অল্প বিদ্যা ভয়ংকর: ধর্ম, তত্ত্ব এবং দর্শন


জ্ঞান ও অজ্ঞতার মধ্যে যে দ্বন্দ্ব তা চিরকালই ছিল মানব সভ্যতার ইতিহাসে। তবে বিশ্বায়ন আর তথ্য প্রযুক্তির এই একবিংশ শতাব্দীর নব্য আধুনিক সময়ে এটি আরও জটিল আকার ধারণ করেছে। একদিকে প্রযুক্তির প্রসারের ফলে তথ্যের প্রবাহ আগের চেয়ে বহুগুণে বেড়েছে, অন্যদিকে মানুষের ধৈর্য একেবারে তলানিতে এসে ঠেকেছে। কমে গেছে বললে বড্ডো ভুল বলা হবে। গভীরভাবে শেখার প্রতি মানুষের আগ্রহ একেবারে হারিয়ে গেছে। মানুষ এখন জ্ঞানের গভীরে যাওয়ার পরিবর্তে খণ্ডিত তথ্য গ্রহণ করে সেটিকে চূড়ান্ত সত্য বলে ধরে নেয়। সোশ্যাল মিডিয়া, অর্ধেক সত্যের প্রচার, এবং অগভীর বিশ্লেষণের যুগে মানুষ গবেষণা বা পর্যবেক্ষণের পরিবর্তে তাৎক্ষণিক মতামত দেওয়া ও নিজেকে বিশেষজ্ঞ প্রমাণ করায় বেশি আগ্রহী। ধর্ম, দর্শন, বিজ্ঞান, এমনকি রাজনীতিতেও এই প্রবণতা লক্ষ্য করা যায়। যার ফলে সমাজে ভুল তথ্যের বিস্তার ঘটছে দ্রুততার সাথে। কুসংস্কার ও গোঁড়ামি এবং বিভ্রান্তির বাতাবরণে বেড়ে উঠা মানুষগুলোর চিন্তা-ভাবনায় নেমে এসেছে গভীর অস্থিরতা। চায়। যে জিনিষটা যতো সহজভাবে, চিন্তা না করে, সিরিয়াসলি না ভেবে হাতের মুঠোয় পাওয়া যায়, মানুষের বাহবা কিংবা সস্তা জনপ্রিয়তা অর্জন করা যায় সে জিনিষের প্রতিই মানুষেরা আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। মানুষের এই সীমাবদ্ধ মনোভাবই প্রমাণ করে যে অল্প বিদ্যা সত্যিই ভয়ংকর এবং এটি ব্যক্তি ও সমাজের জন্য মারাত্মক বিপদের কারণ হতে পারে।

 

আমরা সবসময় বলে থাকি সে একটা সময় ছিলো যখন জীবন ছিলো একটু অন্যরকম। সেই সময়ে যখন আমরা ছোট ছিলাম তখন অনেকেই আমরা একটা গল্প শুনেছিলাম। গল্পটা মূল মন্ত্রটা ছিলো অল্পবিদ্যা ভয়ংকর। আমি নিজেও এই গল্পটা অনেকবার শুনেছি। এ সময়র মানুষদের জন্য গল্পটা আবারো বলছি। একটি গ্রামে এক সহজ-সরল লোক বাস করত। ইংরেজি শেখার প্রতি তার গভীর আগ্রহ ছিল, তাই একদিন সে এক শিক্ষকের কাছে গিয়ে ইংরেজি শেখার ইচ্ছা প্রকাশ করল। শিক্ষক ধৈর্য ধরে তাকে শেখাতে শুরু করলেন। কিন্তু লোকটি শিখতে গিয়ে বারবার বিভ্রান্ত হচ্ছিল। ব্যাকরণের নিয়ম বুঝতে না পারায় তার শেখার অগ্রগতি ছিল খুব ধীর। দীর্ঘদিনের চেষ্টার পরেও সে মাত্র তিনটি ইংরেজি শব্দ মনে রাখতে পারল—‘হ্যাঁ’, ‘না’ এবং ‘খুব ভালো’। এই তিনটি শব্দ শিখেই সে আত্মবিশ্বাসী হয়ে ফিরে এলো এবং ভাবল, সে ইংরেজিতে পারদর্শী হয়ে গেছে। গ্রামে ফিরে এসে সে তার শেখা শব্দগুলো যেখানে-সেখানে ব্যবহার করতে শুরু করল। কখন, কীভাবে শব্দগুলো প্রয়োগ করতে হয় সে তা বোঝার চেষ্টা করল না। সে মনে করত, এই তিনটি শব্দই যথেষ্ট। তার এই ভুল ধারণা একসময় তাকে এক গভীর সমস্যার মধ্যে ফেলে দিল।

 

একদিন রাতে গ্রামের এক ধনী ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরদিন সকালে পুলিশ তদন্তের জন্য গ্রামে আসে এবং সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। পুলিশ যখন ওই লোকটির কাছে জানতে চাইল, সে চুরির বিষয়ে কিছু জানে কিনা, তখন সে আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিল, ‘হ্যাঁ’। এতে পুলিশ বিস্মিত হলো এবং তাকে বিস্তারিত বলতে বলল। কিন্তু এবার সে বলল, ‘না’। পুলিশের সন্দেহ আরও বাড়ল। তারা ভাবল, সে হয়তো চুরির সঙ্গে জড়িত বা চোরকে রক্ষা করার চেষ্টা করছে। তারা যখন তাকে থানায় নিয়ে যেতে চাইল, তখন সে হাসিমুখে বলল, ‘খুব ভালো’। পুলিশ সন্দেহের ভিত্তিতে তাকে থানায় নিয়ে গেল এবং কিছু না বুঝেই সে একই তিনটি শব্দ বলতে থাকল। পুলিশ তার কথাবার্তায় আরও বিভ্রান্ত হলো এবং শেষে তাকে অপরাধী মনে করে কারাগারে পাঠিয়ে দিল। অসম্পূর্ণ জ্ঞানের পরিণতি যে কতো ভয়ানক হতে পারে এই গল্পটি আমাদের তাই শেখায়। প্রকৃত শিক্ষা তখনই কার্যকর হয়, যখন তা সঠিকভাবে বোঝা এবং প্রয়োগ করা যায়। জ্ঞানের সামান্য অংশ শিখে নিজেকে সম্পূর্ণ জ্ঞানী মনে করা অনেক সময় মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়ায়। জীবন, ধর্ম, দর্শন কিংবা বিজ্ঞানের যে কোনো ক্ষেত্রে অল্প জ্ঞান কখনোই যথেষ্ট নয়। বরং এটি বিভ্রান্তি ও ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে। তাই শেখার প্রবণতা থাকা ভালো। তবে সাথে সাথে এটাও মনে রাখতে হবে যে জ্ঞানের বা শেখার পূর্ণতা না পাওয়া পর্যন্ত আত্মতুষ্টি বা অহংকার বোধ করা উচিত নয়। গভীর অধ্যয়ন, পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে প্রকৃত জ্ঞান অর্জন করাই সবার লক্ষ্য হওয়া উচিত।

 

অল্প বিদ্যার বিপজ্জনকতা বাস্তব জীবনের অনেক ঘটনায় প্রকাশ পায়। যেমন, কোভিড-১৯ মহামারির সময় দেখা গেছে, ভুয়া ও ভুল তথ্যের ওপর ভিত্তি করে অনেক মানুষ সিদ্ধান্ত নিয়েছে, যা তাদের ও অন্যদের জন্য ক্ষতিকর হয়েছে। বিজ্ঞানসম্মত গবেষণা এড়িয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অপপ্রচার বিশ্বাস করায় অনেকেই ভুল চিকিৎসা গ্রহণ করেছে বা টিকা নেওয়া থেকে বিরত থেকেছে। একইভাবে, জলবায়ু পরিবর্তনের বিষয়েও ভুল তথ্য ও ষড়যন্ত্র তত্ত্ব অনেক মানুষকে প্রকৃত সত্য থেকে দূরে সরিয়ে রেখেছে, যার ফলে পরিবেশ রক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিলম্ব হচ্ছে।

সক্রেটিস বলেছিলেন, "আমি জানি যে আমি কিছুই জানি না।" এই বিনয়ী দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় যে প্রকৃত জ্ঞানী ব্যক্তি সর্বদা শেখার জন্য উন্মুক্ত থাকেন। অ্যালেকজান্ডার পোপের বিখ্যাত উক্তি, "অল্প বিদ্যা ভয়ঙ্কর জিনিস," আমাদের মনে করিয়ে দেয় যে খণ্ডিত বা অসম্পূর্ণ জ্ঞান আত্মবিশ্বাস বাড়ালেও তা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে। বুদ্ধ বলেছিলেন, "বিশ্বাস করো না কেবল শোনা বা পড়ার ভিত্তিতে, বরং নিজের অভিজ্ঞতা ও বিশ্লেষণের মাধ্যমে সত্যকে জানো।"সমাজ, ধর্ম, রাজনীতি, বিজ্ঞান—সবক্ষেত্রে যদি আমরা অর্ধসত্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেই, তাহলে তা ধ্বংসাত্মক হতে পারে। আমাদের উচিত প্রতিটি বিষয়ে গভীরভাবে অনুধাবন করা, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তা করা এবং সত্যিকারের জ্ঞান অর্জনের চেষ্টা করা, যাতে আমরা নিজেদের ও সমাজের কল্যাণে অবদান রাখতে পারি।

 

আজকের বিশ্ব এক অদ্ভুত দ্বৈততার মধ্য দিয়ে চলছে—মানুষ জ্ঞান অর্জনের চেয়ে নিজেকে জ্ঞানী হিসেবে প্রমাণ করায় বেশি আগ্রহী। অনেকেই পড়তে চায় না, কিন্তু লেখার প্রবল ইচ্ছা রাখে; শিখতে চায় না, কিন্তু বলার জন্য মুখিয়ে থাকে। এই প্রবণতা সমাজে এক ধরনের বিভ্রান্তির সৃষ্টি করেছে, যেখানে মানুষ নিজেকে বিশেষজ্ঞ ভেবে ভুল সিদ্ধান্ত নেয় এবং সেই ভুল ধারণাগুলো আরও ছড়িয়ে দেয়। উদাহরণস্বরূপ, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, অনেক মানুষ গবেষণা ছাড়াই বিজ্ঞান, ইতিহাস বা রাজনীতি নিয়ে মতামত দেয় এবং ভুল তথ্য প্রচার করে, যা সমাজে বিভ্রান্তি ছড়ায়। ধর্ম ও দর্শনের ক্ষেত্রেও এই সমস্যা প্রবলভাবে দেখা যায়। অনেক মানুষ তাদের ধর্মের নির্দিষ্ট কিছু দিক জানে, কিন্তু পূর্ণাঙ্গ বোঝাপড়ার অভাবে কুসংস্কার ও গোঁড়ামির শিকার হয়। কেউ ধর্মের কঠিন নিয়মগুলো অন্ধভাবে মেনে চলে, মানবিকতাকে ভুলে গিয়ে কঠোরতা প্রদর্শন করে। আবার কেউ আধ্যাত্মিকতার নামে বিভ্রান্তি ছড়ায় এবং অন্যদের ভুল পথে চালিত করে। এর ফলে সমাজে উগ্রবাদী, অ-সহিষ্ণুতা এবং বিভেদ বাড়ে। সাম্প্রতিক বিশ্বে বিভিন্ন ধর্মীয় সংঘাত এবং ভুল ব্যাখ্যার কারণে সংঘটিত সহিংসতা এই প্রবণতার প্রকৃষ্ট উদাহরণ। ধর্মের প্রকৃত অর্থ বোঝার পরিবর্তে অনেকেই খণ্ডিত ব্যাখ্যার ওপর ভিত্তি করে নিজেদের মত চাপিয়ে দিতে চায়, যা শান্তির পরিবর্তে সংঘর্ষ সৃষ্টি করে। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রেও এই সমস্যার দেখা মেলে। আধুনিক সমাজে অনেক মানুষ বৈজ্ঞানিক তথ্যের কিছু অংশ পড়ে সেটিকে চূড়ান্ত সত্য ধরে নেয়, অথচ গভীর বিশ্লেষণের অভাবে তারা ভুল সিদ্ধান্ত নেয়। সোশ্যাল মিডিয়ায় চোখ বুলালেই দেখা যায় এসব অর্ধ সত্য কিংবা সম্পূর্ণ ভুল তথ্য আর উপদেশের ছড়াছড়ি। যে নিজের সম্পর্কেও কোন জ্ঞান রাখে সে অন্যকে জ্ঞান বিতরণের পসরা সাজিয়ে বসে। যাদের কোন বিদ্যা নেই তারাই এসব ছাইপাঁশ আনন্দের সাথে গ্রহণ করে অন্যের সাথে জ্ঞান তর্কে লিপ্ত হয়। এমন পরিস্থিতি পরিবর্তনের একমাত্র উপায় হলো প্রকৃত জ্ঞান অর্জন করা এবং শেখার প্রক্রিয়াকে কখনোই অসম্পূর্ণ না রাখা। জ্ঞান তখনই কার্যকর হয়, যখন তা গভীরভাবে অনুধাবন করা হয় এবং যথাযথভাবে প্রয়োগ করা যায়। ইতিহাস সাক্ষী, ভুল তথ্যের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত অনেক যুদ্ধ, গণহত্যা এবং সামাজিক বিভাজনের জন্ম দিয়েছে। এমনকি বর্তমান বিশ্বেও ভুল বোঝাবুঝির কারণে জাতি, ধর্ম, এবং মতাদর্শ-গত সংঘাত বেড়ে চলেছে। তাই আমাদের উচিত প্রতিটি বিষয়ে গভীর অধ্যয়ন, চিন্তাশীলতা এবং বিশ্লেষণের মাধ্যমে প্রকৃত জ্ঞান অর্জনের চেষ্টা করা, যাতে আমরা আরও সচেতন ও সুবিবেচক মানুষ হয়ে উঠতে পারি এবং একটি শান্তিপূর্ণ ও যুক্তিনিষ্ঠ সমাজ গড়ে তুলতে পারি।

 

অল্প জ্ঞান নিয়ে আত্মতৃপ্ত হওয়া, সত্যকে জানার আগেই মতামত দেওয়া এবং শেখার চেয়ে বলার আগ্রহ সমাজে এক ধরনের অন্ধত্ব সৃষ্টি করে। আজকের বিশৃঙ্খল বিশ্বে এটি আরও প্রকট হয়ে উঠেছে। মানুষ গভীর অধ্যয়নের পরিবর্তে নিজেদের বিশ্বাসের পক্ষে সামান্য কিছু তথ্য পেলেই তৃপ্তি বোধ করে, বিরোধী মতকে প্রত্যাখ্যান করে, এবং সত্যের অনুসন্ধানকে অবহেলা করে। এই প্রবণতা শুধু ব্যক্তির বুদ্ধিবৃত্তিক বিকাশকে ব্যাহত করে না, বরং বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক বিপর্যয়ের কারণ হয়। প্লেটো বলেছিলেন, "অজ্ঞতা মনের রোগ," এবং এই রোগের প্রকোপ বাড়লে সমাজে সত্যের অপলাপ ঘটে, যুক্তির জায়গায় আবেগ ও উগ্রতা স্থান পায়। তাই আমাদের উচিত সত্যিকারের শিক্ষা গ্রহণ করা, খণ্ডিত সত্যের পরিবর্তে পরিপূর্ণ জ্ঞান অর্জনের প্রচেষ্টা চালানো এবং চিন্তার গভীরতায় পৌঁছানো। জ্ঞানের প্রকৃত অর্থ কেবল কিছু তথ্য মুখস্থ করা নয়, বরং সেটিকে যথাযথভাবে অনুধাবন করা এবং প্রয়োগ করার ক্ষমতাই প্রকৃত শিক্ষা। শেখার পথ কখনোই শেষ হয় না, তাই আত্মতৃপ্তির বৃত্ত থেকে বেরিয়ে, অনুসন্ধান ও বিশ্লেষণের অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলেই আমরা একটি সুস্থ, শান্তিপূর্ণ এবং যুক্তিবাদী সমাজ গড়তে পারব, যেখানে সত্য বিকৃত হবে না, বরং সেটিই আলো হয়ে পথ দেখাবে।

 

Leave your review