শিক্ষা কি শুধুই সার্টিফিকেটের জন্য?


আমরা আজ যে বিশ্বে বসবাস করছি তা বেশ অন্যরকম, এক অচেনা এবং খুব ভয়ানক এক বিশ্ব। অন্যরকমতো বটেই, কারণ এখানে জনজীবন, সমাজ ব্যবস্থা, সামাজিক চিন্তা-চেতনার বিষয়গুলো যেন উল্টোপথে চলছে। আর এই কারণেই যারা সৎ পথে চলে অভ্যস্ত, সোজা পথে চলতে চায়, জীবনে চলার পথে নান্দনিকতার ধারনাকে যারা মনে প্রাণে ধারণ, লালন এবং পালন করেন তাদের কাছে এ বিশ্বটাকে অপরিচিত ও অস্বাভাবিক বলে মনে হয়। আর ভয়ানক? এই বিশ্বায়নের যুগে, তথাকথিত গণতন্ত্র, বাক-স্বাধীনতা আর মানবাধিকারের নামে পৃথিবী এক অস্থিতিশীল, অনিশ্চিত এবং দুর্বৃত্যায়নের পথে হাঁটছে। সবাই যেন শর্টকাটের প্রতিযোগিতায় মেতে উঠেছে। শিক্ষা এখন সমাজের অনেকের কাছে গুরুত্বহীন হয়ে দাঁড়িয়েছে। সিরিয়াসলি পড়াশোনা না করে কিভাবে ডিগ্রি বা সার্টিফিকেট পাওয়া যায় তা নিয়েই বেশীর ভাগ শিক্ষার্থী ব্যতি ব্যস্ত। আর সেটাই পরিলক্ষিত হচ্ছে আমাদের সমাজে। এখন সমাজের অধিকাংশই জীবনে সফলতার প্রতীক হিসেবে উচ্চশিক্ষা কিংবা সার্টিফিকেট অর্জন করাটাকে মনে করে। সমাজের অনেকেই মনে করেন যে এগুলোই জীবনের সফলতা। এগুলি কোনভাবে অর্জন করতে পারলেই জীবনের পথ যেন সহজ হয়ে যাবে।  চাকুরীর পথ উন্মুক্ত হয়ে যাবে। তাই প্রশ্ন জাগে এই ডিগ্রি বা সার্টিফিকেটগুলোই কি একটি মানুষের সত্যিকারের সাফল্যে কিংবা সুস্থ, পরিশালীন মানুষ হওয়ার  প্রমাণ হিসেবে ব্যবহার করা উচিত? শিক্ষা যদি শুধু একটি টুকরো কাগজ হয়ে থাকে, তবে তা কি সত্যিকারের শিক্ষা হতে পারে? সমাজে অনেক সময় দেখা যায় যে উচ্চ শিক্ষিত ব্যক্তিরাও সমাজের ক্ষতি করার জন্য, নিজের স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য, তাদের শিক্ষা এবং দক্ষতাকে ব্যবহার করে থাকে। সমাজে এমন অসংখ্য লোক রয়েছেন যাদের উচ্চশিক্ষা থাকা স্বত্বেও স্বীয় স্বার্থ সিদ্ধির জন্য শিক্ষা ও মেধার অপব্যবহার করে সমাজকে কলুষিত করে যাচ্ছেন প্রতিনিয়ত। তারা সমাজের জন্য সত্যিই ক্ষতিকর নয় কি? তাদেরকে সত্যিকার অর্থে শিক্ষিত কিংবা নৈতিক, বিবেকবান এবং সমাজের জন্য উপকারী হিসেবে ভাবার কোন অবকাশ আছে কী?  তাই আমাদের অনুধাবন করা উচিত যে, সার্টিফিকেট অর্জন করাই শিক্ষার মূল উদ্দেশ্য নয়, বরং সত্যিকারের শিক্ষাই মানুষকে বিনয়ী, পরোপকারী, সংযত, ধৈর্যশীল এবং চরিত্রবান হতে সাহায্য করে। শিক্ষা মানুষকে মহৎ এবং নান্দনিক মূল্যবোধের বাতাবরণে সজ্জিত করে।

আমি ব্যক্তিগতভাবে শিক্ষকতার সঙ্গে যুক্ত প্রায় তিন যুগ হতে চললো। এই দীর্ঘ সময়ে দেখেছি, যে বেশিরভাগ শিক্ষার্থী শিক্ষায় আসে শুধুমাত্র একটি সার্টিফিকেট অর্জনের জন্য। তাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে তারা যে ডিগ্রি অর্জন করবে, সেটি শুধু চাকরি পেতে বা সামাজিক মর্যাদা বাড়াতে সাহায্য করবে—এবং এই সার্টিফিকেট বা ডিগ্রি কোনভাবেই তাদের জীবনের গভীরতা, মানবিকতা বা আধ্যাত্মিক উন্নতির দিকে পরিচালিত করবে না। এমনকি অনেক শিক্ষার্থী মনে করেন যে তাদের অর্জিত সার্টিফিকেটটি এক ধরনের পণ্য যা তারা জীবনে সুযোগ সুবিধা পাওয়ার জন্য বিক্রি করতে পারবে । এ ব্যাপারটি আমাকে গভীরভাবে চিন্তায় ফেলে। শিক্ষা আসলেই কি তাদের জীবনে কোনো গূঢ় উদ্দেশ্য নিয়ে আসে? নাকি বেশীরভাগ শিক্ষার্থীরা শুধু একটি সামাজিক মানদণ্ড অর্জনের জন্য অধ্যয়ন করছে? অথচ আমাদের সমাজে সত্যিকারের শিক্ষা সেই শক্তি হতে পারে, যা শুধু বাহ্যিক সাফল্যের দিকে নয়, বরং মানুষের অন্তর্গত বিকাশ এবং মানবিক মূল্যবোধকে জাগিয়ে তুলতে পারে।

শিক্ষা একসময় ছিল আত্মমুল্যায়ন, চিন্তা, সংস্কৃতি এবং আধ্যাত্মিক উন্নতির পথ। কিন্তু আধুনিক সমাজে এর অর্থ কিছুটা পরিবর্তিত হয়েছে। আজকাল, শিক্ষাকে অনেকেই শুধুই একটি সার্টিফিকেট অর্জনের মাধ্যম হিসেবে দেখে, যা পরবর্তী জীবনে চাকরি বা সামাজিক মর্যাদা অর্জনের সুযোগ করে দেয়। তবে, আসলেই কি শিক্ষা শুধুমাত্র সার্টিফিকেট অর্জনের জন্য? নাকি এর পিছনে আরও গভীর এবং বিশাল কোন উদ্দেশ্য রয়েছে? প্রশ্নটি যখন সামনে আসে, তখন এটি আমাদের চিন্তা এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে বাধ্য করে। শিক্ষা যদি শুধুই একটি সার্টিফিকেটের মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে তা আমাদের মানবিক ও আধ্যাত্মিক উন্নতির পথকে সংকুচিত করে ফেলে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য মানুষের ভিতরের চেতনাকে জাগ্রত করা, তাকে নতুন চিন্তা, নতুন ধারণা এবং নতুন দৃষ্টিভঙ্গির দিকে পরিচালিত করা। সার্টিফিকেট বা ডিগ্রি প্রাপ্তির জন্য শিক্ষা অর্জন করা অনেকটা স্বার্থপর উদ্দেশ্যে পৌঁছানোর মতো। কিন্তু প্রকৃত শিক্ষা শুধু তথ্য সংগ্রহ নয়, বরং মানুষের মনের গভীরে প্রবাহিত হওয়া এমন একটি প্রক্রিয়া যা তাকে আত্মপরিচয়, দয়া, ন্যায়, সৎ জীবন ও মানবিক মূল্যবোধের দিকে পরিচালিত করে। বিশ্বখ্যাত দার্শনিক সক্রেটিস একসময় বলেছিলেন, “যতটুকু জানি, তা হলো, আমি কিছুই জানি না।” তাঁর এই মন্তব্য শিক্ষা সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিকে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করে। তার মতে, প্রকৃত শিক্ষা কেবল তথ্য জানার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আত্ম-বিশ্লেষণের মাধ্যমে জীবনের আসল উদ্দেশ্য খোঁজা। এই দৃষ্টিভঙ্গির মাধ্যমে শিক্ষা একটি নিরন্তর অনুসন্ধান হয়ে ওঠে, যা শুধু জ্ঞান অর্জনের প্রক্রিয়া নয়, বরং জীবনের আসল প্রশ্নের উত্তর খোঁজার পথ।

ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও শিক্ষা শুধুমাত্র একটি সার্টিফিকেটের মধ্যে সীমাবদ্ধ নয়। বৌদ্ধধর্মে বলা হয়েছে, "জ্ঞান ও বোধির মাধ্যমে জীবনের আসল উদ্দেশ্য উপলব্ধি করা যায়।" এটি শিক্ষা সম্পর্কে আমাদের ধারণাকে আরও পরিপূর্ণ এবং গভীর করে তোলে। ইসলাম ধর্মে, পবিত্র কোরআনে বলা হয়েছে, "তোমরা আল্লাহর সৃষ্টির মধ্যে গভীরভাবে চিন্তা করো, যাতে তোমরা সঠিক পথ পেতে পারো।" এখানে শিক্ষা সম্পর্কে দেওয়া হচ্ছে একটি পূর্ণাঙ্গ নির্দেশনা, যেখানে এটি কেবলমাত্র দৈনন্দিন জীবনের সফলতার জন্য নয়, বরং আধ্যাত্মিক উন্নতি এবং সত্যের সন্ধানের পথ হিসেবে বিশদভাবে বিবেচিত হয়। হিন্দু ধর্মে, গীতার শিক্ষা আমাদের শিখায় যে, জীবন একটি ব্রহ্মান্দীয় অভ্যাস এবং মানবজীবনকে একাধারে শিক্ষার এবং আত্ম-বিশ্লেষণের মাধ্যমে অর্থপূর্ণ হতে হবে। গীতা শিক্ষা দেয় যে, জীবনের মূল উদ্দেশ্য হল আত্ম-সাক্ষাত, আত্ম-নিরীক্ষণ এবং নিজেকে সঠিক পথে পরিচালনা করা। এখানে, শিক্ষা কেবল একটি বাহ্যিক অর্জন নয়, বরং একটি অন্তর্গত অভ্যন্তরীণ যাত্রা যা মানুষের আত্মার উন্নতি ঘটায়। মহাত্মা গান্ধী শিক্ষা সম্পর্কে বলেছেন, "শিক্ষা এমন একটি শক্তি যা মানুষকে ভালোবাসা, সহানুভূতি এবং ন্যায়ের পথে পরিচালিত করে।" তাঁর দৃষ্টিতে, শিক্ষা যদি শুধুমাত্র সার্টিফিকেটের জন্য হয়ে থাকে, তবে তার প্রকৃত উদ্দেশ্য পূর্ণ হয় না। তিনি বিশ্বাস করতেন যে, শিক্ষা কেবল একটি বাহ্যিক অর্জন নয়, বরং মানবতাকে আরও সমৃদ্ধ, সৎ এবং ন্যায়পরায়ণ করার একটি হাতিয়ার। তাঁর মতে, শিক্ষা এমন একটি শক্তি যা ব্যক্তির মনকে মুক্ত করে, তাকে অন্যদের জন্য ভালো কিছু করতে অনুপ্রাণিত করে এবং সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনে।

রবীন্দ্রনাথ ঠাকুরও শিক্ষাকে মানবতার এক মহৎ কর্মকাণ্ড হিসেবে দেখেছেন। তিনি লিখেছেন, “শিক্ষা মানুষের অন্তরের মুক্তি ও শক্তির শক্তি।” তাঁর মতে, শিক্ষা হল এক অনন্ত যাত্রা, যা জীবনের প্রতিটি মুহূর্তকে ধ্যান ও আত্ম-বিশ্লেষণের মাধ্যমে মূল্যবান করে তোলে। রবীন্দ্রনাথের মতে, শিক্ষা কেবলমাত্র চাকরি বা বাহ্যিক সফলতার জন্য নয়, বরং এটি একজন ব্যক্তির আধ্যাত্মিক এবং মানবিক উন্নতির জন্য হওয়া উচিত। তার সাহিত্য ও দর্শন আমাদের শেখায় যে, আসল শিক্ষা মানুষের অন্তরে বাস করা প্রেম, সহানুভূতি এবং ন্যায়ের প্রতীক হতে হবে। আজকের পৃথিবীতে, আমরা দেখছি যে শিক্ষা এখনও অনেকাংশে চাকরি ও অর্থনৈতিক সচ্ছলতার দিকে নির্দেশিত। বিভিন্ন দেশে, শিক্ষা ব্যবস্থার একটি বড় অংশ মান্যতা পায় স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রির মাধ্যমে, যা চাকরি পাওয়ার মুখ্য মাধ্যম হিসেবে গণ্য হয়। তবে, এই জাতীয় শিক্ষা কখনো কখনো মানুষের মনের গভীরতা এবং মানবিক মূল্যবোধের দিকে তেমন দৃষ্টি দেয় না। বর্তমান প্রজন্মের মাঝে অনেকেই সার্টিফিকেট অর্জনকেই প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করে। আর এই কারণেই তাদের মধ্যে বাস্তব জীবনের উদ্দেশ্য এবং সমাজের প্রতি দায়বদ্ধতার ব্যাপারটি গৌণ হিসেবে বিবেচিত হয়। যদি আমরা শুধুমাত্র সার্টিফিকেটের দিকেই বেশী মনযোগ দেই, তাহলে আমরা শিক্ষার মূল উদ্দেশ্যই ভুলে যাব। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে শিক্ষা একটি চলমান প্রক্রিয়া, যা কেবলমাত্র ব্যক্তিগত অর্জন বা বাহ্যিক সফলতার দিকে সীমাবদ্ধ নয়। প্রকৃত শিক্ষা মানুষের মনের উন্মোচন, মানবিক উন্নতি এবং আধ্যাত্মিক শান্তির দিকে পরিচালিত করতে পারে। এটি মানবজাতির প্রকৃত কল্যাণের জন্য সহায়ক হতে পারে এবং বিশ্বকে একটি সুন্দর, ন্যায্য এবং সুশৃঙ্খল সমাজে পরিণত করতে সাহায্য করতে পারে। শিক্ষা যদি সত্যিকারভাবে আত্ম বিশ্লেষণ, মানবিক মূল্যবোধ, এবং আধ্যাত্মিক উন্নতির পথকে উন্মোচিত করে, তবে তা শুধুমাত্র সার্টিফিকেটের জন্য নয়, বরং মানবজাতির কল্যাণের জন্য হবে। পৃথিবীকে বুঝতে, আত্ম-উন্নতি সাধন করতে এবং মানবিক মূল্যবোধে বিশ্বাস রেখে এক সুন্দর জীবন গড়তে হলে শিক্ষা কখনোই শুধুই সার্টিফিকেটের জন্য হতে পারে না। তা মানুষের বোধ, চিন্তা ও অনুভূতির পরিপূর্ণ বিকাশের মাধ্যম হওয়া উচিত, যা একেকজন মানুষকে তার সামর্থ্য এবং পরিপূর্ণতা অর্জনের দিকে প্রেরিত করবে।

আমাদের শিক্ষাব্যবস্থা ও সমাজে একটি পরিবর্তন আনা প্রয়োজন, যেখানে শিক্ষার লক্ষ্য শুধু সনদ উপার্জন নয়, বরং মানবিক মূল্যবোধ, নৈতিকতা এবং আধ্যাত্মিক উন্নতি অর্জন করা। আমরা যদি সত্যিই চাই যে আমাদের সমাজ আরও সুশৃঙ্খল, ন্যায়পরায়ণ এবং সহানুভূতিশীল হোক, তবে আমাদেরকে শিক্ষা সম্পর্কে একটি নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে, যেখানে শিক্ষার আসল উদ্দেশ্য হবে মানুষের কল্যাণ এবং শ্রীবৃদ্ধি, শুধু ব্যক্তিগত সাফল্য নয়। আজকের সমাজে আমরা যেভাবে শিক্ষা এবং ডিগ্রিকে শুধুমাত্র চাকরি বা সামাজিক মর্যাদা অর্জনের মাধ্যম হিসেবে মূল্যায়ন করি, তা শিক্ষার প্রকৃত উদ্দেশ্যকে সীমাবদ্ধ করে দেয়। শিক্ষা এমন এক শক্তি, যা মানুষকে শুধু জ্ঞানী করে না, বরং নৈতিক ও সদাচারী হওয়ার জন্য উদ্বুদ্ধ করে। এটি একটি চলমান প্রক্রিয়া, যা আমাদের চিন্তা, অনুভূতি এবং আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আজকের এই বিশ্বায়নের বহু মাত্রিক চ্যালেঞ্জিং এবং জটিল বিশ্বে প্রকৃত শিক্ষার প্রয়োজন খুব বেশী। শিক্ষার মাধ্যমে যদি আমরা নিজের এবং সমাজের প্রতি দায়বদ্ধতা অনুভব করতে পারি, তবেই আমরা প্রকৃত শিক্ষিত হিসেবে বিবেচিত হব। শিক্ষা একটি আলো, যা শুধু পথ দেখায় না, বরং আমাদের অন্তরের অন্ধকার দূর করে এক নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করে। তাই প্রতিটি সমাজের উচিত শিক্ষার গভীরতাকে উপলব্ধি করে এটিকে মানবিকতা, নৈতিকতা এবং আধ্যাত্মিকতার ভিত্তিতে এগিয়ে নিয়ে যাওয়া যেখানে গড়ে উঠবে একটি বলিষ্ঠ নৈয়িক এবং উন্নত জনগোষ্ঠী।

Leave your review