ইউরোপের সামনে আজ সেই মৌলিক পরীক্ষা, সে কি শক্তির ভাষায় আবদ্ধ থাকবে, নাকি সংলাপের ঝুঁকি নেবে? সে কি নৈতিকতার একরৈখিক পাঠ পুনরাবৃত্তি করবে, নাকি বাস্তবতার কঠিন প্রশ্নগুলোর মুখোমুখি হওয়ার সাহস দেখাবে? মধুসূদনের অরিন্দম আমাদের স্মরণ করিয়ে দেয়, সত্য উচ্চারণের সাহস প্রায়ই আসে দেরিতে, কিন্তু সেই দেরিতেই লুকিয়ে থাকে ভবিষ্যতের বীজ। যদি ইউরোপ আজ সত্যিই “বিষাদে” কথা বলতে পারে, অহংকার নয়, উপলব্ধি নিয়ে, তবে এই মুহূর্তটি ইতিহাসে পরাজয়ের চিহ্ন হয়ে নয়, বরং এক নতুন বোধের সূচনাবিন্দু হিসেবে চিহ্নিত হতে পারে। কারণ সভ্যতার প্রকৃত শক্তি তার অস্ত্রে নয়, তার স্বীকারোক্তিতে। তার উচ্চারণে নয়, বরং দেরিতে হলেও সত্য বলার নৈতিক সাহসে।